বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি জটিল বাস্তবতার মুখোমুখি, যেখানে একদিকে বিদ্যমান খাদ্য সংকট ও সংকট ঘনীভূত হওয়ার হাতছানি; অন্যদিকে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা ও দুর্বল ভিত্তি সমান্তরালভাবে চলমান। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে পাওয়া এবং খাদ্য নিরাপত্তাহীনতার গভীর সংকট মোকাবিলার এই দ্বৈত চ্যালেঞ্জ বাংলাদেশের উন্নয়ন পরিক্রমায় প্রকৃত অর্থেই একটি সন্ধিক্ষণ তৈরি করেছে। যেখানে অর্থনৈতিক সূচকের ইতিবাচক প্রবণতা সত্ত্বেও জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষের প্রাত্যহিক জীবনে ইতিবাচক প্রভাব সীমিত পর্যায়ে রয়েছে। ২০২৪ সালের মার্চে বিবিএসের খানা আয় ও ব্যয় জরিপের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, দেশে পরিবারের সংখ্যা ৪ কোটি ১০ লাখ এবং দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১।

এর মধ্যে দেশের ৪ কোটি ৩৩ লাখ মানুষ ঋণ করে খাদ্যঘাটতি মেটাতে বাধ্য হচ্ছেন। প্রায় দেড় বছর আগে সরকারি প্রতিবেদনে উঠে আসা ঋণগ্রস্ত অন্নসন্ধানীদের সংখ্যা আরও যে অনেক বৃদ্ধি পেয়েছে, তা নিঃসন্দেহে বলা যায়। কারণ মাঝের এ সময়ে বাংলাদেশের আর্থ-সামাজিক-রাজনৈতিক অবস্থা অনেকটাই বদলে গেছে। ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী, দেশের খাদ্যশস্যের মোট মজুত ১৩,৬২,১৬৫ মেট্রিক টন, যার মধ্যে চাল ১৩,০৫,৫২৫ মেট্রিক টন, গম ৫৫,৯৮৮ মেট্রিক টন এবং ধান ১,০০৪ মেট্রিক টন। এমন মজুদ চিত্রে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট এবং জাতিসংঘের এফএও, ডব্লিউএফপি ও ইউনিসেফের আইপিসি প্রতিবেদন বলছে, ডিসেম্বরের মধ্যে দেশের দুর্যোগপ্রবণ জেলাগুলোর ১ কোটি ৬০ লাখ মানুষ খাদ্যনিরাপত্তাহীনতায় পড়তে যাচ্ছে। চরম অপুষ্টির শিকার হতে পারে ১৬ লাখ শিশু। দেশের ৩৬টি জেলায় বসবাসকারী ৯ কোটি ৬৬ লাখ মানুষের খাদ্যনিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে সরকারের খাদ্য মন্ত্রণালয়ের এই আশঙ্কা রাজধানী ঢাকার নিয়ন আলোর ঝলমলে শহরে বসে ঠিক অনুধাবন করা সম্ভব নয়। কারণ, খাদ্য নিরাপত্তাহীনতার এই চিত্রের সঙ্গে কিছুদিন পরপর রিজার্ভ বৃদ্ধিসহ ম্যাক্রো ইকোনমির বেশ কিছু গুরুত্বপূর্ণ সূচকে ভালো করার খবরের তুলনা করলে অর্থনৈতিক পরিস্থিতির স্বাভাবিক প্রবণতা পুনরুদ্ধারের বিষয়টি গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হয়।