ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার আংশিক প্রত্যাবর্তন ঘটেছে। এই নির্বাচনের ফলাফল প্রত্যাশিত ও স্বাভাবিক ছিল। এর মানে হচ্ছে, নির্বাচনে জনমতের যথার্থ প্রতিফলন ঘটেছে। চরম ফ্যাসিবাদী আওয়ামী দু:শাসনে জর্জরিত ও নিপীড়িত বিএনপি ও জামায়াত যথাক্রমে সরকার গঠন ও সংসদে বিরোধীদলের আসন লাভ করেছে। সংসদীয় গণতন্ত্রে বিরোধীদলও সরকারেরই অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। গত পঞ্চাশ বছরে বিভিন্ন সময়ে বিএনপি জোটবদ্ধ হয়ে সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনা করলেও জামায়াত এবারই প্রথম বিরোধীদলের আসনে বসতে সক্ষম হয়েছে। তবে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের শরিক হিসেবে জামায়াতও সরকারের অংশীদার ছিল।
এরপর ১৭ বছর ধরে এই শরিক দলের নেতাকর্মীরা নিপীড়ন-নির্যাতন, গুম-খুন ও জুডিসিয়াল কিলিং ও মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে পর্যুদস্ত হয়েছে। তাদের সাংগঠনিক কার্যক্রম, বাক স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা, এমনকি স্বাভাবিক মানবিক অধিকার নিয়ে বেঁচে থাকার ন্যুনতম নিরাপত্তাও রাষ্ট্র কেড়ে নিয়েছিল। চব্বিশের আগস্টে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মাত্র তিনদিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। স্বৈরাচারি শাসকের সেই সিদ্ধান্ত ছাত্রদের আন্দোলনে যেন ঘৃত সঞ্চার করেছিল। জামায়াতের ছাত্র সংগঠন ইসলামি ছাত্রশিবির আগে থেকেই আন্দোলনে অনুঘটকের ভূমিকা পালন করলেও জামায়াত নিষিদ্ধের পর তারা অঘোষিতভাবে মরিয়া হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি ভিত্তিক নেতৃত্ব ও নির্দেশনা দিলেও দেশে অবস্থানরত দলের শীর্ষ নেতাদের কারো কারো কিছুটা বিভ্রান্ত ও আপসকামী ভূমিকার কারণে দলের কর্মীরাও সুসংগঠিত ও পরিকল্পিত ভূমিকা গ্রহণে ব্যর্থ হয়েছিল। তবে দেশের বৃহত্তম জনসমর্থিত রাজনৈতিক দলের নেতাকর্মী হিসেবে সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জুলাই আন্দোলনের অন্যতম অংশীদার ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। মূলত চব্বিশের ৩ আগস্টে অনুষ্ঠিত সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের ডাকা বৈঠকে সেনাবাহিনীর মধ্য ও নি¤œসারির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পক্ষ থেকে গণবিরোধী অবস্থানে না যাওয়ার সিদ্ধান্তের কারণেই পুলিশি নির্মমতার বিরুদ্ধে রক্তাক্ত মানবপ্রাচীর ও জন¯্রােতের ঢেউ সৃষ্টি করে ৫ আগস্টের অভ্যুত্থান ঘটানো সম্ভব হয়েছিল। এমন ঘটনা এদেশে বারবার ঘটেছে। পচাত্তরের ১৫ আগষ্ট, ৭ নভেম্বর, নব্বইয়ের ৬ ডিসেম্বর এরশাদবিরোধী আন্দোলনে জনগণের বিজয় এবং চব্বিশের ৫ আগস্টে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সিপাহী-জনতার ঐক্যের ধারাবাহিক বিবর্তনেরই অংশ। বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তার অতন্দ্র প্রহরীই নয়, তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণেরও অন্যতম অংশীদার।
জুলাই-আগস্টের অভ্যুত্থানে বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ অংশগ্রহণ ও নেতৃত্ব না থাকলেও অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এই দুই দলই হয়ে ওঠে পরবর্তী রাজনৈতিক সংস্কার ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে রূপরেখা প্রণয়নের মূল শক্তি। তবে অভ্যুত্থানের ফসল নিজেদের পক্ষে নিতে এই বড় রাজনৈতিক দলের মনস্তাত্বিক লড়াই ও অর্ন্তবর্তী সরকারের উপর ন্যস্ত দায়িত্ব পালনে সহায়ক শক্তি হয়ে ওঠার বদলে তাদের পারস্পরিক বিচ্ছিন্নতা ও মতভিন্নতা প্রত্যাশিত পরিবর্তনের সম্ভাবনাকেই বড় ধরণের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছিল। গণভোট, সংবিধান সংস্কার এবং জুলাইসনদের মতো গুরুত্বপূর্ণ ইস্যু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সচরাচর আসেনা। এবার এক ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় এসব বিষয় ভোটের রাজনীতিতে মূল উপজীব্য হয়ে উঠেছিল।
তবে গণভোট নিয়ে শুরুতে বিএনপি-জামায়াতের মধ্যে মতভিন্নতা ও অস্বচ্ছতা থাকলেও শেষ তক তারেক রহমানের সরাসরি ঘোষণার মধ্য দিয়ে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে একপ্রকার জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। গণভোটের ফলাফলে তারই প্রতিফলন দেখা যায়। তবে বিএনপি কর্মীদের মধ্যে সৃষ্ট বিভ্রান্তি ও পতিত আওয়ামী লীগের সমর্থকদের প্রভাবে গণভোটে ৬৮ শতাংশ হ্যাঁ ভোটের বিপরীতে প্রায় ৩১ শতাংশ ‘না’ ভোট পড়েছিল।
ইতিপূর্বে বাংলাদেশে জিয়াউর রহমান ১৯৭৭ সালে তার ১৯ দফা সংস্কার ও রাজনৈতিক প্রস্তাবনার স্বপক্ষে আস্থা ও জনমত যাচাই করতে এবং ১৯৮৫ সালে হুসেইন মুহাম্মদ এরশাদের সামরিক শাসন অব্যাহত রাখা এবং জিয়ার অনুসরনে ১৮ দফা নীতির প্রতি জনসমর্থন আদায়ের লক্ষ্যে যে দু’টি গণভোট অনুষ্ঠিত হয়েছিল তার মধ্যে জিয়ার ১৯ দফার পক্ষে ৯৮.৯ শতাংশ এবং এরশাদের সামরিক শাসন ও ১৮ দফার পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছিল ৯৪.৪৭ শতাংশ। এরশাদের গণভোটকে হাসিনার রাতের ভোটের মতো পূর্ব নির্ধারিত বলেই আখ্যায়িত করা যায়। দলীয় ক্যাডাররা সিল মেরে বাক্সে ভরে গণনা করে ফলাফল প্রকাশ করা হয়েছিল। তবে জিয়াউর রহমানের গণভোটে মানুষের স্বতঃস্ফুর্ত সমর্থন ও অংশগ্রহণের বাস্তব প্রতিফলন ছিল বলেই মনে করা হয়। সেক্ষেত্রে ছাব্বিশের জাতীয় নির্বাচনের সাথে অনুষ্ঠিত গণভোটের ফলাফলকে অংশগ্রহণমূলক নতুন বাংলাদেশের প্রতিফলন হিসেবে গণ্য করা যায়। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বিবর্তিত নতুন বাংলাদেশ এখান থেকেই তার দ্বিতীয় ধাপের নবযাত্রা শুরু করেছিল। কিন্তু গণভোট ও জুলাইসনদের বাস্তবায়নের ক্ষেত্রে গতানুগতিক রাজনৈতিক ধারার মেরুকরণের যে চ্যালেঞ্জ রয়েছে, তা উত্তরণের মানসিকতা আত্মস্থ করা কোনো সহজ-স্বাভাবিক বিষয় নয়। আওয়ামীলীগ, ভারত এবং তাদের সুবিধাভুগী ও দোসররা বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় বিকশিত হতে দিতে চাইবে না। কিন্তু জুলাই অভ্যুত্থান আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদী রক্তচক্ষুকে উপেক্ষা করেই সামনে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে। এ দেশের মানুষ আর কোনো রাজনৈতিক শক্তির একক বলয়ের সীমারেখায় আবদ্ধ থাকতে চায়না। বৈষম্য নিরসন এবং ক্ষমতার ভরকেন্দ্রে রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠাই জুলাইসনদ ও গণভোটের আলোকে প্রস্তাবিত সংস্কারের মূল প্রত্যাশা।
বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ দুর্বৃত্তায়িত রাজনৈতিক বলয় থেকে মুক্তি চায় বলেই হাজার প্রাণের রক্তের বিনিময়ে চব্বিশের জুলাই-আগস্টে রাজপথে রক্তাক্ত প্রতিরোধের মধ্য দিয়ে বিজয় ছিনিয়ে এনেছিল। এটি হঠাৎ সংঘটিত কোনো রাজনৈতিক সংঘাতের ফলাফল নয়। এটি ছিল শেখ হাসিনার ১৬ বছর এবং সব মিলিয়ে দীর্ঘ চুয়ান্ন বছর ধরে চলা ভারতীয় আধিপত্যবাদের রাজনৈতিক-সাংস্কৃতিক ন্যারেটিভের বিরুদ্ধে দেশের মুক্তিকামী, গণতন্ত্রকামী মানুষের আত্মজাগরণের পথরেখা। একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পচাত্তরের আগস্ট ও নভেম্বরের বিপ্লব এবং নব্বইয়ের ডিসেম্বরের স্বৈরাচারবিরোধী অভ্যুত্থান কার্যত ব্যর্থ হয়েছিল। দিন যত গড়িয়েছে আন্দোলন সংগ্রামের লক্ষ্য অর্জনে জনগণের ঐক্যের পথে ব্যর্থতা তত চরম বেদনাদায়ক ও সুদূরপ্রসারি হয়ে উঠেছে।
চব্বিশের জুলাই-আগস্টের অভ্যুত্থান ব্যর্থ হলে বিএনপি-জামায়াতসহ দেশের পরিবর্তনকামী ও গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর পরিনতি ও দেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াতো তা সহজেই অনুমেয়। বিপ্লব ও অভ্যুত্থানের ঘটনাগুলো দৃশ্যমান হলেও এর বিপরীতে রাজনৈতিক শক্তি ও জনগণের মধ্যে সৃষ্ট অনৈক্য ও বিভেদের বীজ বা বয়ানের নেপথ্য মুখ ও কণ্ঠগুলো অদৃশ্য, অস্বচ্ছ ও অচিহ্নিত। বাংলাদেশের বাস্তবতায় গণতন্ত্র ও রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতার বিরুদ্ধ শক্তিই হচ্ছে দেশের প্রধান শত্রু। এটি একক কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠির ভেতর থেকে তাদের অভিসন্ধি কায়েম করতে পারেনা।
পতিত ও নিষিদ্ধ আওয়ামী লীগ বাহ্যিকভাবে নিস্ক্রিয় ও নির্বাসিত হলেও তাদের ন্যারেটিভ গ্রহণ করে যে কেউ যেকোনো রাজনৈতিক দল কিম্বা অরাজনৈতিক ফোরাম থেকে বিভ্রান্তিকর প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের স্থিতিশীলতা, সংস্কার ও নিরাপত্তাবিরোধী তৎপরতা চালাতে পারে। শেখ পরিবার ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা যেমন ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের আত্মশুদ্ধির বদলে প্রতিশোধ-প্রতিহিংসার পুরনো বৃত্তের ভেতর জনগনের উপর দুঃশাসনের খড়গ চাপিয়ে নিজেদের চরম পরিনতি ডেকে এনেছে। একইভাবে বিপ্লবী, গণতন্ত্রকামী ও বৈষম্যবিরোধী রাজনৈতিক শক্তিগুলোও বারবার শুধুমাত্র নিজেদের ধ্বংসাত্মক পরিনতির স্মৃতি ভুলে গিয়ে নতুন সামাজিক-রাজনৈতিক সংকটের নিগড়ে বন্দিত্ব গ্রহণ করতে বাধ্য হয়েছে।
বাংলাদেশে চলমান সামাজিক-রাজনৈতিক বাস্তবতার পটচিত্রে ইতিহাসের সেই অর্বাচীন সত্যের পুনরাবৃত্তি ঘটে চলেছে। সতেরো বছরের গণতন্ত্রহীনতা ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের ধারাবাহিক আন্দোলন, শীর্ষনেতাদের জুডিসিয়াল কিলিং, গুম-খুন, নিপীড়নের দুঃশাসনের বিরুদ্ধে রক্তাক্ত বিপ্লবের পর গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকারের মাত্র ৮ মাসের শাসনে শীর্ষ নেতৃত্ব বেশকিছু ইতিবাচক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেও অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, দলের ভেতর ঘাপটি মেরে থাকা পুরনো বন্দোবস্তের দলান্ধ ব্যক্তিরা রাজনৈতিক সন্ত্রাস ও দুর্বৃত্তায়নের নব্য ধারা সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। সারাদেশে কিশোর গ্যাং, দখলবাজ, চাঁদাবাজ, হামলাবাজ ব্যক্তিরা সরকারি দলের ইমেজকে যেন মাটিতে নামিয়ে আনতে চাইছে। রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর ও জমি দখল চেষ্টার ঘটনায় সরকারি দলের সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসি চৌধরী মিষ্টি সংসদ সদস্য পদ হারিয়েছেন। মাত্র ৬ মাসের মাথায় রাজধানী শহরের একজন মহিলা এমপি সন্ত্রাস-দখলবাজির অভিযোগে সদস্যপদ হারানো বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার অংশ। তবে একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক অবস্থায় একজন সংসদ সদস্য এমন বেপরোয়া হয়ে ওঠার নেপথ্যে রয়েছে অতীতের রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও বিচারহীনতার মনস্তত্ত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলের নেতাকর্মীদের প্রতি যে বার্তা দিয়েছেন, তা অনুধাবন করে বিএনপি’র নেতাকর্মীরা নিজেদের সংযত না করলে জাতিকে আবারো আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের নিগড়ে বন্দিত্বের আশঙ্কা রয়েছে।
জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ থেকে উৎসারিত অনুপ্রেরণা এবং জুলাই সনদের পক্ষে সূচিত জাতীয় ঐক্য অটুট রাখা রাজনৈতিক-অর্থনৈতিক যাবতীয় লক্ষ্য অর্জনের প্রধান অবলম্বন। বাংলাদেশের শত্রুরা প্রথমেই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট জাতীয় ঐক্যের প্লাটফর্মটিকে ভেঙ্গে দিতে চায়। এক শ্রেণীর বিএনপি নেতাকর্মী একদিকে যেমন আওয়ামী লীগের সন্ত্রাস-দুর্বৃত্তায়নের পুরনো নিগড়ে নিয়ে যেতে চাইছে, অন্যদিকে তাদের আক্রমণের প্রধান টার্গেট যেন জুলাই যোদ্ধা ও পুরনো রাজনৈতিক জোটের সঙ্গিরা। জামায়াত নেতারা বিএনপিকে ক্ষমতায় থাকতে সহায়তার কথা বলছেন। আঞ্চলিক ও বৈশ্বিক ভূ-রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশে গণতান্ত্রিক স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
অন্তত ১০ বছর দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে স্থিতিশীল রেখে অর্থনৈতিক কর্মকা- চালিয়ে যেতে পারলে আগামী দশকের শেষে কোনো আঞ্চলিক শক্তি বাংলাদেশে আধিপত্য কায়েমের স্বপ্ন দেখারও সাহস পাবেনা। জাতীয় ঐক্যই হচ্ছে বাংলাদেশের সমৃদ্ধি ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার মূল রক্ষাকবচ। বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধের আলোকে সাংস্কৃতিক বয়ান ও দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই কেবল মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের শহীদদের মর্যাদা ও সম্মান অক্ষুন্ন রাখা সম্ভব।
মাদক, কিশোর গ্যাং, দখলবাজি, চাঁদাবাজি, মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির সাথে আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি প্রশাসন, সরকারি দলের নেতাকর্মী ও বিরোধীদলের সমর্থন, সহযোগিতা ও সমন্বয় ছাড়া সরকারের কোনো লক্ষ্য অর্জন সম্ভব হবে না। যেখানে শিক্ষা, মেধা, প্রযুক্তি, গবেষণা ও অর্থনৈতিক বিনিয়োগের মধ্য দিয়ে জাতিসমূহ প্রতিযোগিতামূলক বিশ্ব পরিমন্ডলে সুবিধাজনক অবস্থান নিশ্চিত করতে চাইছে, সেখানে আমরা বল্গাহীন মেধা পাচার, অর্থ পাচার, শিক্ষায় বৈষম্য, শিক্ষাঙ্গনে দলীয় রাজনৈতিক সন্ত্রাস এবং যুবসমাজকে মাদক ও গ্যাং কালচারের দিকে ঠেলে দিচ্ছি।
বিচারহীনতার সংস্কৃতি ও সামাজিক-অর্থনৈতিক বৈষম্য নিরাপত্তাহীনতার বিপরীতে সামাজিক ও জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। গতানুগতিক রাজনৈতিক ধারা ও নেতাকর্মীর বিশাল বহর ফ্যাসিবাদের বিরুদ্ধে তেমন কোনো কার্যকর শক্তি হয়ে উঠতে পারেনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শ্লোগান সর্বস্ব রাজনৈতিক সংস্কৃতির বিপরীতে প্রেসিডেন্ট জিয়ার সূচিত আদর্শিক জাতীয়তাবাদী রাজনীতির প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। রাষ্ট্র পরিচালনার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে দল গঠনের দিকে মনোযোগ দিতে হবে। দলে লাঠিয়ালের প্রয়োজন নেই। প্রয়োজন মেধাবি নেতৃত্ব, দক্ষ ও সুশৃঙ্খল জনশক্তি নির্ভর রাজনীতি ও নাগরিক সমাজ। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরকে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি, ইসলামি মূল্যবোধ, জ্ঞান, প্রজ্ঞা মেধার মাধ্যমে নতুনভাবে গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে স্থানীয় সরকারের প্রতিটি স্তর থেকে মেধাহীন দলবাজ দুর্বৃত্ত, চাঁদাবাজ ও দখলবাজমুক্ত করার দৃশ্যমান উদ্যোগ নিতে হবে। বিরোধীদলকে আস্থায় রেখে জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার মাধ্যমেই কেবল রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
bari_zamal@yahoo.com
