যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল বিশ্বের জন্যও বিজয়। ডোনাল্ড ট্রাম্পের গত দুই বছরের শাসনে বিভিন্ন দেশের মানুষ যে বেদনা, ক্ষতি ও নির্মম অমর্যাদার শিকার হয়েছে, তারা এ বিজয় উদযাপন করছে। তাদের জন্য এটি গৌরবের ও ফিরে আসার উপলক্ষ। এই দানব এখনও তার বিলাসবহুল হোয়াইট হাউসে আগের মতোই আছে; উগ্র-ডানপন্থি স্বৈরাচার এখনও অনেক জাতির ওপর অন্ধকার ছায়া ফেলে রেখেছে। তবে অত্যন্ত ধ্বংসাত্মক এই প্রেসিডেন্টের ক্ষমতা চূর্ণ হয়েছে এবং তাঁর ক্ষতিকর জাদুর অস্ত্র ভেঙে গেছে। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের বিজয়োল্লাস গণতান্ত্রিক প্রতিবাদের এক জোরালো কণ্ঠস্বর, যা ২৫০ বছর আগের আমেরিকান বিপ্লবের প্রতিধ্বনি তুলে সারাবিশ্বে আলোড়ন তুলেছে।
ইরানবাসীদের জন্য ট্রাম্পের নির্বাচনী পরাজয় এই আশার জন্ম দিয়েছে– তাঁর ধ্বংসাত্মক যুদ্ধ হয়তো শিগগিরই বন্ধ হবে। ইসরায়েলে গত সপ্তাহে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে মানুষ। ইউক্রেনীয়রা আশাবাদ ব্যক্ত করেছে, ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেস ভ্লাদিমির পুতিনের রাশিয়ার কাছে নমনীয় হওয়ার অসুস্থ প্রবণতাকে রোধ করবে। ইউরোপে ট্রাম্প যুগের সমাপ্তির সূচনা এক স্বস্তির আমেজ নিয়ে এসেছে। এ আশার সঞ্চার করেছে, বিষাক্ত ট্রান্স-আটলান্টিক সম্পর্ক থেকে মাগা তথা মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন বিষ দূর করা সম্ভব হবে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে এটা স্পষ্ট– এখন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় দিকেই ট্রাম্পের অবস্থান আরও দুর্বল হয়েছে। তাঁর অস্বীকৃতি ও দোষ এড়ানোর হতাশাজনক চেষ্টা সত্ত্বেও ডেমোক্র্যাটদের ব্যাপক সাফল্য তাঁকে প্রত্যাখ্যানেরই বহিঃপ্রকাশ। এখানে বিদেশি বন্ধু ও মিত্রদের তো বটেই, অনেক আমেরিকানের কাছেও ট্রাম্প ঘিরে যেই ভয় এবং অজেয় থাকার ভাবমূর্তি তৈরি হয়েছিল, তা শেষ হয়ে গেছে। অজনপ্রিয়তার বিষয়টি উপেক্ষা করে অহংকারবশত তিনি ভোটারদের তাঁকে ভোট দেওয়ার কথা বলেছিলেন। বিশাল সংখ্যায় ভোটাররা বাস্তবতা দেখিয়ে দিয়েছে এবং বিশ্বের গণতন্ত্রপন্থিদের প্রতিনিধি হিসেবে তারা তাঁকে এক মোক্ষম জবাব দিয়েছে।
ট্রাম্প বুঝতে পারছেন, তিনি এখন ‘লেম ডাক’। অর্থাৎ তাঁর ক্ষমতা এখন শেষের দিকে এবং তিনি আর মনোযোগের কেন্দ্রবিন্দুতে নেই। তবে এই হতাশা পুরোনো উত্তেজনাকে আরও উস্কে দিতে এবং নতুন কোনো বিস্ফোরণ ঘটাতে পারে। চুক্তি বা সমঝোতার কথা তিনি যতই বলুন না কেন, তিনি আপসে আসতে চান না। বাধা পেলে তিনি রেগে যান; নিজের অবস্থানে অনড় থাকেন এবং আক্রমণাত্মক হয়ে ওঠেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের পুরোনো পারমাণবিক বিরোধের অবসান ঘটানো ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। আরেকটি উত্তরাধিকারের বিষয় হলো রাশিয়া। যুদ্ধাপরাধী পুতিনকে পুরস্কৃত করা এবং আক্রান্ত হওয়ার জন্য ইউক্রেনকে শাস্তি দিতেও তিনি লজ্জাবোধ করছেন না। ট্রাম্প এই সংঘাতকে মস্কোর সঙ্গে স্বাভাবিক সম্পর্ক এবং লোভনীয় দ্বিপক্ষীয় শক্তি, বিনিয়োগ ও বাণিজ্যের পথে বাধা বলে মনে করেন। তিনি চীনের বিরুদ্ধে কৌশলগত সুবিধা পেতে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করার ‘নিক্সনের বিপরীত’ নীতি অনুসরণের অস্পষ্ট ধারণার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন। তিনি নোবেল শান্তি পুরস্কারও পেতে চান। তবে ইউক্রেনের অবরুদ্ধ মানুষের জন্য যুদ্ধ শেষ করা ট্রাম্পের উদ্দেশ্য নয়। রাশিয়ান বোমায় নিহত, পঙ্গু বা আতঙ্কিত হাজার হাজার বেসামরিক মানুষের প্রতি তাঁর সামান্যই মাথাব্যথা।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আরও দুই বছর থাকবেন। এ সময় প্রেসিডেন্টের ক্ষমতা লঙ্ঘন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, ক্ষতিকর অর্থনৈতিক সংকট এবং বিদেশে সামরিক যুদ্ধও হয়তো বিশ্ব দেখবে। তবুও এটা বলা যায়, তাঁর বিরুদ্ধে জোয়ার শুরু হয়েছে। হাঙ্গেরি, সার্বিয়া, ব্রাজিল এবং এখন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রগতিশীলদের নির্বাচনী জয় বিশ্বব্যাপী গণতন্ত্রকে পুনরুজ্জীবিত ও সতেজ করেছে। এরপরে রয়েছে স্পেন এবং তারপর ২০২৭ সালে ফ্রান্স। চরম ডানপন্থি, উগ্র জাতীয়তাবাদী পপুলিস্টদের জন্য আরও ঐতিহাসিক পরাজয় হয়তো অপেক্ষা করছে, যারা বিশ্বাস করত– ট্রাম্প এবং মাগা অপরাজেয়। এ সবই ট্রাম্পকে পরাজিত করার লড়াই।
সাইমন টিসডাল: গার্ডিয়ানের পররাষ্ট্রবিষয়ক ভাষ্যকার; দ্য গার্ডিয়ান থেকে সংক্ষেপিত ভাষান্তর মাহফুজুর রহমান মানিক
