নগরজীবনে নাগরিক বিড়ম্বনার অন্যতম উপাদান যখন তখন বাড়িভাড়া বৃদ্ধি। ৩ কোটি ৬০ লাখ মানুষের মেগাসিটি ঢাকায় বাড়িওয়ালা-ভাড়াটিয়া সম্পর্ক আদৌ সুখকর নয়। দেশের ৬৪ জেলা থেকেই মানুষ রুটি-রোজগার ও পড়াশোনার জন্য ঢাকায় ছুটে আসে। তাদের থাকতে হয় দীর্ঘকাল কিংবা গোটা জীবন পার করে দিতে হয় দম বন্ধ হয়ে যাওয়া এই শহরে। নগরবাসীর জীবনের সবচেয়ে রূঢ় বাস্তবতা হলো তারা এই শহরের ভাড়াটিয়া। ভাড়াটিয়া সম্প্রদায়ই নগরীর জীবনচক্র সঞ্চালন করে। অথচ তারাই সবচেয়ে বেশি শোষিত, অবহেলিত ও সুরক্ষাহীন। এমন বাস্তবতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন বাড়িভাড়ার নির্দেশিকা প্রকাশ করেছে।\r\nদেশের প্রতিটি সিটি করপোরেশন ও পৌরসভা নগরবাসীর অভিভাবক প্রতিষ্ঠান। বাড়িওয়ালা-ভাড়াটিয়া উভয় পক্ষের স্বার্থ দেখভাল করার দায়িত্ব তাদের।

বাড়িভাড়ার নির্দেশিকা দেখে মনে হয় তারা একপেশে হয়ে বাড়ির মালিকের পক্ষে অবস্থান নিয়েছে। তারা যেন ভুলে যান নগরবাসীর সিংহভাগ অধিবাসীই ভাড়া থাকেন। তাদের প্রদেয় ভাড়া দিয়ে বাড়ির মালিকরা উন্নত আধুনিক জীবন যাপন করে থাকেন। উত্তর সিটি করপোরেশন কাদের স্বার্থ রক্ষায় বাড়িভাড়া নির্দেশিকা জারি করেছে? নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বাড়ির বার্ষিক ভাড়া সংশ্লিষ্ট বাড়ির বাজারমূল্যের ১৫ শতাংশের বেশি হতে পারবে না। কাগজে-কলমে এটি একটি সর্বোচ্চ সীমা মনে হলেও বাস্তবে এটি ভাড়াবৃদ্ধির লাইসেন্স ছাড়া আর কিছু নয়। ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন এলাকায় ফ্ল্যাটের বাজারমূল্য কাগুজে, কাল্পনিক ও লাগামহীন। কর্তৃপক্ষের কোনো নিরপেক্ষ ভ্যালুয়েশন পদ্ধতি না থাকায় বাড়িওয়ালার মুখের কথাই হয়ে উঠবে বাজারমূল্য ।

এর ফল কী হতে পারে, একটি উদাহরণই যথেষ্ট। আমরা ধরে নিলাম, রাজধানীর শেওড়াপাড়ায় ১ হাজার ২৭৫ বর্গফুট আকৃতির একটি ফ্লাটের বাজার মূল্য ৭০ লাখ টাকা। সে হিসেবে ১৫ শতাংশ হারে মাসিক ভাড়া দাঁড়ায় প্রায় ৮৭ হাজার টাকা। যেখানে বর্তমান ভাড়া ১৮ হাজার টাকা চলমান। এই ব্যবধান কোনো স্বাভাবিক বাজার সমন্বয় নয়, এটি এক চরম অমানবিক ও শোষণের সম্ভাব্য রূপরেখা, যার দ্বারা শোষিত হবে ভাড়াটেরা। \r\nযদি ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্দেশ মোতাবেক বাড়ির মালিকরা বাড়ির দামের ১৫ শতাংশ হারে ভাড়া আদায় করে, তবে সাত বছরের মধ্যেই বাড়ি তৈরির খরচ উঠে যাবে। এতে ভাড়াটেদের কোনো লাভ হবে না। এই নির্দেশিকা বাড়িওয়ালাদের লোভ ও অমানবিকতার জন্য একটি বৈধ ঢাল হয়ে উঠতে পারে- এই আশঙ্কা মোটেও অমূলক নয়। ১৯৯১ সালের বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন এমনিতেই একটি প্রায় মৃত আইন। সাড়ে তিন দশক ধরে এই আইন কার্যকর করার জন্য কোনো বিধিমালাও করা হয়নি, নিয়োগ দেওয়া হয়নি নিয়ন্ত্রক সংস্থা। আদালতের নির্দেশ, হাইকোর্টের রায়, নাগরিক সমাজের দাবি সবই উপেক্ষিত। এই দীর্ঘ অবহেলার সুযোগ নিয়েই বাড়িওয়ালাদের একটি অংশ ভাড়াটিয়াদের জিম্মি করে রেখেছে। এমন প্রেক্ষাপটে ডিএনসিসির নির্দেশিকার দায়িত্ব ছিল ভাড়াটিয়াদের সুরক্ষা নিশ্চিত করা, শোষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া। আমরা বিশ্বাস করি, নির্দেশিকাটি সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে।