দক্ষ জনগোষ্ঠী ও শিক্ষা উন্নয়ন এবং সুশাসনের রূপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি নতুন সরকারের জন্য প্রাথমিক চ্যালেঞ্জ। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ন্যায্য, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নই প্রাথমিক লক্ষ্য। সেই লক্ষ্যের আলোকে তারা প্রকাশও করেছে রাজনৈতিক কাঠামো সংস্কারের ৩১ দফা রূপরেখা। এটিই তাদের নির্বাচনী ইশতেহার—যার মূলমন্ত্র হলো সবার আগে বাংলাদেশ । ভোটকেন্দ্রিক এমন প্রতিশ্রুতির আলোকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, প্রশাসনে সুশাসন প্রতিষ্ঠা, সংবিধাননির্ভর শাসন, গণভিত্তিক কল্যাণকর্মসূচি এবং জনস্বার্থমুখী অর্থনীতি গড়া প্রাধান্য পাবে। পাশাপাশি তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা পরিব্যাপ্তির প্রতিও নিবিড় মনোযোগ দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। বর্তমান বিশ্লেষণে আমরা দেখব, নতুন সরকার কীভাবে তার প্রথম ১০০ দিনে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, বিশেষত শিক্ষা, দক্ষতা ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে।