ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে আসার সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক পরিসরে এক ধরনের অস্থিরতা স্পষ্ট হয়ে উঠছে। আলোচনা-সমালোচনায় নির্বাচনী ব্যবস্থাপনা, দলীয় কর্মসূচি কিংবা রাষ্ট্র পরিচালনার দীর্ঘমেয়াদি ভাবনা অপেক্ষাকৃত কম; বরং বেশি শোনা যাচ্ছে কে কোন আসনে দাঁড়াবেন, কার সঙ্গে কার সমঝোতা হচ্ছে, কোন দল ভাঙছে বা জুড়ছে। এই দৃশ্য আমাদের রাজনীতির একটি পুরোনো বৈশিষ্ট্যকে আবার সামনে এনে দিয়েছে।
এই প্রবণতা নতুন নয়। গত কয়েকটি জাতীয় নির্বাচনে আমরা দেখেছি, কীভাবে নির্বাচনকে অর্থবহ না রেখে কেবল দৃশ্যমান করার চেষ্টা করা হয়েছিল। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এমন সব ব্যক্তিকে মনোনয়ন দিয়েছিল, যাদের রাজনৈতিক অভিজ্ঞতা ছিল প্রায় শূন্য– চলচ্চিত্রের অভিনেত্রী, ক্রীড়াবিদ, সংগীতশিল্পী। উদ্দেশ্য ছিল স্পষ্ট: ভোটারবিহীন নির্বাচনকে আলোচনায় রাখা, সংবাদযোগ্য করে তোলা। কারণ প্রকৃত অর্থে প্রতিযোগিতামূলক নির্বাচন তখন অনুপস্থিত ছিল। ২০১৪ বা ২০২৪-এর নির্বাচনে আমরা দেখেছি কীভাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো রাজনৈতিক দলের মনোনয়ন বোর্ডের দায়িত্ব পালন করত। এমনকি বিরোধী জোটের ভেতরেও কে কোথা থেকে দাঁড়াবে, তা ঠিক করে দিতেন ক্ষমতাসীন দলের সভাপতি নিজেই। এতে রাজনৈতিক দলের স্বাতন্ত্র্য ও বিশ্বাসযোগ্যতা দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে; যা রাজনীতির প্রতি সমাজে চরম অনাস্থার জন্ম দেয়।
২০২৪ সালের জুলাই-আগস্ট গণআন্দোলনের পর দেশের মানুষ ভেবেছিল, এই ধারার একটি মৌলিক পরিবর্তন ঘটবে। তরুণদের নেতৃত্বে যে আন্দোলন রাষ্ট্র ও রাজনীতির ভেতরে নৈতিক প্রশ্ন তুলেছিল, সেটি হয়তো নতুন রাজনৈতিক সংস্কৃতির পথ দেখাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রত্যাশার সঙ্গে বাস্তবতার দূরত্বও স্পষ্ট হচ্ছে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, ছোট নিবন্ধিত রাজনৈতিক দলের নেতারা নিজের দল ভেঙে বা অকার্যকর করে দিয়ে বড় দলে যোগ দিচ্ছেন। বিশেষ করে বিএনপিতে যোগ দেওয়ার প্রবণতা চোখে পড়ার মতো। উদ্দেশ্যও গোপন নয়– ধানের শীষের প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য হওয়া। রাজনৈতিক দল এখানে আর আদর্শ বা দীর্ঘমেয়াদি সংগঠনের জায়গা নয়; এটি হয়ে উঠেছে একটি ‘টিকিট’ পাওয়ার মাধ্যম।
এই প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের নেতারা। যারা পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করেছিলেন। মাত্র কয়েক মাস আগে যে দল আদর্শ ও বিকল্প রাজনীতির কথা বলে যাত্রা শুরু করেছিল, তারাই এখন আসন সমঝোতার বাস্তবতায় নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছে। রাজনীতিতে সমঝোতা অস্বাভাবিক নয়, কিন্তু সেই সমঝোতা যদি দলের মৌলিক ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে প্রশ্ন উঠবেই।
এখানে মূল উদ্বেগ ব্যক্তিকে ঘিরে নয়, বরং প্রবণতাকে ঘিরে। রাজনীতি যদি কেবল সংসদ সদস্য হওয়ার লক্ষ্যে সীমিত হয়ে পড়ে– তবে দল, আদর্শ ও আন্দোলনের গুরুত্ব ধীরে ধীরে ক্ষয় হতে বাধ্য। ইতিহাস বলে, রাজনৈতিক নেতৃত্ব তৈরি হয় সময়, ধৈর্য ও ধারাবাহিকতার মধ্য দিয়ে। দ্রুত প্রাপ্তির আকাঙ্ক্ষা সেই প্রক্রিয়াকে দুর্বল করে দেয়। এই উপমহাদেশে সাম্প্রতিক ইতিহাসে আমরা দেখেছি, কীভাবে ইমরান খান দুই দশকেরও বেশি সময় ধরে সব উস্কানি এবং প্রলোভনের বিরুদ্ধে লড়াই করে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। বিপরীতে, আমাদের তরুণ নেতারা দুই বছরের মধ্যেই ক্ষমতার মোহ সামলাতে হিমশিম খাচ্ছেন।
২০২৪ সালের আন্দোলনে যারা প্রাণ দিয়েছিলেন, তারা একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির স্বপ্ন দেখেছিলেন– যেখানে ক্ষমতা হবে দায়িত্বের নাম, সুযোগের নয়। সেই প্রত্যাশা আজ কোথায় দাঁড়িয়ে আছে, তা নিয়ে নীরবে হলেও ভাবার সময় এসেছে।
নির্বাচন আসবে, যাবে। সংসদ গঠিত হবে। কিন্তু রাজনীতির যে চরিত্র এই সময়ে নির্মিত হচ্ছে, তা দীর্ঘদিন দেশের গণতান্ত্রিক চর্চাকে প্রভাবিত করবে। রাজনীতি কি আবারও কেবল ক্ষমতায় যাওয়ার পথে পরিণত হবে, নাকি এই প্রজন্ম সত্যিই ভিন্ন কিছু নির্মাণ করতে পারবে– এই প্রশ্নের উত্তর সময়ই দেবে।
আরাফাত আশওয়াদ ইসলাম: গুলশান সোসাইটির নির্বাহী কমিটির সদস্য
