আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়নগর কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণাকালে বেলা ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে এটি এক অশনি সংকেত। সাম্প্রতিককালে দেশ-বিদেশের গণমাধ্যমে নির্বাচন বানচালের অনেক সংবাদ পাওয়া যাচ্ছে। হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তেমন ইঙ্গিত দিচ্ছে কিনা দেশপ্রেমিক গোয়েন্দা সংস্থার সদস্যদের তা খুঁজে বের করতে হবে জাতীয় স্বার্থে। দিবালোকে জনসমক্ষে খুনীরা একজন জুলাই যোদ্ধা হাদিকে গুলি করা হয়নি, গুলি করা হয়েছে দেশের সার্বভৌমত্বের হৃৎপিণ্ডে।

আমরা মনে করি, সন্ত্রাসীরা জননিরাপত্তা ও সরকারের নির্বাচনী ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। যে দেশে ভোটের মাঠে একজন তরুণ লড়াকু প্রার্থীও নিরাপদ নন, সেখানে সাধারণ নাগরিকের নিরাপত্তা কোথায়, তা খুব সহজেই অনুমেয়। বিজয়নগরের মতো জনবহুল এলাকায় গুলি করে নির্বিঘ্নে পালিয়ে যাওয়া যেনতেন অপরাধ নয়! এটি একটি সুপরিকল্পিত ও সুসংঘটিত হামলা, যার লক্ষ্য নির্বাচনী পরিবেশকে ভয় ও রক্তস্রোতের মধ্য দিয়ে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া। \r\nআশঙ্কার বিষয় হলো, হামলার ঠিক আগেই দুই সপ্তাহ ধরে তার প্রচারণা দলে অনুপ্রবেশকারীদের দেখা গিয়েছে, যা পরিকল্পিত হামলার সুস্পষ্ট ইঙ্গিত। এর পরও নিরাপত্তা ব্যবস্থার ঢিলেমি ক্ষমার অযোগ্য। দেশবাসীর প্রশ্ন, এসব হুমকি কেন গুরুত্বের সঙ্গে নেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী?

কেন তাকে নিরাপত্তা দেওয়া হয়নি? কোনো ঘটনা ঘটার পর রাষ্ট্রের কাজ কি শুধু দ্রুত গ্রেপ্তার -এর আশ্বাসপূর্ণ বিবৃতি দেওয়া? আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অন্ধকার শক্তিগুলো যেন মাথাচাড়া দিয়ে উঠছে। তারা শুধু সংঘবদ্ধ অপরাধী নয়, বরং ছায়ার আড়ালে থাকা রাজনৈতিক হীনস্বার্থ, আন্ডারওয়ার্ল্ডের সাথে সম্পৃক্ত। \r\nআলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছেন এখানে। তার ভাষ্যমতে, সম্প্রতি বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মতো ৮০ জন আততায়ী ঢুকেছে। এই খুনিচক্র নির্বাচনী হত্যাকাণ্ডের পরিকল্পনা করতে পারে। রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বাহিনীগুলো অতিসত্বর অনুসন্ধান করে দেশবাসীর কাছে প্রকৃত তথ্য তুলে ধরুক। তা না হলে গুজবের ডালপালা আরও ছড়াবে। নিরাপত্তা ব্যর্থতার ভয়াবহ আতঙ্কে শঙ্কিত হবে জনগণ। আমরা মনে করি, বিপ্লবোত্তর নতুন বাংলাদেশের নির্বাচন যদি সন্ত্রাসীদের নির্দেশে পরিচালিত হয়, তবে টেকসই গণতন্ত্র হয়ে পড়বে অর্থহীন। ওসমান হাদির ওপর হামলা তাই কেবল একজন ব্যক্তির ওপর নয়, এটি জাতির প্রতি হুমকি। রাষ্ট্রের দায়িত্ব শক্ত হাতে সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা এবং প্রমাণ করা যে, আগামীর বাংলাদেশ গুলির সামনে মাথা নত করবে না কিছুতেই।