বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার অবহেলিত কিন্তু অত্যন্ত জরুরি সংকট হলো নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সহজলভ্য পাবলিক টয়লেটের অভাব। দেশের দ্রুত নগরায়ণ, বিশেষ করে ঢাকার মতো বিরাট মহানগরে প্রতিদিন কোটি মানুষের চলাচল সত্ত্বেও শহরে ব্যবহারযোগ্য পাবলিক টয়লেটের সংখ্যা নগণ্য। কাগজ-কলমে কিছু সংখ্যা থাকলেও বাস্তবে এগুলোর বড় অংশই জরাজীর্ণ, অকার্যকর বা ব্যবহারের অযোগ্য। তথ্য-উপাত্ত ঘাঁটলে দেখা যায়, ঢাকা উত্তর ও দক্ষিণ– দুই সিটি করপোরেশন মিলিয়ে মোট ১৯৪টি পাবলিক টয়লেট রয়েছে। এর মধ্যে ১১৬টি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন এবং ৭৮টি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন। কিন্তু বহু টয়লেট নষ্ট, বন্ধ বা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে লিজ বা ইজারা দেওয়ায় সাধারণ মানুষের পক্ষে ব্যবহার করা সম্ভব নয়। ফলে একটি মহানগরীর বিপুল জনসংখ্যার তুলনায় সুলভ ও কার্যকর পাবলিক টয়লেটের প্রাপ্যতা কার্যত সংকটময় পর্যায়ে রয়ে গেছে।
এ সংকটের সবচেয়ে বড় আঘাত আসে নারীদের জীবনে। যথেষ্ট ও পরিষ্কার টয়লেটের অভাবে নারীরা প্রস্রাব ধরে রাখেন, পানি কম খান, যা শরীরে নানা ধরনের জটিলতা– ইউটিআই, কিডনি ইনফেকশন, ব্লাডারের ক্ষতি, এমনকি কিডনি স্টোন সৃষ্টির ঝুঁকি বাড়ায়। পাবলিক টয়লেট সংকট শুধু নারীদের নয়, গোটা শহরের জনস্বাস্থ্যের ওপর ব্যাপক প্রভাব ফেলে।
টয়লেটের অভাব বা ব্যবহার-অযোগ্যর কারণে লাখ লাখ পথচারী, ছিন্নমূল মানুষ, রিকশাচালক, হকার ও দিনমজুররা বাধ্য হয়ে দেয়াল, ড্রেন, ফুটপাত, গলি বা সড়কের ধারে প্রস্রাব করেন। এক কথায়, পুরো ঢাকা শহরই পাবলিক টয়লেটে পরিণত হয়েছে। ফলে জলবাহিত সংক্রামক রোগ যেমন– কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, ডিসেন্ট্রি ও হেপাটাইটিস দ্রুত ছড়িয়ে পড়ছে। শহরের সামগ্রিক জনস্বাস্থ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এই গুরুতর সংকটের মূল কারণ রয়ে গেছে উপেক্ষা ও নীতিগত অগ্রাধিকারের অভাব। সিটি করপোরেশনের বাজেটে টয়লেট রক্ষণাবেক্ষণ একটি ‘নিম্ন অগ্রাধিকার’ বিষয় হিসেবে দেখা হয়। ফলে বরাদ্দ সামান্য এবং তদারকি প্রায় নেই। সামাজিক ট্যাবু ও বিব্রতবোধের কারণে টয়লেট নিয়ে খোলাখুলি আলোচনা হয় না। ফলে নীতি পর্যায়েও বিষয়টি চাপা পড়ে যায়। প্রতিবন্ধীবান্ধব নকশা, নারী সংবেদনশীলতা, পানি, আলো, নিরাপত্তা, পরিচ্ছন্নতা– এসব কিছুকে সমন্বিতভাবে ধরেই শহরের পাবলিক টয়লেট পরিকল্পনা হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে তা হয়নি।
তার পরও কিছু ইতিবাচক উদাহরণ রয়েছে। ওয়াটারএইড বাংলাদেশ এবং ভূমিজো আধুনিক, নিরাপদ, সুলভ ও নারী সংবেদনশীল পাবলিক টয়লেট পরিচালনার মডেল (মডেল) তৈরি করেছে। তাদের পরিষেবা দেখায়, যথাযথ ব্যবস্থাপনা, নিরাপত্তা, পর্যবেক্ষণ ও ব্যবহারকারীবান্ধব নকশা থাকলে পাবলিক টয়লেট শুধু কার্যকরই নয়, আর্থিকভাবেও টেকসই হতে পারে। সরকারও খোলা মলত্যাগ নির্মূলে উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছে, কিন্তু নগরায়িত জনজীবনের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পাবলিক টয়লেট নেটওয়ার্ক (নেটওয়ার্ক) এখনও তৈরি করতে পারেনি।
অতএব, সংকট সমাধানে এখনই প্রয়োজন বৈজ্ঞানিকভাবে চাহিদা নিরূপণ, পর্যাপ্ত ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ, সিটি করপোরেশনগুলোর জন্য নির্দিষ্ট রক্ষণাবেক্ষণ বাজেট, স্বচ্ছ ইজারা ও পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) ম্যানেজমেন্ট, মানসম্মত স্থাপত্য নকশা, নারী ও প্রতিবন্ধীবান্ধব সুবিধা বাধ্যতামূলক করা এবং টয়লেট নিয়ে সামাজিক ট্যাবু দূর করতে সচেতনতা বৃদ্ধি। পাবলিক টয়লেট কোনো বিলাসিতা নয়; এটি নগরজীবনের অপরিহার্য উপাদান। এ বিষয়ে সবাই সচেতন হই।
ড. সৈয়দ আব্দুল হামিদ: অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়; আহ্বায়ক, ওয়েল-বিয়িং-ফাস্ট ইনিশিয়েটিভ, বাংলাদেশ; এবং প্রধান উপদেষ্টা, ইউনিভার্সাল রিসার্চ কেয়ার লিমিটেড
