ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত। এখন তাদের হলফনামায় উল্লেখ করা সম্পদের তথ্য নিয়ে পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। এসব তথ্য ঘিরে জনপরিসরে আলোচনায় একটি ধারণা ঘুরেফিরে আসছে। যার সম্পদ বেশি তার চাহিদা কম হওয়ার কথা বলছে কেউ কেউ। শুনতে যুক্তিসংগত মনে হলেও বাস্তবে এই ধারণা সর্বাংশে সত্যি নয়। ক্ষেত্রবিশেষে বিভ্রান্তিকরও বটে।
আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্রে জনগণের ভোট কেবল রাজনৈতিক পছন্দের প্রকাশ নয়। এটি জনগণের দিক থেকে নৈতিক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগও বটে। এ ক্ষেত্রে প্রার্থীর চরিত্র, ক্ষমতার প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি এবং চাহিদার ধরন বুঝতে পারা ও বিবেচনায় নেওয়া প্রার্থীর সম্পদের অঙ্কের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রে প্রার্থীর হলফনামার তথ্য তাঁর সম্পর্কে ভোটারের জানার পরিসর বাড়ায়। তাই হলফনামা জানাটা জরুরি। কিন্তু সেই তথ্যকে যদি সরল সমীকরণে রূপ দেওয়া হয়, তাহলে রাজনীতির মৌলিক প্রশ্নগুলো আড়ালে চলে যায়।
সম্পদ আর চাহিদা এক বিষয় নয়। সম্পদ হলো অর্জনের ফল আর চাহিদা হলো ক্ষমতার ভেতরে গিয়ে আরও পাওয়ার আকাঙ্ক্ষা। বাস্তবতা হলো, অনেক ক্ষেত্রেই যাদের সম্পদ বেশি, তাদের ক্ষমতার চাহিদা কমে না, বরং চাহিদার ধরন বদলে যায়। অর্থের জায়গায় তখন আসে প্রভাব, নিয়ন্ত্রণ, মর্যাদা ও ক্ষমতার স্থায়িত্বের আকাঙ্ক্ষা।
এখানে মনোবিজ্ঞানের একটি পরিচিত তত্ত্ব বিষয়টি বুঝতে সাহায্য করে। মাসলোর ‘হায়ারকি অব নিডস’ তত্ত্ব অনুযায়ী, মানুষের মৌলিক চাহিদা মিটলে আকাঙ্ক্ষা থেমে যায় না, বরং তা ধাপে ধাপে রূপ বদলায়। খাদ্য ও নিরাপত্তার পর মানুষের মধ্যে স্থান পায় সামাজিক মর্যাদা ও সম্মানের চাহিদা। রাজনীতিতে এই স্তরটিই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কারণ এখানে লোভ কেবল অর্থকেন্দ্রিক থাকে না। তা হয়ে ওঠে প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, প্রভাব বিস্তার এবং ক্ষমতাকে স্থায়ী করার আকাঙ্ক্ষা।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক অভিজ্ঞতা এই বাস্তবতারই প্রতিফলন। জুলাই গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ মূলত তিনটি কেন্দ্রীয় বিষয়ে আবর্তিত ছিল– পরপর তিনটি জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হতে না দেওয়া; প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণসহ প্রাতিষ্ঠানিক কাঠামো দুর্বল করা; ব্যাংক খাতসহ আর্থিক ব্যবস্থায় দুর্নীতির বিস্তার ও সম্পদ পাচার। নির্বাচন হলেই এসব কিছু ঠিক হয়ে যাবে– এমন ধারণা বাস্তবসম্মত নয়। নির্বাচন কোনো জাদুকাঠি নয়; এটি কোনো প্রক্রিয়ার সূচনা মাত্র।
এই প্রক্রিয়াকে অর্থবহ করতে হলে ভোটের মাধ্যমে তুলনামূলক ভালো মানুষদের একটি দলকে ক্ষমতায় আনতে হবে। এখানেও ‘ভালো’ মানে নিখুঁত নয়। বরং যাদের ব্যক্তিগত চাহিদা সীমিত, ক্ষমতার প্রতি সংযত দৃষ্টিভঙ্গি আছে এবং রাষ্ট্রকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রাখার মানসিকতা রয়েছে, তাদের কথাই বলা হচ্ছে।
এটা ঠিক, ১৯৯১ সালের নির্বাচন থেকেই সংসদে ব্যবসায়ীদের উপস্থিতি ধারাবাহিকভাবে বেড়েছে। সমস্যাটি ব্যবসায়ী হওয়া নয়। সমস্যাটি তৈরি হয় যখন সংসদের বড় অংশ একই অর্থনৈতিক স্বার্থ-গোষ্ঠী থেকে আসে। তখন আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে স্বার্থের সংঘাত অনিবার্য হয়ে ওঠে। তারা রাষ্ট্রের করনীতি, ব্যাংকিং, ঋণখেলাপি আইন কিংবা সরকারি ক্রয়-সংক্রান্ত সিদ্ধান্তকে নিজেদের মতো দেখতে চায়। আর তখনই জনস্বার্থের চেয়ে গোষ্ঠীগত স্বার্থ অগ্রাধিকার পেতে শুরু করে।
এ ক্ষেত্রে বিদেশি উদাহরণগুলোও আমাদের সতর্ক করে। যুক্তরাষ্ট্রে করপোরেট লবিং বৈধ হলেও দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, বড় ব্যবসায়িক গোষ্ঠী আইনপ্রণেতাদের ওপর অতিরিক্ত প্রভাব বিস্তার করে আসছে। ফলে সেখানে স্বাস্থ্যসেবা, ওষুধের দাম নিয়ন্ত্রণ বা শ্রমিক সুরক্ষার মতো জনস্বার্থভিত্তিক সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে। দক্ষিণ এশিয়ায় একই চিত্র দেখা যায়। ভারত ও শ্রীলঙ্কার অভিজ্ঞতায় দেখা যায়, ব্যবসা ও রাজনীতির অতিরিক্ত সখ্য নীতিনির্ধারণকে করপোরেট-ঘনিষ্ঠ করে তোলে এবং শেষ পর্যন্ত কাঠামোগত সংকট তৈরি করে। বাংলাদেশেও এমনটা আমরা হতে দেখেছি।
এবারের সংসদ নির্বাচনে ব্যবসায়ী ছাড়াও আইনজীবী, প্রকৌশলী, শিক্ষক, চিকিৎসক, অবসরপ্রাপ্ত ব্যক্তি, কৃষক, গৃহিণীসহ অন্য পেশাজীবীরা প্রার্থী হওয়ায় সংসদে তারাও যেতে পারেন এবং যাওয়াই উচিত। তবে আমাদের মনে রাখতে হবে, ঝুঁকিটা পেশায় নয়। ঝুঁকিটা হলো যারা সংসদ সদস্য হবেন তাদের মানসিকতায়। যদি কোনো সংসদ সদস্য তাঁর পেশার স্বার্থ, নিজের বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের সুবিধাকেই ‘দেশ ও জনগণের স্বার্থ’ হিসেবে উপস্থাপন করেন, তাহলে সমস্যাটা থেকেই যায়। কারণ সংসদ সদস্যের কাজ কোনো নির্দিষ্ট এলাকা, অঞ্চল বা পেশাগোষ্ঠীর স্বার্থ দেখা নয়। তাঁর দায়িত্ব হলো ন্যায্যতা প্রতিষ্ঠায় এমন আইন প্রণয়ন করা, যা পুরো দেশ ও জনগণের জন্য সমানভাবে কার্যকর হয় এবং ভবিষ্যতে কোথাও একই ধরনের বৈষম্য দেখা দিলে সেই আইন দিয়েই সমাধানের পথ তৈরি করা।
এই প্রশ্নগুলোই ভোটারের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রার্থী ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থের বাইরে গিয়ে দেশ ও জনগণের চাহিদাকে সিদ্ধান্তের কেন্দ্রে রাখতে সক্ষম হবেন কিনা– এ বিবেচনাই হওয়া উচিত ভোট দেওয়ার মূল মানদণ্ড। সেটা প্রার্থীর বেড়ে ওঠা, তাঁর বিগত দিনের কর্মকাণ্ড বিবেচনায় নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে ধনী-গরিব বিবেচ্য নয়। বিবেচ্য হলো, সততা ও আন্তরিকতার সঙ্গে সুনাগরিক হিসেবে সমাজে প্রার্থী ও তাঁর নিজের এবং বৃহত্তর পরিবারের সদস্যদের জীবনযাপনের ধরন কী রকম, সেটা দেখা ও বিবেচনায় নেওয়া।
১২ ফেব্রুয়ারির নির্বাচন তাই কেবল ক্ষমতা বদলের দিন নয়। এটি রাজনৈতিক সংস্কৃতি বদলের সুযোগ। সেই সুযোগ কাজে লাগবে তখনই, যখন ভোটার ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর সম্পদ, পেশা বা স্লোগানের বাইরে গিয়ে প্রার্থী দেশ ও জনগণের চাহিদায় আন্তরিক কিনা– এ সংক্রান্ত মৌলিক প্রশ্নটি সামনে রাখবেন।
মোহাম্মদ গোলাম নবী: কলাম লেখক; প্রতিষ্ঠাতা ও পরিচালক, রাইট টার্ন
