বাংলাদেশের সকল আদালতসমূহে মামলার জট: বাংলাদেশের বিচারব্যবস্থার এমন একটি সংকট যা বিচারব্যবস্থার একটি গভীর ও দীর্ঘস্থায়ী সমস্যাকে তুলে ধরে। বাংলাদেশের বিচারব্যবস্থা আজ এক নীরব কিন্তু গভীর সংকটে নিমজ্জিত। আদালতের বারান্দায় প্রতিদিন হাজারো মানুষ ন্যায়বিচারের আশায় অপেক্ষা করেন, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও তাদের মামলার নিষ্পত্তি হয় না। বিচার পেতে বিলম্ব মানে শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি ন্যায়বিচারের মৌলিক অধিকার থেকে নাগরিকদের বঞ্চিত করার এক সূক্ষ্ম রূপ।

সর্বশেষ বিচার বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, দেশের বিভিন্ন আদালতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪২ লাখেরও বেশি মামলা এখনো নিষ্পত্তিহীন অবস্থায় আছে যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪৫ লাখ ছাড়িয়ে যায়। শুধু নিম্ন আদালতেই বকেয়া মামলার সংখ্যা লাখের পর লাখ। একটি দেওয়ানি মামলা গড়ে নিষ্পত্তি হতে সময় নেয় প্রায় পাঁচ থেকে দশ বছর, কখনো তারও বেশি। ফৌজদারি মামলার ক্ষেত্রেও একই চিত্র—সাক্ষী হাজির না হওয়া, পুলিশি প্রতিবেদন বিলম্ব, বা আইনজীবীদের সময় প্রার্থনা সব মিলিয়ে মামলার অগ্রগতি প্রায় স্থবির হয়ে পড়ে।

মামলার জটের পেছনে রয়েছে বহুস্তরীয় কারণ। বিচারক সংকট তার মধ্যে অন্যতম একটি। বর্তমানে বিচারপতি ও ম্যাজিস্ট্রেটদের সংখ্যা প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম যা বিচারপ্রার্থীদের বিলম্বের জন্য প্রচণ্ডভাবে দায়ী। অপর্যাপ্ত অবকাঠামো ও প্রযুক্তিগত কারণেও নানাভাবে এ সকল মামলা জটের সৃষ্টি হচ্ছে। অনেক আদালতে এখনো ইলেকট্রনিক নথি ব্যবস্থাপনা নেই; ফলে মামলার ফাইল হারানো বা খুঁজে না পাওয়ার মতো সমস্যা ঘন ঘন দেখা দেয়। আইনজীবী ও পুলিশের সময়ক্ষেপণমূলক সংস্কৃতির কারণে তারিখের পর তারিখ প্রথা মামলার গতি রুদ্ধ করে। অনেক সময় পক্ষগণ ইচ্ছাকৃতভাবে মামলা দীর্ঘায়িত করেন একমাত্র নিজেদের সুবিধার জন্য।

এ ছাড়া, প্রক্রিয়াগত জটিলতার কারণে একটি মামলার প্রাথমিক তদন্ত থেকে শুরু করে আপিল পর্যন্ত অসংখ্য ধাপ অতিক্রম করতে হয়, যা অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুলও বটে। এ সকল বিচার বিলম্বের কারণে সবচেয়ে বড় ক্ষতি হয় সাধারণ মানুষের। বছরের পর বছর মামলা ঝুলে থাকার কারণে মানুষ মানসিক, আর্থিক ও সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। কোনো কোনো ক্ষেত্রে বিচার না পেয়ে মানুষ নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হয়, যা সমাজে আইনের শাসনের প্রতি অবিশ্বাস সৃষ্টি করে। অর্থনৈতিক দিক থেকেও এটি ভয়াবহ প্রভাব ফেলে। ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তিতে বিলম্ব বিদেশি বিনিয়োগে অনীহা তৈরি করে, আর ব্যক্তিগত সম্পত্তি সংক্রান্ত মামলার কারণে জমি বা সম্পদ ব্যবহার অনিশ্চিত হয়ে পড়ে। ফলে বিচারব্যবস্থার এই স্থবিরতা দেশের সামগ্রিক উন্নয়নকেও বাধাগ্রস্ত করে ফেলে।

সম্ভাব্য সমাধান, সংস্কারের প্রাসঙ্গিকতা ও বাস্তব পথ

মামলার জট শুধু প্রশাসনিক সমস্যা নয়; এটি বাংলাদেশের বিচারব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতারও বহিঃপ্রকাশ। তাই এর সমাধানে প্রয়োজন শুধু প্রযুক্তি নয়, বিচারব্যবস্থার প্রাতিষ্ঠানিক সংস্কারও। স্বাধীনতার পর থেকে বিচারব্যবস্থা মূলত উপনিবেশিক কাঠামোর ওপরই টিকে আছে যেখানে প্রক্রিয়া জটিল, নথিপত্র কাগজনির্ভর, এবং বিচারকের ওপর চাপ অসামঞ্জস্যপূর্ণ। সমাজ ও প্রযুক্তি যতই পরিবর্তিত হোক, বিচার প্রক্রিয়া তার গতিতে সেই পুরনো ধাঁচেই চলে আসছে। ফলে বিচার বিলম্ব এখন প্রথায় পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে বিচারব্যবস্থার আধুনিকায়ন কেবল প্রয়োজন নয়—সময় দাবি করে এমন এক কাঠামোগত সংস্কার, যা ন্যায়বিচারকে গতিশীল, সাশ্রয়ী ও জনগণের নাগালের মধ্যে নিয়ে আসবে।

প্রথমত, প্রযুক্তি নির্ভর আদালত ব্যবস্থা (e-judiciary) চালু করা জরুরি। ই-ফাইলিং, অনলাইন কেস ট্র্যাকিং ও ভিডিও সাক্ষ্যগ্রহণ ব্যবস্থার মাধ্যমে মামলার প্রক্রিয়া দ্রুততর করা সম্ভব। করোনা মহামারির সময় ভার্চুয়াল কোর্ট চালুর অভিজ্ঞতা দেখিয়েছে—প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করা গেলে বিচার প্রক্রিয়া থেমে থাকে না, বরং আরও কার্যকর হয়।

দ্বিতীয়ত, বিচারকদের সংখ্যা ও সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য। বর্তমানে একজন বিচারককে প্রায় ৯০ হাজার নাগরিকের মামলা ও বিরোধ সামলাতে হয়—যা বাস্তবিকভাবে অসম্ভব। নিয়মিত নিয়োগ, প্রশিক্ষণ, এবং কেস ম্যানেজমেন্টে দক্ষতা বৃদ্ধি করতে হবে।

তৃতীয়ত, বিকল্প বিরোধ নিষ্পত্তি (Alternative Dispute Resolution - ADR) ব্যবস্থাকে আরও প্রসারিত করতে হবে। পারিবারিক, দেওয়ানি ও ক্ষুদ্র বাণিজ্যিক বিরোধগুলো আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করা গেলে আদালতের মামলার চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

চতুর্থত, আইনজীবী ও বিচার বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অনেক সময় আইনজীবীদের বারবার সময় প্রার্থনা কিংবা সাক্ষীদের অনুপস্থিতি মামলার অগ্রগতি বাধাগ্রস্ত করে। আদালতের কার্যক্রমে নির্দিষ্ট সময়সীমা ও ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করা যেতে পারে, যাতে প্রতিটি মামলার অগ্রগতি স্বচ্ছভাবে দেখা যায়।

সবশেষে, বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও নীতি নির্ধারণে স্বাবলম্বিতা বাড়াতে হবে। নির্বাহী প্রভাবমুক্ত প্রশাসনিক কাঠামো ছাড়া কার্যকর সংস্কার সম্ভব নয়।

সরকার কর্তৃক গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশন তাদের সাম্প্রতিক প্রতিবেদনে কয়েকটি মৌলিক প্রস্তাব রেখেছে। এর মধ্যে রয়েছে—প্রতিটি বিভাগে স্থায়ী হাইকোর্ট বেঞ্চ স্থাপন, নিম্ন আদালতের সম্প্রসারণ, সরকারি আইনজীবী সার্ভিসকে পেশাদার কাঠামোতে রূপ দেওয়া, মামলার প্রাথমিক পর্যালোচনা ও অগ্রাধিকার নির্ধারণে কেস-ম্যানেজমেন্ট ব্যবস্থা চালু করা, এবং বিচার প্রশাসনে স্বায়ত্তশাসন বৃদ্ধি। অন্যদিকে, প্রধান বিচারপতি প্রকাশিত বিচারব্যবস্থা রোডম্যাপ (২০২৪–২০২৫)-এ কোর্ট ব্যবস্থাকে ডিজিটাল রূপান্তর, মামলার দ্রুত নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ, ভিডিও সাক্ষ্যগ্রহণের সম্প্রসারণ, এবং কোর্ট প্রশাসনে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

এই উদ্যোগগুলো সামগ্রিকভাবে বিচার প্রক্রিয়াকে আধুনিক করার লক্ষ্যেই নেওয়া হয়েছে। তবে এসব সংস্কারের সফলতা নির্ভর করছে এক গভীর নীতিগত পরিবর্তনের ওপর যেখানে আদালত কেবল বিচার নয়, বরং নাগরিকের আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠবে। বিশ্বব্যাপী বিচার দক্ষতা ও ন্যায়বিচার প্রাপ্তি পরিমাপে কিছু আন্তর্জাতিক মানদণ্ড রয়েছে।

ইউরোপ কাউন্সিলের CEPEJ (European Commission for the Efficiency of Justice) নির্দেশনায় বলা হয়—ন্যায়বিচার পেতে সময় যেন যুক্তিসঙ্গত সীমার মধ্যে থাকে, কোর্টের কার্যক্রম যেন স্বচ্ছ ও জনগণের জন্য উন্মুক্ত হয়, এবং তথ্য যেন নাগরিকের হাতে সহজে পৌঁছায়। বিশ্বব্যাংকও বিচার সংস্কারের চারটি মূল স্তম্ভ নির্ধারণ করেছে—স্বায়ত্তশাসন, স্বচ্ছতা, নাগালযোগ্যতা ও প্রযুক্তি।

বাংলাদেশের সংস্কার প্রস্তাবনাগুলো এই আন্তর্জাতিক নীতির সঙ্গে কিছু ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ হলেও, এখনও কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পিছিয়ে আছে।প্রযুক্তি ব্যবহারে যেমন উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তেমনি স্বচ্ছতা ও তথ্যপ্রবাহের ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে। আদালতের মামলার অগ্রগতি, সময়সীমা ও নিষ্পত্তির হার জনসাধারণের কাছে উন্মুক্তভাবে প্রকাশ করার মতো নিয়মিত কোনো ব্যবস্থা এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। এছাড়া, বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা—নিয়োগ, বদলি ও বাজেট নিয়ন্ত্রণের মতো বিষয়ের ক্ষেত্রেও আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় বাংলাদেশ এখনও সীমাবদ্ধতায় ভুগছে।

বিচারব্যবস্থা সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু অবহেলিত দিক হলো নাগরিক অংশগ্রহণ।

একটি গণতান্ত্রিক সমাজে বিচার কেবল আদালতের বিষয় নয়, এটি জনগণের ন্যায্য অধিকার। তাই নাগরিকদের জানতে হবে, মামলার জটের কারণ কী, বিচারব্যবস্থা কীভাবে কাজ করে এবং সংস্কারের প্রয়োজনীয়তা তাদের জীবনে কীভাবে প্রভাব ফেলে।

পাশাপাশি তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে আদালতের পরিসংখ্যান, মামলা নিষ্পত্তির তথ্য, বিচারকদের কার্যক্রম ও রোডম্যাপের অগ্রগতি—এসব বিষয় জনগণের জন্য উন্মুক্ত করা জরুরি। আদালতের ওয়েবসাইট ও ই-জুডিশিয়ারি পোর্টালে নিয়মিত ডেটা প্রকাশ করা গেলে জনগণ যেমন আস্থা পাবে, তেমনি সংস্কারের ওপর জনসমর্থনও বাড়বে। এ ছাড়া, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও নাগরিক সমাজকে নিয়ে বিচার সচেতনতা কর্মসূচি চালু করা যেতে পারে, যাতে সাধারণ মানুষ সহজ ভাষায় বুঝতে পারে বিচারব্যবস্থা সংস্কার মানে কেবল মামলার গতি বাড়ানো নয়—বরং ন্যায়বিচারের গুণগত মান উন্নয়ন।

সর্বোপরি বলা যায়, বিচারব্যবস্থা একটি রাষ্ট্রের মেরুদণ্ড। সেই মেরুদণ্ডে যদি স্থবিরতা নেমে আসে, তবে রাষ্ট্রের ন্যায়, শৃঙ্খলা ও আস্থার ভিত্তিও নড়বড়ে হয়ে পড়ে। মামলার জট শুধু আদালতের নয়, এটি জাতির নৈতিক ও প্রশাসনিক সংকটের প্রতিচ্ছবি।

সময় এসেছে বিচার প্রক্রিয়াকে সময়োপযোগী, গতিশীল ও মানবিক করে তোলার। দ্রুত, সাশ্রয়ী ও সহজলভ্য ন্যায়বিচার নিশ্চিত না করলে “বিচার” শব্দটি কেবল আইন বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে, নাগরিকের জীবনে নয়।

লেখক:

রোকন বাপ্পি,

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়,

ত্রিশাল, ময়মনসিংহ।