বাংলাদেশে দারিদ্র্য ও বৈষম্য বিশ্লেষণ, সমৃদ্ধির পথে অগ্রযাত্রা শীর্ষক এক প্রতিবেদনে বিশ্বব্যাংক বাংলাদেশে দারিদ্র্যের হারের নতুন হিসাব দিয়েছে, যা প্রকাশিত হয়েছে গত মঙ্গলবার। অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকার বিশ্বব্যাংক অফিস এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিপিআরসি)। প্রতিবেদনে বলা হয়েছে যে, দারিদ্র্য কমানোর ক্ষেত্রে উল্টো পথে হাঁটছে বাংলাদেশ। ইতোপূর্বে বাংলাদেশ দারিদ্র্য কমানোর দিক থেকে সুনাম কুড়িয়েছিল বিশ্বে। সর্বশেষ খানা আয়-ব্যয় জরিপে ২০২২ সালে সার্বিক দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। গত ৪ বছর ধরে দেশে দারিদ্র্যের হার বাড়ছে। বিশ্বব্যাংকের অনুমিত হিসাবে, ২০২৫ সালে দারিদ্র্যের হার হতে পারে ২১ শতাংশের কিছু বেশি।
বর্তমানে দেশে দরিদ্র মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লাখ। দেশের জনসংখ্যার বড় একটি অংশ দারিদ্র্য সীমার কিছুটা ওপরে থাকে। তারা উচ্চ মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের অভাবে দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বিশ্বব্যাংকের হিসেবে ২০২২ সালে সংখ্যাটি ছিল ৬ কোটি ২০ লাখ।\r\nবিশ্বব্যাংকের হিসাব মূলত প্রাক্কলন, যা করা হয়েছে মাইক্রো-সিমুলেশন মডেল নামের একটি পদ্ধতি ব্যবহার করে। মূলত শ্রমবাজারের গতিশীলতা, প্রবাসী আয় এবং সরকারের ভর্তুকি ব্যয়কে ভিত্তি ধরে এই মডেলে দারিদ্র্যের হার পর্যালোচনা করা হয় বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের এই বিশ্লেষণ দেখায় যে, এটি কোন আকস্মিক পতন নয়, এটাই বাস্তবতাÑ দারিদ্র্য বেড়েছে।
সর্বোপরি দেশে যে ইতোমধ্যে দারিদ্র্য বেড়েছে, সেটি বিভিন্ন দেশীয় গবেষণা সংস্থার প্রতিবেদনেও উঠে এসেছে। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে বর্তমানে মাসিক মাথাপিছু আয় ২ হাজার ৭৫০ টাকা হলে নিম্ন দারিদ্র্যসীমা এবং ৩ হাজার ৮৩২ টাকা হলে মোট দারিদ্র্যসীমা ধরা হয়। পিপিআরসির এক গবেষণায় বলা হয়েছে ২০২৫ সাল নাগাদ সার্বিক দারিদ্র্য বেড়ে দাঁড়াতে পারে ২৭ দশমিক ৩ শতাংশ। \r\nবিশ্বব্যাংক এও বলেছে যে, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি বাংলাদেশের দারিদ্র্য ও আঞ্চলিক বৈষম্য কমানোর ক্ষেত্রে অর্জিত সাফল্য হুমকির মুখে ফেলতে পারে। জলবায়ু পরিবর্তনে ২০৫০ সাল নাগাদ এক কোটি ৩০ লাখ মানুষের বাস্তুচ্যুত হতে পারে। তদুপরি কৃষিখাতে জিডিপি (মোট দেশজ উৎপাদন) কমিয়ে দিতে পারে প্রায় এক-তৃতীয়াংশ পর্যন্ত। সংস্থাটির মতে, বন্যা ও খরা গ্রামীণ পরিবারের ওপর প্রভাব ফেলে অসামঞ্জস্যভাবে। এসব অভিঘাত থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তাদের সামর্থ্য অনেকটাই নির্ভর করে স্থানীয় অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক সহায়তার ওপর।\r\nদারিদ্র্য কমানোর গতি বাড়াতে ৪টি সুপারিশ করেছে বিশ্বব্যাংক। প্রথমত, উৎপাদনশীল খাতে কর্মসংস্থানের ভিত্তি মজবুত করা। দ্বিতীয়ত, দারিদ্র্য ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য শোভন কর্মসংস্থানের ব্যবস্থা, তৃতীয়ত, গ্রামের দরিদ্রদের জন্য কার্যকর বাজার ব্যবস্থা গড়ে তোলা এবং চতুর্থত, সমতাভিক্তিক ও দক্ষ রাজনীতির মাধ্যমে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধি। বর্তমান অন্তর্বর্তী সরকার এবং আগামীতে নির্বাচিত সরকার বিশ্বব্যাংকের সুপারিশ আমলে নিয়ে দারিদ্র্য নিরসনে জরুরি দৃষ্টি দেবে বলেই প্রত্যাশা।
