আগামীকাল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের সময় প্রায় শেষ। ব্যাংকিং খাতের ধ্বংস, রিজার্ভের পতন রোধ করাসহ কিছু অগ্রগতি ছাড়া অর্থনীতির অন্যান্য সূচকে খুব একটা অগ্রগতি দেখা যায়নি। স্বৈরাচার আমলের কার্পেটের নিচে লুকিয়ে রাখা মন্দ ঋণ বের করা এই সরকারের অন্যতম কৃতিত্ব। পরিসংখ্যান বলে, ২০০৮ সালের তুলনায় ২০২৫-এর সেপ্টেম্বরে খেলাপি ঋণ হয়েছে প্রায় ২৯ গুণ। ২০০৮ সালে খেলাপি ঋণ ছিল প্রায় ২২ হাজার কোটি টাকা, যা সেপ্টেম্বর ২০২৫-এ ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা বা ৩৫.৭৩ শতাংশে পৌঁছেছে। এটি দেশের ব্যাংকিং খাতের জন্য বড় সংকট। কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ কমিয়ে আনতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে। প্রকৃত অর্থে যারা যৌক্তিক কারণে খেলাপি হয়েছিল, তাদের জন্য এ উদ্যোগ বেশ ফলপ্রসূ হবে বলে আশা করা যায়। সত্যিকার ফল পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। নতুন সরকারকে ব্যাংকের খেলাপি ঋণ কমানোর বিশেষ উদ্যোগ হাতে নিতে হবে। খেলাপি ঋণ আদায়ে বিশেষ আদালত স্থাপনের ব্যবস্থা নেওয়া যেতে পারে।
মূল্যস্ফীতির চাপে চিড়ে-চ্যাপটা হয়ে আছে মানুষ। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে গিয়েই আয়ের সিংহভাগ ব্যয় হয়ে যাচ্ছে। মূল্যস্ফীতি বাগে আনার অনেক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ; কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি। কারণ শুধু প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিয়ে সরবরাহজনিত এবং সিন্ডিকেট নিয়ন্ত্রিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা দুরূহ ব্যাপার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সিন্ডিকেট প্রথা চিরতরে নির্মূল করতে হবে। যদিও রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার এবং প্রতিদিনের বক্তৃতা-বিবৃতিতে আশার বাণী শুনিয়ে যাচ্ছে, মানুষ বাস্তবে এর প্রতিফলন দেখতে চাইবে। আন্তর্জাতিক বাজার থেকে প্রতিযোগিতা মূল্যে পণ্য আমদানির ব্যবস্থা করে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। এ ছাড়া দেশীয় উদ্যোক্তাদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারলে পণ্য উৎপাদন যেমন বাড়বে, তেমনি কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে।
কর্মসংস্থান একটি বিরাট সমস্যা। প্রতিবছর প্রায় ২০ লাখ তরুণ-তরুণী চাকরির বাজারে প্রবেশ করে। কিন্তু খুব কম সংখ্যক লোকেরই চাকরি হয়। অন্যদিকে অনেকেই বেশি যোগ্যতা নিয়ে কম বেতনে কাজ করে। তাদের একটি অংশ বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করে থাকে। তারা অবৈধভাবে বিদেশে যেতে জীবনের ঝুঁকিও নেয়। কেউ কেউ সফল হয়, আবার কেউ সাগরে ডুবে প্রাণ হারায়, যা খুবই বেদনাদায়ক। এসব উদ্যমী তরুণের জন্য যথাযথ কাজের ব্যবস্থা করা সামনের সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত।
জনগণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রত্যাশা থাকবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। যারাই দুর্নীতি করবে, তাদের আইনের হাতে সোপর্দ করতে হবে। দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ ছিল স্বৈরাচারী সরকারের পছন্দের একটি বুলি। কিন্তু তারা মুখে যা বলছে, করেছে তার ঠিক উল্টো। ভবিষ্যৎ সরকারের কাছে এই জিরো টলারেন্স আর শুনতে চায় না মানুষ। দুর্নীতিবাজদের ধরে ধরে বিচারের আওতায় আনতে হবে। ২০১৫ সালে যখন পে স্কেল ঘোষণা করা হয়, তখন বলা হয়েছিল, এবার দুর্নীতি ও ঘুষের দাপট কমবে। বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। আবারও বর্তমান সরকার নতুন পে স্কেলের সুপারিশ করে রেখেছে। আশা করা যায়, নির্বাচিত সরকার এটা বাস্তবায়ন করবে। তবে অঙ্গীকার থাকতে হবে– এটা যেন দুর্নীতি, ঘুষ নির্মূলে সহায়ক ভূমিকা পালন করে।
ক্ষমতার দাম্ভিকতা দেখতে চায় না জনগণ। সত্যিকারের সেবক হতে হবে। মানুষ কী চায়, তা বুঝে সে অনুসারে কাজ করতে হবে। জননিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে– আমরা জীবন নিয়ে কতটা শঙ্কায় আছি। যদিও হাদি বারবার তাঁর জীবনের নিরাপত্তার কথা বলে আসছিলেন, এমনকি তিনি থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। শেষ পর্যন্ত তিনি রক্ষা পেলেন না। হাদির পরে আরও কয়েকজন খুন হয়েছেন, যা খুবই দুঃখজনক। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও তৎপর হওয়া প্রয়োজন। মানুষের দীর্ঘদিনের ভোট না দিতে পারার আক্ষেপ যেমন ঘুচবে, তেমনি মানুষের পছন্দের দল বা জোটকে চালকের আসনে দেখতে পাবে। যারাই বাংলার মসনদে বসুক না কেন, তাদের জনগণের আকাঙ্ক্ষা বুঝে কাজ করতে হবে।
সব সেক্টর একসঙ্গে না ধরে অগ্রাধিকার ভিত্তিতে তিন-চারটি সেক্টর ধরে কাজ করলে দ্রুত সফলতা আশা করা যায়। আমাদের দেশের শিক্ষা, স্বাস্থ্য আর আইনশৃঙ্খলার অবস্থা বেশ নাজুক। ঢালাওভাবে সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা শিক্ষিত মানুষ বের না করে কারিগরি শিক্ষার দিকে জাতিকে নিয়ে যেতে হবে, দেশ-বিদেশে যাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। আমাদের দেশে বর্তমানে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতির লভ্যাংশের পর্ব চলছে, তার সঠিক ফল পেতে হলে দক্ষ এবং প্রশিক্ষিত জনবল তৈরি করা ছাড়া বিকল্প নেই। আমাদের পার্শ্ববর্তী দেশ প্রশিক্ষিত জনবল বিদেশে পাঠিয়ে আমাদের চেয়ে কয়েক গুণ মাথাপিছু বৈদেশিক মুদ্রা আয় করে। আমাদের সেই পথ ধরতে হবে।
শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করতে হবে। শিক্ষকতায় সবচেয়ে মেধাবীদের আকৃষ্ট করার জন্য প্রয়োজনে স্বতন্ত্র বেতন স্কেল করা যেতে পারে। সঠিক শিক্ষায় শিক্ষিত লোকেরাই একটি দেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকারভুক্ত অগ্রাধিকারে যুক্ত করতে হবে। দেশি-বিদেশি বিনিয়োগ থমকে আছে একটি স্থিতিশীল সরকারের আশায়। নতুন সরকার আসার পর তাদের পরিকল্পনা দেখে উদ্যোক্তারা নব উদ্যমে এগিয়ে আসবেন এবং দেশে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য ফিরে আসবে– সেই দিনের অপেক্ষায় আছে জাতি।
আনোয়ার ফারুক তালুকদার: অর্থনীতি বিশ্লেষক
