চাঁদা না দেওয়ায় রপ্তানিমুখী একটি শিল্পপ্রতিষ্ঠানে দিবালোকে ভাঙচুর, শ্রমিকদের মারধর এবং কোটি টাকার পণ্য লুট- এমন ঘটনা একটি সভ্য সমাজে লজ্জাজনক, নিরাপদ ও টেকসই শিল্প প্রতিষ্ঠায় চরম অন্তরায়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজধানীর অদূরে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ঘটে যাওয়া বিএলও ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজে হামলা ও লুটপাটের ঘটনা শুধু একটি কারখানার ওপর আক্রমণ নয়, এটি শিল্পায়ন, আইনের শাসন এবং রাষ্ট্রের মর্যাদার ওপর সরাসরি চ্যালেঞ্জ।

একজন শারীরিক প্রতিবন্ধীর কারখানায় উৎপাদিত জিআই তার রপ্তানি হয় সুইজারল্যান্ড, জার্মানিসহ ১২টি দেশে। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একদল দুর্বৃত্ত প্রথমে এককালীন ১০ লাখ টাকা ও পরে মাসিক ১ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি পূরণ না হওয়ায় সংঘবদ্ধ হামলা চালায় তারা। সিসিটিভি ভাঙা, ফটক-প্রাচীর গুঁড়িয়ে দেয়া। শুধু এখানেই শেষ নয়Ñ ট্রাকে করে যন্ত্রপাতি ও কাঁচামাল লুটে নেয়। আমরা মনে করি, এসব কোনো আকস্মিক ঘটনা নয়; এটি পরিকল্পিত পেশাদার সন্ত্রাসীদের কাজ। সবচেয়ে শঙ্কার বিষয়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে সময় নেয় ২ ঘণ্টা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন বিলম্ব জনমনে প্রশ্ন তোলে, রাষ্ট্র কি তবে শিল্পোদ্যোক্তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ? এ ঘটনায় উঠে এসেছে স্থানীয় বিএনপি নেতাদের নাম। অভিযুক্তরা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা দাবি করেছেন কারখানায় পরিবেশদূষণকারী কার্যক্রম চলছে। যদি সত্যিই পরিবেশগত অভিযোগ থেকে থাকে, তবে এর সমাধানে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দাখিলসহ রয়েছে পুলিশ প্রশাসন ও আইনি কাঠামো। শাবল, লাঠি নিয়ে সন্ত্রাসী আক্রমণ কিংবা ট্রাকে মালামাল লুট নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। এ প্রবণতা নতুন নয়, কিন্তু প্রতিবারই তা দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে বেপরোয়া হয়ে ওঠে। আরও উদ্বেগজনক হলো, মামলার প্রক্রিয়া নিয়ে বিতর্ক। বাদীর দাবি, একজন প্রভাবশালীর নাম এজাহার থেকে বাদ দিতে চাপ দেওয়া হয়েছে।

পুলিশ বলছে, এমন কিছু হয়নি। সত্য যাই হোক, এই দ্বন্দ্বই প্রমাণ করে যে, জনমনে আস্থার সংকট কতটা গভীর। আমরা মনে করি, আইনের প্রয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত না হলে শিল্পাঞ্চলে নিরাপত্তাহীনতা আরও বাড়বে। এভাবে চলতে থাকলে দেশি-বিদেশি কোনো বিনিয়োগকারীই বাংলাদেশে অর্থায়ন করতে সাহস পাবে না। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন প্রতিরোধে শূন্যনীতি ঘোষণা দিয়েছেন, যা অত্যন্ত আশাব্যঞ্জক। নোয়াগাঁও ও আশপাশে গড়ে ওঠা হালকা প্রকৌশল ও উৎপাদনমুখী শিল্প বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। শিল্পাঞ্চলে যদি চাঁদাবাজির দাপট বাড়ে, বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেবে। ফলে কর্মসংস্থান কমবে; ক্ষতিগ্রস্ত হবে সার্বিক অর্থনীতি। এসব পেশাদার সন্ত্রাসী, চাঁদাবাজদের অপকর্মের ফলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। সরকারকে কঠোর দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।