দুর্নীতি দমন কমিশনের (দুদক) যেসব কর্মকর্তা দুর্নীতির তদন্তে সম্পৃক্ত, আলাদা করে তাদের সম্পদের হিসাব দিতে হবে। পাশাপাশি দুদকের কাজের প্রতিবেদন এখন থেকে ছয় মাস পরপর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এমন বিধান রেখে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। উল্লেখ্য, দুর্নীতি কমানোর লক্ষ্যে এবং দুদককে আরও শক্তিশালী করতে সরকার একটি সংস্কার কমিশন গঠন করেছিল। ওই কমিশনের বেশ কিছু সুপারিশের ভিত্তিতে দুদক আইন সংশোধন অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে। এখন দুর্নীতি দমন কমিশন হবে পাঁচ সদস্যের।

তাদের মধ্যে একজন ব্যক্তি থাকবেন তথ্যপ্রযুক্তিতে অভিজ্ঞ। কেননা, দেশ যত ক্যাশলেস হচ্ছে, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধ তত বাড়ছে। এছাড়া একজন নারী সদস্যও থাকবেন। \r\nদেশ যেন সীমাহীন দুর্নীতির আবর্তে নিমজ্জিত। দুর্নীতির অবস্থান দেশের প্রায় সর্বত্রই পরিলক্ষিত হয়। সাম্প্রতিককালে বাংলাদেশের অবস্থান হয়েছে বিশ্বের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশের সারিতে। সরকার দুর্নীতি দমন কমিশন গঠন করেছে দুর্নীতি নিয়ন্ত্রণে রাখতে। কিন্তু বিগত সরকারগুলোর আমলে এই প্রতিষ্ঠানেই দুর্নীতির ভূত ঘাপটি মেরে থাকতে দেখা গেছে। অসহায় মানুষ যে প্রতিষ্ঠানের মাধ্যমে ন্যায়বিচার আশা করে, বাস্তবে কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর ঘুষ লেনদেনসহ নানা অনিয়মে প্রতিষ্ঠানটি নিজেই নানা সমস্যায় জর্জরিত।

দুর্নীতির ভয়াবহ ছোবলে দেশের মানুষ রীতিমতো অতিষ্ঠ। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, প্রশাসন, বিচার বিভাগ সবকিছুকেই কলুষিত করেছে সর্বগ্রাসী দুর্নীতি। দুর্নীতির ফলে দেশের প্রত্যাশিত উন্নয়ন সার্বিকভাবে ব্যাহত হচ্ছে, লুণ্ঠিত হচ্ছে দেশের মূল্যবান সম্পদ, ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে সেগুলো পাচার করা হচ্ছে বিদেশে। জনগণের দুঃখ ও দারিদ্র্যের অবসান তো দূরের কথা, তা ক্রমেই বেড়ে চলেছে। সৃষ্টি হচ্ছে বিপুল ধনবৈষম্য। আজকাল বিভিন্ন দাতাদেশ এবং সংস্থার পক্ষ থেকেও দুর্নীতিকে বাংলাদেশের উন্নয়নের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। \r\nদেশে দুর্নীতি প্রতিরোধে শক্তিশালী আইনের শাসন এবং আর্থিক লেনদেনসহ সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা চাই। এজন্য সঠিক শিক্ষা এবং নৈতিকতার পাশাপাশি নাগরিক সমাজে দুর্নীতিবিরোধী সচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে দুদকসহ সকল প্রতিষ্ঠানে সর্বগ্রাসী দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত ও কঠোর অভিযান চালানো চাই। দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ যথাযথভাবে কার্যকর করা সম্ভব হলে নানা অনৈতিক প্রলোভনের মাধ্যমে দুদকের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ক্রিয় করার সুযোগ কমে আসবে অনেকাংশে। সেই সঙ্গে দুদক চেয়ারম্যান সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ চালিয়ে গেলে দুর্নীতিবাজ ব্যক্তি ও সংস্থা বাধ্য হয়ে সংযত হবে বলেই প্রত্যাশা।