প্রতি বছরই রমজান ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা দেখা দেয়। তবে চলতি বছরে মূল্যবৃদ্ধির মাত্রা যেন আরও উদ্বেগজনক। ইফতার সামগ্রী থেকে শুরু করে চাল, ডাল, তেল, চিনি, সবজি- প্রায় সব ধরনের খাদ্যপণ্যের দাম বেড়েছে। ফলে সংযম ও আত্মশুদ্ধির এই মাসে সাধারণ মানুষকে বাড়তি আর্থিক চাপে পড়তে হচ্ছে। জেলা ও উপজেলা শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, রমজান শুরুর আগেই ছোলা, খেজুর, চিনি, সয়াবিন তেল, বেগুন, শসা, পেঁয়াজসহ ইফতার সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়তে শুরু করে। বিক্রেতাদের ভাষ্য, পাইকারি বাজারে দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় এবং আমদানি ব্যয়ের প্রভাবেই খুচরা বাজারে মূল্য সমন্বয় করা হয়েছে। তবে ভোক্তাদের অভিযোগ ভিন্ন।

তাদের দাবি, চাহিদা বাড়ার সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করছেন এবং অতিরিক্ত মুনাফা করছেন। শুধু ইফতার সামগ্রী নয়, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্দিষ্ট আয়ের মানুষ মাসিক বাজেট সামাল দিতে হিমশিম খাচ্ছেন। অনেক পরিবার বাধ্য হয়ে খাদ্যতালিকায় কাটছাঁট করছেন। পুষ্টিকর খাবার কমিয়ে সস্তা বিকল্পের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।\r\nঅর্থনীতিবিদরা বলছেন, রমজানকে কেন্দ্র করে চাহিদা কিছুটা বাড়লেও সরবরাহ ব্যবস্থাপনায় দুর্বলতা, বাজারে পর্যাপ্ত তদারকির অভাব এবং মজুতদারদের কারসাজি মূল্যবৃদ্ধির অন্যতম কারণ।

বাজার মনিটরিং জোরদার ও দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করলে এই চক্র ভাঙা কঠিন। প্রতিবছরই দেখা যায়, প্রশাসনের অভিযান সাময়িকভাবে বাজারে প্রভাব ফেললেও দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আসে না।\r\nসরকারি সংস্থাগুলো নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনার কথা জানালেও সাধারণ মানুষের প্রত্যাশা আরও কার্যকর ও টেকসই পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে, কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খল আধুনিকীকরণ, মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ এবং সরাসরি কৃষক-ভোক্তা সংযোগ বাড়াতে পারলে বাজারে স্বচ্ছতা আসতে পারে। পাশাপাশি ন্যায্যমূল্যে পণ্য বিক্রির উদ্যোগ সম্প্রসারণ করলে নিম্নআয়ের মানুষ কিছুটা স্বস্তি পেতে পারেন। রমজান সহমর্মিতা ও সংযমের মাস। এই সময়ে অতিরিক্ত মুনাফার মানসিকতা পরিহার করে ব্যবসায়ীদের নৈতিক দায়িত্বশীলতা দেখানো প্রয়োজন। একই সঙ্গে প্রশাসনের দৃঢ় তদারকি ও বাজারব্যবস্থার কাঠামোগত সংস্কার জরুরি। পবিত্র এই মাসে দ্রব্যমূল্যের লাগাম টানা অসম্ভব নয়- প্রয়োজন শুধু সমন্বিত উদ্যোগ, কঠোর মনিটরিং এবং সকল পক্ষের আন্তরিকতা। সাধারণ মানুষ এখন প্রতিশ্রুতি নয়, কার্যকর ফলাফলই দেখতে চায়। \r\nসুনামগঞ্জ থেকে