একটি শিশু অপরাধী হয়ে জন্মায় না। পরিবার, বিদ্যালয়, সামাজিক পরিবেশ, বন্ধুমহল, প্রযুক্তির অপব্যবহার, মাদক, সহিংসতা, অবহেলা এবং আইন প্রয়োগের দুর্বলতা—বিভিন্ন কারণের সম্মিলিত প্রভাবে ধীরে ধীরে একটি শিশু অপরাধপ্রবণ হয়ে উঠতে পারে। তাই কিশোর অপরাধকে শুধু আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে দেখলে এর গভীর সামাজিক কারণগুলো আড়ালে থেকে যায়। প্রশ্নটি হওয়া উচিত—একটি শিশু অপরাধে জড়িয়ে পড়ার আগেই তাকে আমরা কোথায় হারিয়ে ফেলছি?
বাংলাদেশে শিশুর সুরক্ষা পরিস্থিতির সাম্প্রতিক চিত্র যথেষ্ট উদ্বেগজনক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের ২০২৫ সালের বহুমাত্রিক সূচক জরিপ অনুযায়ী, ১ থেকে ১৪ বছর বয়সী ৮৫ দশমিক ৭ শতাংশ শিশু গত এক মাসে কোনো না কোনো শারীরিক শাস্তি বা মানসিক আগ্রাসনের শিকার হয়েছে। অর্থাৎ প্রতি ১০ শিশুর প্রায় ৯ জনই সহিংস শাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। একই জরিপে ৫ থেকে ১৭ বছর বয়সী ৯ দশমিক ২ শতাংশ শিশু শিশুশ্রমে যুক্ত থাকার তথ্য পাওয়া গেছে।
এই তথ্যগুলোকে কেবল শিশুর অধিকার লঙ্ঘনের পরিসংখ্যান হিসেবে দেখলে চলবে না। এগুলো ভবিষ্যৎ অপরাধপ্রবণতার সম্ভাব্য সামাজিক ঝুঁকিরও সংকেত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শৈশবে সহিংসতার অভিজ্ঞতা পরবর্তী জীবনে আচরণগত সমস্যা, বিদ্যালয় থেকে ঝরে পড়া, মাদকাসক্তি, মানসিক সমস্যাসহ সহিংস আচরণের ঝুঁকি বাড়াতে পারে। শিশু ও কিশোরদের সহিংসতার ক্ষেত্রে পারিবারিক বন্ধনের দুর্বলতা, দুর্বল অভিভাবকত্ব, অপরাধপ্রবণ বন্ধুমহল, পারিবারিক সহিংসতা, দারিদ্র্য, সামাজিক বৈষম্য, মাদক এবং দুর্বল সামাজিক সুরক্ষা গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসেবে চিহ্নিত। অপরাধের শুরু পরিবারেই কি?
একটি শিশুর প্রথম বিদ্যালয় পরিবার। বাবা-মায়ের আচরণ, কথা বলার ধরন, শাসন-পদ্ধতি, সন্তানের প্রতি মনোযোগ এবং পারিবারিক মূল্যবোধ তার আচরণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ বাংলাদেশে ২০২৫ সালের জরিপে দেখা যাচ্ছে, ৮৬ শতাংশ শিশু শারীরিক বা মানসিক সহিংস শাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। যদিও ২০১৯ সালের তুলনায় এই হার কিছুটা কমেছে, তবু পরিস্থিতি এখনো অত্যন্ত গুরুতর।
শাসন ও নির্যাতনের মধ্যে পার্থক্য না করলে শিশুর মধ্যে ভয়, ক্ষোভ ও প্রতিশোধপরায়ণতা তৈরি হতে পারে। একটি শিশু যখন ঘরে নিয়মিত অপমান, মারধর বা অবহেলা দেখে, তখন সহিংসতাকে সে স্বাভাবিক আচরণ হিসেবে গ্রহণ করার ঝুঁকিতে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে, শিশুর প্রতি সহিংসতার অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকি হলো দুর্বল অভিভাবকত্ব, পরিবারে সহিংসতার উপস্থিতি এবং শিশুর সঙ্গে অভিভাবকের দুর্বল আবেগীয় সম্পর্ক।
তাই অপরাধ প্রতিরোধের প্রথম প্রতিষ্ঠান পুলিশ নয়—পরিবার। বিদ্যালয় কি শুধু পরীক্ষার ফলের জন্য?
শিশু ও কিশোরের আচরণগত বিকাশে বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। কিন্তু শিক্ষা যদি শুধু পরীক্ষা, ফলাফল ও প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকে, তাqহলে শিশুর মানসিক স্বাস্থ্য, নৈতিকতা, সামাজিক দক্ষতা, বিরোধ মীমাংসা, সহমর্মিতা এবং দায়িত্ববোধ পর্যাপ্ত গুরুত্ব নাও পেতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিশোর সহিংসতা প্রতিরোধে জীবনদক্ষতা শিক্ষা, বিদ্যালয়ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা এবং ইতিবাচক অভিভাবকত্বের ওপর গুরুত্ব দিয়েছে।
অতএব বিদ্যালয়ে একজন শিক্ষার্থীর আচরণ হঠাৎ বদলে গেলে সেটিকে কেবল শাস্তির বিষয় হিসেবে না দেখে কারণ অনুসন্ধানের ব্যবস্থা থাকা দরকার। নিয়মিত অনুপস্থিতি, ফলাফলের আকস্মিক অবনতি, অতিরিক্ত আক্রমণাত্মক আচরণ, মাদক বা অপরাধপ্রবণ বন্ধুমহলের সঙ্গে সম্পর্ক—এসবকে প্রাথমিক সতর্কসংকেত হিসেবে বিবেচনা করা যেতে পারে। রাস্তা ও ডিজিটাল জগতের ঝুঁকি—
বাংলাদেশে শিশুর একটি বড় অংশ এখন ঘর ও বিদ্যালয়ের বাইরে নানা ঝুঁকিপূর্ণ পরিবেশের মুখোমুখি হচ্ছে। ইউনিসেফের ২০২৪ সালের গবেষণায় বলা হয়েছে, দেশে ৩৪ লাখের বেশি শিশু রাস্তার পরিস্থিতিতে বসবাস করছে বা জীবনযাপন করছে এবং তারা পারিবারিক সুরক্ষা থেকে বঞ্চিত।
অন্যদিকে ডিজিটাল প্রযুক্তি শিশুদের নতুন সুযোগের পাশাপাশি নতুন ঝুঁকিও তৈরি করেছে। অনলাইন হয়রানি, সহিংসতার প্রচার, অপরাধের কৌশল শেখা, প্রতারণা, মাদকসংক্রান্ত যোগাযোগ এবং অপরাধপ্রবণ ব্যক্তিদের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগ—এসব বিষয়ে অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সচেতনতা প্রয়োজন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কিশোর সহিংসতার মধ্যে প্রযুক্তিনির্ভর সহিংসতাও অন্তর্ভুক্ত এবং অনলাইন ও অফলাইন উভয় পরিবেশে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। রাষ্ট্রের দায়িত্ব কোথায়?
কোনো শিশু অপরাধে জড়িয়ে পড়লে শুধু তাকে গ্রেপ্তার করাই রাষ্ট্রের দায়িত্ব নয়। রাষ্ট্রের দায়িত্ব হলো অপরাধের কারণ শনাক্ত করা, শিশুকে সুরক্ষা দেওয়া, ন্যায়বিচার নিশ্চিত করা এবং সম্ভব হলে তাকে সমাজে পুনঃএকীভূত করা।
বাংলাদেশের শিশু আইন, ২০১৩-এ শিশুদের জন্য বিকল্প ব্যবস্থা বা বিচ্যুতিমূলক ব্যবস্থার সুযোগ রাখা হয়েছে। গুরুতর নয় এমন অপরাধের ক্ষেত্রে শিশুকে সরাসরি কঠোর বিচারিক প্রক্রিয়ায় না নিয়ে পুনর্মিলন, সামাজিক পুনর্বাসন ও অন্যান্য বিকল্প ব্যবস্থার মাধ্যমে সংশোধনের সুযোগ দেওয়ার বিধান রয়েছে।
কিন্তু বাস্তব সক্ষমতা বড় প্রশ্ন। ইউনিসেফের সাম্প্রতিক তথ্যে বাংলাদেশে শিশুদের আইনসংক্রান্ত প্রায় ৪০ হাজার মামলা বিচারাধীন থাকার কথা বলা হয়েছে; একই সঙ্গে দেশে মাত্র ৭০ জন প্রবেশন কর্মকর্তার কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আইনে যে মানবিক ও পুনর্বাসনভিত্তিক ব্যবস্থা রয়েছে, তার কার্যকর প্রয়োগের জন্য জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো জরুরি।
এখানেই রাষ্ট্রের বড় দায়িত্ব—শিশুকে অপরাধী হিসেবে চিহ্নিত করার আগে তাকে সংশোধনের সুযোগ দেওয়া এবং অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে আগাম ব্যবস্থা নেওয়া। আন্তর্জাতিক অভিজ্ঞতার শিক্ষা—
জাতিসংঘের অপরাধ ও মাদকবিষয়ক দপ্তর দীর্ঘদিন ধরে বলে আসছে, শিশু ও তরুণদের অপরাধ প্রতিরোধে কেবল শাস্তিমূলক ব্যবস্থা যথেষ্ট নয়। শিক্ষা, সামাজিক অন্তর্ভুক্তি, কর্মসংস্থানের সুযোগ, পরিবার ও সম্প্রদায়ের সহায়তা এবং পুনর্বাসনকে অপরাধ প্রতিরোধের অংশ করতে হবে। জাতিসংঘের সাম্প্রতিক অপরাধ প্রতিরোধসংক্রান্ত নথিতেও শিশু ও তরুণদের দৃষ্টিভঙ্গিকে অপরাধ প্রতিরোধ কৌশলের কেন্দ্রে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ইনস্পায়ার’ কাঠামোও সাতটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে সামনে আনে—আইন বাস্তবায়ন, সামাজিক মূল্যবোধের পরিবর্তন, নিরাপদ পরিবেশ, অভিভাবক সহায়তা, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় সহায়তা সেবা এবং শিক্ষা ও জীবনদক্ষতা।
অর্থাৎ বিশ্বের অভিজ্ঞতা একটি বিষয় স্পষ্ট করেছে—অপরাধ হওয়ার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে অপরাধ হওয়ার আগেই ঝুঁকি কমানো অনেক বেশি কার্যকর। বাংলাদেশের জন্য কী করা জরুরি?
প্রথমত, জাতীয় শিশু-কিশোর অপরাধ ঝুঁকি পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজসেবা, স্থানীয় সরকার, স্বাস্থ্যসেবা এবং শিশু সুরক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য সমন্বয় করে কোন এলাকায় কোন ধরনের ঝুঁকি বাড়ছে তা নিয়মিত শনাক্ত করতে হবে।
দ্বিতীয়ত, প্রতিটি বিদ্যালয়ে আচরণগত ও মানসিক সহায়তা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। শিক্ষার্থীর আচরণগত পরিবর্তনকে অপরাধের প্রমাণ না ধরে প্রাথমিক সতর্কসংকেত হিসেবে বিবেচনা করতে হবে।
তৃতীয়ত, অভিভাবকদের জন্য ইতিবাচক শাসন ও সন্তান পালনের প্রশিক্ষণ চালু করা দরকার। কারণ ৮৬ শতাংশ শিশুর সহিংস শাসনের অভিজ্ঞতা আমাদের বলে, সমস্যা শুধু শিশুদের মধ্যে নয়; বড়দের আচরণেও বড় পরিবর্তন প্রয়োজন।
চতুর্থত, স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা কমিটি কার্যকর করতে হবে। ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে পুলিশ, শিক্ষক, সমাজকর্মী, জনপ্রতিনিধি, চিকিৎসক, অভিভাবক ও তরুণ প্রতিনিধিদের সমন্বয়ে একটি কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা যেতে পারে।
পঞ্চমত, প্রবেশন কর্মকর্তা ও প্রশিক্ষিত সমাজকর্মীর সংখ্যা দ্রুত বাড়াতে হবে। কারণ শিশুকে আদালতে পাঠানোর পর যদি তার পরিবার, শিক্ষা, মানসিক অবস্থা ও সামাজিক পরিবেশ নিয়ে কাজ করার মতো পর্যাপ্ত জনবল না থাকে, তাহলে পুনর্বাসনভিত্তিক বিচারব্যবস্থা কাগজে থাকলেও বাস্তবে দুর্বল হয়ে পড়বে।
ষষ্ঠত, অপরাধপ্রবণ কিশোরদের জন্য পুনর্বাসন ও দ্বিতীয় সুযোগের ব্যবস্থা করতে হবে। শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, কাউন্সেলিং ও কর্মদক্ষতার মাধ্যমে তাদের মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব।
সপ্তমত, অপরাধের সঙ্গে জড়িত প্রাপ্তবয়স্ক নিয়ন্ত্রকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কোনো শিশু অপরাধে জড়ালে শুধু শিশুটিকে গ্রেপ্তার করে সমস্যার সমাধান করা যাবে না; কে তাকে ব্যবহার করছে, কে অর্থ দিচ্ছে, কে অস্ত্র বা মাদক সরবরাহ করছে এবং কারা তাকে অপরাধে প্ররোচিত করছে—সেই শিকড়ও খুঁজে বের করতে হবে।
অষ্টমত, ডিজিটাল অপরাধ প্রতিরোধে শিশু-কেন্দ্রিক নিরাপত্তা শিক্ষা চালু করতে হবে। শুধু মোবাইল কেড়ে নেওয়া নয়; বরং কীভাবে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ এড়াতে হবে, অনলাইন হয়রানি শনাক্ত করতে হবে, সন্দেহজনক যোগাযোগ জানাতে হবে এবং ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করতে হবে—এসব শেখাতে হবে। দায় কার? পরিবার, সমাজ নাকি রাষ্ট্রের?
বাস্তবতা হলো, দায় একক কোনো পক্ষের নয়। পরিবার প্রথম প্রতিরোধব্যবস্থা; বিদ্যালয় দ্বিতীয়; সমাজ তৃতীয়; আর রাষ্ট্র হলো আইন, প্রতিষ্ঠান, সেবা ও জবাবদিহির প্রধান অভিভাবক। এদের যেকোনো একটি স্তর ব্যর্থ হলে শিশুর ঝুঁকি বাড়ে।
তবে দায় নির্ধারণের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ নৈতিক বিষয় মনে রাখতে হবে—একটি শিশুর অপরাধের জন্য শিশুটিকে একমাত্র দায়ী করলে আমরা সমস্যার অর্ধেকই দেখব। তার পেছনে থাকা পরিবার, বন্ধুমহল, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত পরিবেশ এবং প্রাপ্তবয়স্ক অপরাধচক্র—সবকিছুকে বিবেচনায় নিতে হবে।
বাংলাদেশের জন্য এখন প্রয়োজন ‘অপরাধী শিশু’ দেখার দৃষ্টিভঙ্গি থেকে ‘ঝুঁকিতে থাকা শিশু’ শনাক্ত করার দৃষ্টিভঙ্গিতে যাওয়া। কারণ অপরাধ সংঘটিত হওয়ার পর পুলিশ পাঠানো একটি প্রতিক্রিয়া; কিন্তু অপরাধে যাওয়ার আগেই একটি শিশুকে বিদ্যালয়ে ধরে রাখা, পরিবারকে সহায়তা দেওয়া, কাউন্সেলিং করা, খেলাধুলা ও দক্ষতার সুযোগ সৃষ্টি করা এবং নিরাপদ সামাজিক পরিবেশ তৈরি করা হলো প্রকৃত প্রতিরো~
একটি সমাজের উন্নয়ন শুধু তার অর্থনীতি, অবকাঠামো বা প্রযুক্তি দিয়ে পরিমাপ করা যায় না; সমাজ তার শিশুদের কতটা নিরাপদ রাখতে পারছে, সেটিও উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক।
বাংলাদেশের ২০২৫ সালের জরিপে যখন ৮৬ শতাংশ শিশুর সহিংস শাসনের অভিজ্ঞতা, ৯ দশমিক ২ শতাংশ শিশুর শিশুশ্রমে যুক্ত থাকা এবং শিশুদের বিচারব্যবস্থায় বিপুলসংখ্যক বিচারাধীন মামলার বাস্তবতা সামনে আসে, তখন বিষয়টি আর বিচ্ছিন্ন আইনশৃঙ্খলার সমস্যা থাকে না। এটি রাষ্ট্র, পরিবার ও সমাজের জন্য একটি সম্মিলিত সতর্কবার্তা।
আজ যে শিশুটি স্কুলে যাওয়ার বদলে রাস্তায় ঘুরছে, যে শিশু ঘরে নিয়মিত সহিংসতার শিকার হচ্ছে, যে কিশোর বিদ্যালয় থেকে বিচ্ছিন্ন হয়ে অপরাধপ্রবণ বন্ধুমহলে ঢুকে পড়ছে কিংবা যে তরুণ অনলাইনে অপরাধের নেটওয়ার্কে যুক্ত হচ্ছে—তাকে সময়মতো ফিরিয়ে আনতে না পারলে আগামী দিনের অপরাধের বোঝা আরও বাড়বে।
সুতরাং সমাধান শুধু কঠোর শাস্তি নয়; আগাম সতর্কতা, পরিবারকে শক্তিশালী করা, মানসম্মত শিক্ষা, নিরাপদ সামাজিক পরিবেশ, দক্ষ সমাজকর্মী, দ্রুত ও শিশুবান্ধব বিচার, পুনর্বাসন এবং প্রাপ্তবয়স্ক অপরাধচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা—এই সমন্বিত পথেই এগোতে হবে।
একটি শিশু অপরাধে জড়িয়ে পড়ার আগে যদি পরিবার তাকে সময় দেয়, বিদ্যালয় তাকে বুঝতে শেখে, সমাজ তাকে গ্রহণ করে এবং রাষ্ট্র তাকে সুরক্ষা দেয়—তাহলে অনেক অপরাধের জন্মই হবে না।
কারণ শিশুকে শাস্তি দিয়ে একটি অপরাধের হিসাব মেটানো যায়; কিন্তু একটি শিশুকে রক্ষা করে একটি ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা যায়।
