রহমত, বরকত ও ইবাদতের মাস রমজান শুরু হয়েছে। এই মাসে সিয়াম সাধনায় ত্যাগ, সহমর্মিতা, মানবতার ছোঁয়া পায়। এ মাসে একটি ভালো কাজে আল্লাহ ৭০ গুণ পর্যন্ত পুরস্কার দেন তার বান্দাদের জন্য। আজ যখন এ লেখাটি লিখছি, তখন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। ১৯৭১-এর বীর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, পরে সেনাবাহিনী প্রধান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাঁর সুযোগ্য সহধর্মিণী তিন-তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী খালেদা জিয়ার একমাত্র জীবিত সন্তান তারেক রহমান বাংলাদেশে ধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তাঁর দায়িত্বের শুরুতেই এসেছে রমজান।

রমজান মাসে বাংলাদেশে অসাধু ব্যবসায়ীরা মানুষের গলা কাটার সুযোগ খোঁজে। অথচ ইউরোপ-আমেরিকায় জনগণ ব্যবসায়ীদের কাছ থেকে ক্রিসমাস উপলক্ষে বিশাল মূল্য হ্রাস পায়। দেশে রমজান মাসে খাদ্যদ্রব্য, পোশাক-আশাক, গহনায় অতিরিক্ত দাম দাবি করা হয়, যা কোনোভাবেই সংযমের মাস রমজানের সঙ্গে যায় না।

গত বছর দেশের মানুষ ড. মুহাম্মদ ইউনূস সরকারের নেতৃত্বে স্বস্তিদায়ক রমজান পার করেছে। তখন দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে ছিল; সাহ্‌রি, ইফতারসহ পুরো মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেয়েছিল।

বিএনপি সরকারের কাছে মানুষের প্রত্যাশাটা স্বাভাবিকভাবেই বেশি। নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা সাহ্‌রি ও তারাবিতে নিশ্চিত করা দরকার। হাসিনা সরকার কুইক রেন্টাল বিদ্যুৎ ও ক্যাপসিটর চার্জের নামে সংসদ থেকে আইন পাস করিয়ে বিদ্যুৎ সেক্টরে দুর্নীতি ও চুরি করে দেশের টাকা বিদেশে পাচার করার ব্যবস্থা করেছে। বিদ্যুৎ সেক্টরে দুর্নীতিতে আওয়ামী লীগ সরকার বড় রেকর্ড গড়েছে।

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পান সাবেক আমলা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি সাবেক বিদ্যুৎ সচিব ছিলেন। ইউনূস সরকারের আমলে বিদ্যুৎ পরিস্থিতি ভালোই ছিল। জনগণ মোটামুটি সন্তুষ্ট গত রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা পাওয়ায়। এ ক্ষেত্রে একটি তথ্য জানানো আবশ্যক। পল্লী বিদ্যুৎ ও আরইবি বাংলাদেশের গ্রামেগঞ্জে মোট ৩ দশমিক ৬৪ কোটি গ্রাহকের (এক পরিবারের চারজন করে সদস্য হলে ১৪ দশমিক ৫৬ কোটি জনগণকে বিদ্যুৎসেবা দিচ্ছে) বিদ্যুৎসেবায় এ প্রতিষ্ঠানটিকে জনগণ দোয়া করেছে সাহ্‌রি, ইফতার ও তারাবির সময় বিদ্যুৎসেবা নিশ্চিত করায়। তারা এ বছরও গতবারের মতো বিদ্যুৎসেবা নিশ্চিতকল্পে নিরলস পরিশ্রম করছে।

তবে এবারের রমজানে গরম ও কৃষি সেচের কারণে বিদ্যুতের চাহিদা গতবারের চেয়ে বেশি হবে। বিদ্যুৎ উৎপাদনকারী পাওয়ার প্লান্টগুলো কি অতিরিক্ত চাহিদার বিদ্যুৎ দিতে পারবে? না পারলে কি বিএনপি সরকারকে কতটা দায় দেওয়া যাবে?

নিত্যপণ্য ও খাদ্যদ্রব্যের মূল্য সহনশীলতাও সংগত কারণেই মানুষের বড় প্রত্যাশার জায়গা। দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুতের ওপর নির্ভর করবে সরকার কীভাবে জনগণকে রমজানে স্বস্তি দেবে? সে ক্ষেত্রে খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয় বিশেষত সাবেক উপদেষ্টা কিছু কাজ করে গেছেন। তবে বিএনপির দায়িত্ব হবে চাঁদাবাজি ও সিন্ডিকেট ব্যবসায়ীদের প্রশাসনের সাহায্যে নিয়ন্ত্রণ করা। কাজটা বলা যত সহজ, করা তার চেয়েও কঠিন। কিন্তু তারেক রহমান ও তাঁর সরকারকে জনগণ এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

ইতোমধ্যে আসন্ন রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, সাহ্‌রি, ইফতার ও তারাবির সময়ে যেন বিদ্যুৎ নিরবচ্ছিন্ন থাকে তার নির্দেশ দিয়েছেন প্রধামন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে তার নির্দেশনা দিয়েছেন। তার মানে আমরা স্বস্তিদায়ক রমজানের প্রত্যাশা করতেই পারি। আমরা চাই, সরকার ও প্রশাসনের দায়িত্বশীলরা সক্রিয় থেকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক।

মেজর আহম্মেদ ফেরদৌস (অব.): নিরাপত্তা বিশ্লেষক ও কলাম লেখক