ভোরবেলা ঠাকুরগাঁও স্টেশনে যখন সূর্য উঁকি দেয়, তখনো ট্রেনের বাঁশি শোনা যায় না। নির্ধারিত সময় পেরিয়ে ঘড়ির কাঁটা ঘুরে যায়, যাত্রীদের চোখে ক্লান্তি আর ক্ষোভ। কেউ অফিসে যাওয়ার তাড়া সামলাচ্ছে, কেউ হাসপাতালে রোগী নিয়ে অপেক্ষায়, কেউবা দূরের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পৌঁছাতে হিমশিম খাচ্ছে। উত্তরবঙ্গের রেলপথে এই চিত্র যেন এখন প্রতিদিনের গল্প সময় আর শৃঙ্খলা এখানে বহু আগেই হারিয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চল দেশের এক গুরুত্বপূর্ণ অঞ্চল। কৃষি, ব্যবসা, শিক্ষা সবক্ষেত্রেই এই অঞ্চলের মানুষ নির্ভরশীল রেলপথের ওপর। কিন্তু দুঃখের বিষয়, রাজধানী ও দক্ষিণাঞ্চলের তুলনায় উত্তরবঙ্গের ট্রেনসেবা যেন চিরকালই উপেক্ষিত।
পঞ্চগড় এক্সপ্রেস , দ্রুতযান এক্সপ্রেস , একতা এক্সপ্রেস নাম শুনতে যত চমকপ্রদ, বাস্তবে যাত্রীদের ভোগান্তি ততই তীব্র। কখনো ঘণ্টার পর ঘণ্টা দেরি, কখনো টিকিটের কালোবাজারি, কখনো বা ট্রেনে পর্যাপ্ত আসন বা নিরাপত্তা না থাকা ও আন্তনগর ট্রেন হওয়া সত্ত্বেও নিম্ন মানের বগি- সব মিলিয়ে রেলপথে যাত্রা মানেই এক অনিশ্চিত অভিযান। রেলের এই অব্যবস্থাপনার প্রভাব পড়ছে উত্তরবঙ্গের অর্থনীতি ও জীবনযাত্রায়। ব্যবসায়ীরা সময়মতো পণ্য পাঠাতে না পারায় ক্ষতির মুখে পড়ছেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন না নির্দিষ্ট সময়ে, চিকিৎসার জন্য ঢাকামুখী রোগীরা পড়ছেন চরম দুর্ভোগে। প্রশ্ন জাগে, উন্নয়নের যে ট্রেন আমরা এতদিন ধরে শুনে আসছি, তা কি উত্তরবঙ্গের দিকে এখনো ছুটেছে?
রেলওয়ের কর্মকর্তারা অনেক সময় নানা অজুহাত দেন- পুরনো লাইন, সংকেত সমস্যা, লোকবল ঘাটতি। কিন্তু এই অজুহাতের রেলগাড়ি কতদিন চলবে? যখনই দেশের অন্য অঞ্চলে নতুন ট্রেন বা আধুনিক কোচ চালু হয়, উত্তরবঙ্গ যেন থেকে যায় তালিকার শেষ প্রান্তে। এ বৈষম্য কেবল পরিবহন ব্যবস্থায় নয়, এটি এক ধরনের মনস্তাত্ত্বিক প্রান্তিকতাও তৈরি করছে। যেখানে উত্তরবঙ্গের মানুষ মনে করেন, রাজধানীর কাছে তাদের কণ্ঠ খুবই ক্ষীণ। তবু আশার জায়গা আছে। উত্তরবঙ্গের মানুষ পরিশ্রমী, ধৈর্যশীল এবং দাবি জানাতে জানেন। সময় এসেছে সরকার ও রেল প্রশাসনের আন্তরিক পদক্ষেপের। ডাবল রেললাইন, আধুনিক সিগনাল ব্যবস্থা, টিকিটিং সিস্টেমে স্বচ্ছতা এবং লোকাল ট্রেন সার্ভিস বৃদ্ধি করা ও উন্নত মানের বগি এসব বাস্তবায়নই পারে উত্তরবঙ্গের ট্রেনসেবাকে প্রাণ ফিরিয়ে দিতে। রেল শুধু লোহা আর চাকা নয়, এটি মানুষের জীবনযাত্রার ছন্দ, উন্নয়নের শিরা। সেই ছন্দ যাতে আবার সচল হয়, তার জন্য এখনই দরকার দায়িত্বশীলতা, পরিকল্পনা আর সদিচ্ছা। নইলে উত্তরবঙ্গের ট্রেন থেকে শুধু সময় নয়, মানুষের আস্থাও চিরতরে হারিয়ে যাবে।
