ঐতিহ্যবাহী পুতুলনাচ, ইংরেজিতে যাকে বলে পাপেট শো সেটি গ্রামবাংলার বিভিন্ন লোকসংস্কৃতির অংশ। আবালবৃদ্ধবনিতার নির্মল বিনোদনের অন্যতম একটি মাধ্যম। সম্ভবত যাত্রাপালার উদ্ভব ও বিকাশেরও অনেক আগে সৃজন হয় পুতুলনাচের। এক সময় লোকজন তথা অভিনেতা-অভিনেত্রী জোগাড়যন্ত্র করে যাত্রাপালা বা নাট্যপালার আয়োজন ছিল প্রায় অসম্ভব। কেননা, গ্রামীণ কৃষিজীবী সমাজ ছিল সাধারণত নিম্নআয়ের মানুষ। তাদের পক্ষে বড় কোনো বিনোদনের আয়োজন করা সম্ভব ছিল না। সে থেকেই উদ্ভব হতে পারে পুতুলনাচের সৃজন ও বিকাশ। গ্রামবাংলার প্রায় সব পরিবারে শৈশবে শিশুদের মাটি বা বিভিন্ন রঙের ছিন্নবস্ত্র দিয়ে রকমারি পুতুল বানানোর প্রচলন ছিল। এখনো বোধকরি সেই সংস্কৃতি পুরোপুরি হারিয়ে যায়নি। সে থেকেই পুতুল খেলা ও পুুতুলনাচের উদ্ভব ও বিকাশ।
\r\nছোট স্বল্পপরিসরে কাপড়ের ঘেরাটোপে লণ্ঠন বা হারিকেন জ্বালিয়ে অথবা হ্যাজাকের আলোয় সন্ধ্যায় শুরু হতো পুতুলনাচ। দর্শনার্থী ছিল স্বল্প সংখ্যক। পরে এতে যোগ হয় বাদ্যযন্ত্র, নাট্যসংলাপ ও সংগীত। আরও পরে সংযুক্ত হয় চিত্রনাট্য। যা ছেলে বুড়ো, শিশু-কিশোর, নারী দেখত মন্ত্রমুগ্ধ হয়ে। এখন দুচোখে তাদের চোখের সামনে খুলে যেত অপরূপ স্বপ্নের জগৎ, যা সৃজনশীলও বটে। \r\nদুঃখজনক হলো, গ্রামবাংলার ঐতিহ্যবাহী সেই পুতুলনাচ বর্তমানে বিলুপ্তপ্রায়, অনেকটা যাত্রাপালার মতো। এখনকার শিশু-কিশোরা শৈশব থেকেই চোখ রাখে মোবাইল স্ক্রিন, স্মার্ট ফোট, ইউটিউব, টিকটক ইত্যাদি মাধ্যমে। বর্তমানে শিশুরা খেলাধূলা করতে এমন কি মাঠে ময়দানেও যায় না। কেননা রাজধানীসহ সারাদেশে খেলার মাঠের অভাব প্রকট। সরকারি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি যাত্রাপালা ও পুতুলনাচের আয়োজন করলেও তা সাময়িক ও অপ্রতুল। পুতুলনাচ, যাত্রাপালা ইত্যাদি লোকসংস্কৃতি সারাবাংলায় ছড়িয়ে দিতে হলে সরকারি পৃষ্ঠপোষকতা ও উদ্যোগ প্রয়োজন। সংস্কৃতি মন্ত্রণালয় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা। \r\nলোক সংস্কৃতির অংশ হিসেবে পুতুলনাচ একটি আনন্দদায়ক বিনোদন। এটি শিশুদের কাছে খুবই জনপ্রিয়। গ্রামে যখন সার্কাস আসত, তখন পুতুলনাচ প্রদর্শনীর আয়োজন করা হতো। শুধু যে শিশুরাই পুতুলনাচ খেলা দেখত তা নয়। মজার খেলাটি উপভোগ করার জন্য শিশুদের পাশাপাশি নারী-পুরুষ উভয়ই উৎসাহ ভরে খেলা দেখত। তবে এখন আর পুতুল খেলা নেই। আধুনিকতার ছোঁয়ায় লোকসংস্কৃতি প্রায় হারাতে বসেছে। অথচ একটু সচেতন হলেই আমরা লোকসংস্কৃতিকে যথাযথভাবে রক্ষা করতে পারি। গ্রামবাংলার হাজারো মানুষের প্রাণপ্রিয় লোক সংস্কৃতিকে সরকারি পৃষ্ঠপোষকতায় ফিরিয়ে আনা প্রয়োজন।
