এক সময় গ্রামবাংলার জনপদে প্রবাদ ছিল ‘জলে কুমির, ডাঙ্গায় বাঘ’। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে জলে ও স্থলে দস্যু। সাগরে গেলে ডাকাত, বনেও ডাকাত। জেলেরা যতটা না বনের বোবা হিংস্র প্রাণী বাঘকে ভয় পায়, তার চেয়ে বেশি ভয় পায় মানুষরূপী ডাকাত দলকে। গত ১৫ দিনে সুন্দরবনের দুবলারচর সংলগ্ন বিভিন্ন অঞ্চল থেকে অনেক জেলেকে দস্যুরা অপহরণ করেছে। তাদের কব্জায় কমপক্ষে শতাধিক জেলে আটক রয়েছে। গত সপ্তাহে রাতে ২০ জেলেকে অপহরণের সময় দস্যুরা তাদের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নম্বর দিয়ে গেছে।
এখন পর্যন্ত ২০ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এসব জেলের ধৃত মাছ দিয়ে নানারকমের মুখরোচক শুঁটকি তৈরি করা হয়, যা দেশীয় চাহিদা মিটিয়ে চলে যায় আন্তর্জাতিক বাজারে। অপহৃত জেলেদের পরিবার উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন তাদের ফিরে আসার জন্য। আইনশৃঙ্খলা বাহিনী এখনো তাদের পরিবারকে কোনো আশার বাণী শোনাতে পারেননি, যা দুঃখজনক। সুন্দরবন ও সাগরে নিরাপত্তা না থাকায় বনদস্যুদের হাতে অপহরণের আতঙ্কে দুবলার চরের দশ সহস্রাধিক জেলে দুই সপ্তাহ থেকে সন্ধ্যায় সাগর ও সুন্দরবনের নদীতে মাছ ধরা বন্ধ রেখে চরে অলস সময় কাটাচ্ছেন। মৌসুমের শেষে শূন্যহাতে বাড়ি ফেরার দুশ্চিন্তায় আছেন। অন্যদিকে বন বিভাগের রাজস্ব ঘাটতির আশঙ্কাও প্রবল।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, বনদস্যু আতঙ্কে তাদের স্টেশন অফিস থেকে কোনো জেলে সুন্দরবনে মাছ ধরার পাশ নিচ্ছেন না। এর ফলে মাসিক রাজস্বের টার্গেটে বড় ধরনের প্রভাব পড়ছে। ইদানীং সুন্দরবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো তৎপরতা না থাকায় জলদস্যুরা বেপরোয়া হয়ে পড়েছে। গত সপ্তাহে দস্যুদের বেদম প্রহারে গুরুতর আহত হয়ে চার জন জেলে রামপাল হাসপাতালে ভর্তি হয়েছেন। ২০১৮ সালে তৎকালীন সরকার সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছিল। তখন থেকে জেলেরা নিরাপদে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিল। জেলেরা সাগরে ও সুন্দরবনে মাছ ধরতে না যাওয়ায় সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারের মুদি দোকানিদের বেচাকেনা প্রায় বন্ধ। দুবলার চরের জেলেরা জানায়, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কিছুটা শিথিল থাকায় সুন্দরবনে দস্যুরা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। পূর্ব বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনে বনদস্যুদের অতৎপরতা বৃদ্ধি পাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বনরক্ষীরা জেলেদের নিরাপত্তায় কাজ করছেন। কিন্তু জেলেদের সূত্র জানায়, এর কোনো প্রভাব দৃশ্যমান নয়। সম্প্রতি নতুন নির্বাচিত সরকার শপথ নিয়েছে। আমরা আশা করব জলদস্যু কিংবা বনদস্যুদের অত্যাচার-অপহরণ মোকাবিলায় স্থানীয় পুলিশ প্রশাসন দৃঢ় পদক্ষেপ নেবে জেলেদের স্বার্থে। ভুলে গেলে চলবে না, এই মৎসজীবী সম্প্রদায়ই রাজস্ব আহরণে রাখছে অনন্য ভূমিকা।
