বাংলাদেশসহ উন্নয়নশীল অনেক দেশে স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হলেও বাস্তব চিত্রে সেই অধিকার বাস্তবায়নে নানা বৈষম্য ও চ্যালেঞ্জ বিদ্যমান। বিশেষ করে সরকারি হাসপাতালের চিকিৎসকরা অফিস সময়ে বেসরকারি হাসপাতাল কিংবা নিজস্ব প্রাইভেট ক্লিনিকে ব্যস্ত থাকার অভিযোগ দীর্ঘদিন ধরে জনমনে আলোচিত। সাধারণ মানুষ প্রত্যাশা করে, সরকারি হাসপাতালে তারা স্বল্প খরচে কিংবা বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, পরামর্শ ও প্রয়োজনীয় ল্যাব পরীক্ষার সুযোগ পাবে।

বাস্তবে অনেক রোগীকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, চিকিৎসকের অনুপস্থিতি কিংবা সীমিত সময়ের কারণে তারা পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হয়। অন্যদিকে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে একই চিকিৎসককে পাওয়া যায়, যেখানে পরামর্শ ফি, পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য সেবার জন্য তুলনামূলকভাবে বেশি অর্থ ব্যয় করতে হয়। এই দ্বৈত ভূমিকার ফলে রোগীর মনে প্রশ্ন জাগে, স্বাস্থ্যসেবা কি সত্যিই ন্যায্য ও সমান সুযোগের ভিত্তিতে প্রদান করা হচ্ছে? প্রযুক্তির অগ্রগতির এই যুগে, যখন অনেক রোগ নির্ণয় ও চিকিৎসা ডিজিটাল সিস্টেম, আধুনিক যন্ত্রপাতি ও টেলিমেডিসিনের মাধ্যমে সম্ভব, তখন চিকিৎসা ব্যয় কম হওয়া কি আরও যুক্তিসঙ্গত নয়?

এই প্রেক্ষাপটে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ভারসাম্য, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি গভীরভাবে আলোচনার প্রয়োজন। সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো সমাজের সব শ্রেণির মানুষকে, বিশেষ করে দরিদ্র ও নি¤œ আয়ের জনগোষ্ঠীকে সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করা। এখানে চিকিৎসকরা রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী হিসেবে একটি নির্দিষ্ট সময়সূচি ও দায়িত্বের আওতায় কাজ করেন। তাদের উপস্থিতি ও আন্তরিকতা রোগীর আস্থা ও চিকিৎসার মানের ওপর সরাসরি প্রভাব ফেলে।

কিন্তু বাস্তবে দেখা যায়, অনেক সময় চিকিৎসকরা সরকারি দায়িত্বের বাইরে অতিরিক্ত আয়ের জন্য বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে সময় দেন। ফলে সরকারি হাসপাতালে রোগীর ভিড় বেড়ে যায়, অপেক্ষার সময় দীর্ঘ হয় এবং সেবার মান ক্ষতিগ্রস্ত হয়। এতে দরিদ্র রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। কারণ তাদের কাছে বেসরকারি চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য নেই। বেসরকারি স্বাস্থ্য খাতের একটি বড় অংশজুড়ে রয়েছে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও আধুনিক হাসপাতাল। এখানে রোগীরা দ্রুত সেবা, পরিচ্ছন্ন পরিবেশ ও আধুনিক যন্ত্রপাতির সুবিধা পায়, যা অনেক সময় সরকারি হাসপাতালে সীমিত। তবে এই সুবিধার সঙ্গে যুক্ত থাকে উচ্চ ব্যয়। পরামর্শ ফি, বিভিন্ন ধরনের ল্যাব টেস্ট, ইমেজিং, ওষুধ ও অন্যান্য সেবার জন্য রোগীদের অনেক সময় অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। কিছু ক্ষেত্রে অভিযোগ ওঠে, প্রয়োজনের তুলনায় বেশি পরীক্ষা-নিরীক্ষা করানো হয়, যা রোগীর আর্থিক অবস্থাকে আরও দুর্বল করে তোলে। নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের জন্য একটি গুরুতর রোগ মানে শুধু শারীরিক কষ্ট নয়, আর্থিক সংকটও।

অনেক পরিবারকে জমি-জমা বিক্রি, ঋণ নেওয়া বা সঞ্চয় ভেঙে চিকিৎসা খরচ মেটাতে হয়। এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, চিকিৎসা কি একটি ব্যবসা হয়ে উঠছে। নাকি এটি মানবিক সেবা হিসেবেই থাকা উচিত। তবে প্রায়ই দেখা যায় অনেক বেসরকারি ক্লিনিকে অদক্ষ কর্মচারী নিজেদের চিকিৎসক বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা প্রদান করছে, যা মারাত্মক ঝুঁকিপূর্ণ। যথাযথ জ্ঞান ও অভিজ্ঞতার অভাবে ভুল চিকিৎসা, ভুল ওষুধ প্রয়োগ এবং অবহেলার কারণে রোগীর জীবন বিপন্ন হয়ে পড়ে। এতে শুধু শারীরিক ক্ষতিই নয়, রোগীর পরিবারকেও মানসিক ও আর্থিক সংকটে পড়তে হয়। তাই সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত নিয়মিত তদারকি, লাইসেন্স যাচাই এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এসব অনিয়ম বন্ধ করা। চিকিৎসা পেশাটি শুধু একটি চাকরি নয়, এটি একটি মানবিক দায়িত্বও বটে। একজন চিকিৎসকের শপথের মূল কথাই হলো রোগীর কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। তাই সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাগত নৈতিকতা, সময়ানুবর্তিতা এবং রোগীর প্রতি সহানুভূতি অপরিহার্য। রাষ্ট্রের পক্ষ থেকেও চিকিৎসকদের জন্য উপযুক্ত বেতন, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত উন্নয়নের সুযোগ নিশ্চিত করা জরুরি, যাতে তারা সরকারি দায়িত্বকে অবহেলা এবং ব্যক্তিগত আয়ের জন্য অতিরিক্ত চাপ অনুভব না করেন। আবার বেসরকারি খাতের অবদানও অস্বীকার করা যায় না।

কারণ তারা অনেক ক্ষেত্রে সরকারি খাতের ওপর চাপ কমায় এবং উন্নত প্রযুক্তি ও বিশেষায়িত চিকিৎসার সুযোগ দেয়। তবে এর সঙ্গে ন্যায্য মূল্য নির্ধারণ, স্বচ্ছতা ও রোগীর স্বার্থ রক্ষার বিষয়টি নিশ্চিত করা জরুরি। সরকার ও নিয়ন্ত্রক সংস্থার উচিত বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করা, যাতে রোগীরা অপ্রয়োজনীয় আর্থিক শোষণের শিকার না হন। দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা ডাক্তারি পড়ে এবং এদের পেছনে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, যা এই গরিব জনগণের ট্যাক্স থেকে আসে। কিন্তু প্রাইভেট চেম্বারে তাদের ভিজিট ফি কোনোভাবেই ১০০০, ১৫০০ কিংবা ২০০০ টাকা হওয়া উচিত নয়। যদিও কিছু ডাক্তার আছেন তারা নামমাত্র মূল্যে রোগী দেখে থাকেন। তবে এই সংখ্যা খুব কম। তাই ব্যাপারে সরকারের কঠোর নজরদারি দরকার। পাশাপাশি একজন ডাক্তার দৈনিক কয়জন রোগী দেখবেন এর একটি হিসাব থাকা উচিত। বর্তমান যুগে চিকিৎসা বিজ্ঞানে প্রযুক্তির ভূমিকা ক্রমে বাড়ছে। ডিজিটাল রেকর্ড, কৃত্রিম বুদ্ধিমত্তা, টেলিমেডিসিন, রোবোটিক সার্জারি ও আধুনিক ডায়াগনস্টিক যন্ত্রপাতি রোগ নির্ণয় ও চিকিৎসাকে আরও দ্রুত ও নির্ভুল করে তুলেছে। টেলিমেডিসিনের মাধ্যমে দূরবর্তী এলাকার মানুষ ঘরে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারছে, যা যাতায়াত খরচ ও সময় সাশ্রয় করে। ডিজিটাল রিপোর্টিং সিস্টেম পরীক্ষার ফল দ্রুত পাওয়ার সুযোগ দেয়। ফলে চিকিৎসা শুরু করাও সহজ হয়। তাত্ত্বিকভাবে, প্রযুক্তির এই অগ্রগতি চিকিৎসা খরচ কমাতে সহায়ক হওয়ার কথা। কারণ প্রক্রিয়া স্বয়ংক্রিয় হলে মানবশ্রম ও সময়ের প্রয়োজন কমে যায়।

তবে অনেক ক্ষেত্রে দেখা যায়, আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির উচ্চ স্থাপন ও রক্ষণাবেক্ষণ খরচ রোগীর ওপরই এসে পড়ে। ফলে সেবার মান বাড়লেও ব্যয় কমার পরিবর্তে বেড়ে যায়। এই দ্বন্দ্বের সমাধানে প্রয়োজন রাষ্ট্র ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ। সরকার যদি প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবায় বিনিয়োগ বাড়ায়, সরকারি হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি ও ডিজিটাল সেবা চালু করে, তবে সাধারণ মানুষ স্বল্প খরচে উন্নত চিকিৎসা পেতে পারে। একই সঙ্গে স্বাস্থ্য বীমা ব্যবস্থা শক্তিশালী করা হলে রোগীর ব্যক্তিগত আর্থিক চাপ কমবে এবং চিকিৎসা আরও সহজলভ্য হবে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ন্যায্যতা মানে হলো সমাজের প্রতিটি মানুষ, তার আর্থিক অবস্থা নির্বিশেষে, প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার সুযোগ। সরকারি ও বেসরকারি খাতের মধ্যে ভারসাম্য বজায় রাখা, চিকিৎসকদের পেশাগত নৈতিকতা নিশ্চিত করা এবং প্রযুক্তির সুফল সবার কাছে পৌঁছে দেওয়া এই ন্যায্যতার মূল ভিত্তি। চিকিৎসকদের জন্য স্পষ্ট নীতিমালা থাকা উচিত, যাতে তারা সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি বেসরকারি খাতে কাজ করলে সেটি স্বচ্ছ ও নিয়ন্ত্রিত হয়। একই সঙ্গে রোগীর অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি।

যাতে তারা অপ্রয়োজনীয় পরীক্ষা বা অতিরিক্ত খরচের বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারেন। ভবিষ্যতের স্বাস্থ্য ব্যবস্থা হওয়া উচিত প্রযুক্তিনির্ভর, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক। যেখানে আধুনিক চিকিৎসা পদ্ধতি সবার জন্য সহজলভ্য হবে, আর্থিক বাধা কম থাকবে এবং চিকিৎসক-রোগীর সম্পর্ক গড়ে উঠবে বিশ্বাস ও সম্মানের ভিত্তিতে। রাষ্ট্র, চিকিৎসক, বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ- সবাই মিলে যদি একটি ন্যায্য ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করে, তবে চিকিৎসা আর কেবল ব্যয়ের বোঝা নয়, বরং সুস্থ ও সুন্দর সমাজ গঠনের একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে।

লেখক : অধ্যাপক ও আইটি গবেষক, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়