আবুল মনসুর আহমদের ‘সায়েন্টিফিক বিযিনেস’ গল্পটির অংশ বিশেষ তুলে ধরে আজকের লেখার শুরু করছি- \r\n‘বাঙালি জাতটা ছিল একটা প্রতিভাশালী জাত। তবে তাদের দোষের মধ্যে মস্ত দোষ ছিল, তারা চাকরি ছাড়া আর কিছু বুঝত না, তেজারতি ব্যবসা-বাণিজ্যের দিকে তাদের খেয়াল ছিল না মোটেই। তারা চাঁদা করে বিশ্ববিদ্যালয় গড়ত। শেক্সপিয়ার-মিল্টন মুখস্থ করে বিএ, এমএ ডিগ্রি নিত। তারপর ত্রিশ টাকা মাইনের কেরানিগিরি চাকরি পেত। তাও যদি নিতান্ত না জুটত তবে ওকালতির গাউন কাঁধে নিয়ে আদালতের বারান্দায় পাঁয়চারি করত। আর ভাই-এ ভাই-এ ঝগড়া বাধিয়ে বেড়াত। অথবা ডাক্তারির সনদ নিয়ে দেশের বাড়তি লোক নিকেশ করত।

এতেও হাত সাফাই দেখাতে না পারলে অগত্যা ছেলে মেয়েদের শেক্সপিয়ার-মিল্টন পড়িয়ে তাদের ভবিষ্যৎ নিজেদের মতোই ঝরঝরে করবার চেষ্টা করত অর্থাৎ মাস্টারি করত।\r\nওদিকে ভাটিয়া মাড়োয়ারী সিন্ধী ইস্পাহানী দিল্লীওয়ালা ও বোম্বাইওয়ালারা দলে দলে বাংলায় এসে দেশের সমস্ত তেজারতি দখল করল। বাংলার রাজধানী ওদের দালান কোঠায় ভরে গেল। বাঙালিরা পশ্চিমাদের সওদাগরি অফিসের কেরানি ও তাদের দালানের ভাড়াটেরূপে দিনগুজরান করতে লাগল।\r\nবাঙালি জাতির দুর্দশা দেখে আসমানে আল্লার দিলে রহম পয়দা হলো। তিনি ফেরেশতাদের সঙ্গে সলাপরামর্শ করলেন। বাঙালি জাতকে তেজারতিতে অনুপ্রাণিত করার নির্দেশ দিয়ে আচার্য প্রফুল্ল চন্দ্র নামে একজন দুরদর্শী মনীষীকে বাংলায় পাঠালেন।\r\nআচার্যদেব দেশময় উদাত্ত সুরে প্রাণস্পর্শী ভাষায় বক্তৃতা করতে লাগলেন।

তিনি বলতে লাগলেন, ভাটিয়া মাড়োয়ারী দিল্লিওয়ালা সিন্ধি ইস্পাহানীরা তোমাদের দেশের মালমাত্তা ধন দৌলত লুটে নিল। তোমরা বাঙালিরা কি জাগবে না?\r\nআচার্যদেবের ‘বাণিজ্যে বসতি লক্ষ্মী’র লোভনীয় বিবরণে বাঙালির দেহে রোমাঞ্চ হলো। তারা সবাই প্রশ্ন করল : ব্যবসা আমরা করতে রাজি হলাম, কিন্তু সব ব্যবসাই যে পশ্চিমারা দখল করে বসে আছে। আমরা কোথায় হাত দেব?\r\nআচার্যদেব : সে ফন্দি আমি বের করিনি মনে করেছ? তিনকুড়ি বছর বৃথাই অক্সিজেন হাইড্রোজেন নিয়ে নাড়াচাড়া করছি ভেবেছ? ভাটিয়া মাড়োয়ারীদের মতো অসভ্য জাত আমরা নই। আমরা শিক্ষিত সভ্য ও কৃষ্টিসম্প্ন জাত। আমরা ভারতের চিন্তানায়ক। আজ বাঙালি যা ভাবে, অপর সকলে তা ভাবে আগামীকাল। আমরা কি শুধু টাকা-পয়সার লোভে ব্যবসা করতে পারি?

আমরা যাঁরা ‘আর্ট-ফর আর্টস সেইক’ থিওরির জন্য জান দিলাম, আমরা যাঁরা সত্যম শিবম সুন্দরমের পূজা করলাম, তারা কি বাটখারা ও দাড়িপাল্লা নিয়ে বসতে পারি শুধু শুধু? আমাদের মতো ইন্টেলেকচুয়াল জাত যদি নিহায়ত বাটখারা নিয়ে বসিই, তবে আমরা তেল নুনের কারবার করব না। করব আমরা জনসেবা ও দেশ প্রেমের কারবার। বিক্রি যদি আমরা কিছু করিই, তবে চাল ডাল বিক্রি করব না। করব আমরা ধর্ম ও মানবতা বিক্রি।\r\nসভায় বিপুল হর্ষধ্বনি ও কানফাটা করতালি পড়ে গেল। করতালি থামলে একজন বলল : ‘আচার্যদেব, সত্য ধর্ম নীতি ও দেশপ্রেম এসব দ্রব্য আমরা বিক্রি করতে পারব খুবই; কারণ এ ব্যাপারে আমরা উস্তাদ।...

আচার্যদেব দেখলেন, তাঁর জীবনের মিশন এতদিনে সফল হতে যাচ্ছে, তাই তিনি শ্রান্ত দেহে অবসর গ্রহণ করলেন।’\r\nআচার্যদেব ‘অবসর গ্রহণ’ করলেন, আর আবুল মনসুর আহমদ ‘পরলোকগমন’ করলেন বলে জানতে পারলেন না জনসেবা ও দেশপ্রেমের কাররবারিরা অসাধারণ ব্যবসা সফল হওয়ার পাশাপাশি আয়ত্ত করেছেন নিপুণ অভিনয়  শৈলী।\r\nইতিহাসের ক্রমানুসারে বাংলাদেশের অভ্যুদয় ও স্বাধীন দেশে আট বছর বেঁচে থাকার অভিজ্ঞতা অর্জন করলেও আবুল মনসুর আহমেদ-এর পক্ষে এ দক্ষতা হয়ত পুরোপুরি উপলব্ধি করা সম্ভব হয়নি।

কারণ রাজনীতির তুখোর অভিনেতারা তিনি বেঁচে থাকতেই মঞ্চে নামলেও তাঁদের বহুমাত্রিক ক্রমবিকাশ সম্পর্কে জীবনের শেষ দিনগুলোয় সঠিক মাত্রায় ধারণা করা তাঁর পক্ষে সম্ভব না হওয়ারই কথা।\r\nযে দেশের প্রতিবর্গকিলোমিটারে প্রায় এক হাজার মানুষ বাস করে সে দেশের রাজনীতির কুশীলবরা ‘জনগণ‘ নামের ‘প্রোডাক্ট’ ভাঙিয়ে নির্বাচনে জয়ী হয়ে যে জনগণের জন্য কাজ করেন তাঁরা উপরতলার মানুষ। নিজেদের ভালোমন্দের দেখভাল করতে হলে এদের ভালোমন্দের দেখভাল করা জরুরি। এই জরুরি ও ভোটের রাজনীতির আসল উদ্দেশ্য স্পষ্ট করে বলা যায় না। তাই দক্ষ অভিনেতার ভূমিকায় নেমে একের পর এক নাটক করে যেতে হয়। কপালও তাদের। এমন স্মৃতিভ্রষ্ট নির্বিকার অডিয়েন্স পেয়েছেন। যাঁরা পাঁচ বছর আগের ঘটনা পাঁচ বছর পর মনে রাখতে পারেন না।

অডিয়েন্স জানে না তারা তলানিতেই পড়ে থাকবে। পরের নাটকের থিম হবে অর্থ এবং বিত্ত। একে ঘিরে আবর্তিত হবে পাঁচ বছরের ধারাবাহিক নাটক। একপর্যায়ে মঞ্চে আসবে অন্য কুশীলবরা। কর্পোরেট জগতের বাঘা বাঘা অভিনেতারা। তেজারতি ব্যবসায় যারা সাফল্যের শিখরেই ওঠেনি, একে পৌঁছে দিয়েছে সূক্ষ্ম নান্দনিক সুষমার কাছাকাছি। তাদের শৈল্পিক দক্ষতার যাবতীয় প্রজেকশন হয় ব্যক্তিগত বিনোদনের চারকোণা মঞ্চে। সেখানে গভীর রাতে কথার ফুলঝুরি ছড়িয়ে, চব্বিশ ঘণ্টা বার্বিডলদের স্নিগ্ধ আহ্বানে নগরবাসীর মগজে ইঞ্চি ইঞ্চি করে জীবন বোধের ছক কেটে দেন। ব্যক্তিগত প্রসেনিয়ামের অদৃশ্য প্রভুরা নির্দিষ্ট সময় পর পর বিষয়ভিত্তিক স্ক্রিপ্ট আমদানি করে আর নগরবাসী রুদ্ধশ্বাসে তা নিয়ে গুরুগম্ভীর আলোচনায় ব্যস্ত জীবনের দামি অবসরটুকু মগ্ন রাখে।

যেন এ জটিল আবর্তের পাকে পাকে জড়িয়ে আছে ছাপান্ন হাজার বর্গমাইলের সব সমস্যার রহস্য। ষোলো কোটি মানুষের প্রায় সাড়ে ছয় কোটি পড়ে থাকে তলানিতেই। চারকোণা মঞ্চ তারা আসতে পারেন কেবল রাজনৈতিক নাটকের পালাবদলের মুহূর্তেই। তাছাড়া কর্পোরেট তেজারতিওয়ালাদের কিংবা ভোট শিকারিদের অন্য কোন্্ প্রয়োজনে আসতে পারেন তারা? তারা কি শিক্ষা কিনতে পারেন? স্বাস্থ্যসেবা বিনোদন পরিষেবা ব্যাংক ব্যালেন্স শেয়ার মার্কেট লাইসেন্স পারমিট বিএম ডব্লিউ পাঁচ হাজার স্কয়ার ফিটের স্বপ্ন-কোনোটা কিনতে পারেন? কোনোটাই না। তাহলে কি প্রয়োজন তাদের নাট্য নির্মাতা কিংবা অভিনেতাদের কাছে? তারা তো ‘কালো-সাদা’ তত্ত্বের মর্মও বোঝেন না। তাহলে এমন নাদানদের পেছনে কেন ছুটবেন কর্পোরেট হিরোরা? তাদের সময়ের দাম নেই নাকি?

তাছাড়া এরা তো সেই আশি বা ছিয়াশি শতাংশের অংশ ভোগী যাদের গায়ে ‘ভূমিহীন’ বিশেষণের চমৎকার লেভেল সাঁটা রয়েছে। নাগরিক রোশনাই থেকে বহুদূরে ঘোরতর অন্ধকারের এ বাসিন্দারা যদিও বেঁচে থাকার চেষ্টা করেন ভূমিসংলগ্ন হয়েই। তাতে কি, হীরক রাজার বার্তা বাহক যেমন বলেছিল, ‘ভাল-মন্দের বিচার করেন কে? করেন হীরক রাজা।’ তেমনি তারা ভূমিসংলগ্ন তাতে কি। ভূমি ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করবেন কে? করবেন ‘জনসেবা ও দেশপ্রেমের’ কারবারিরা। কার ভূমিতে কে থাকবে কোনো ভূমিতে আকাশছোঁয়া ভবন মাথা তুলবে সে সিদ্ধান্ত তাদের। ভূমিহারারা বরং ভূমি বিচ্ছন্ন হয়ে নিঃস্ব হওয়ার যে ধারাবাহিক ভূমিকা পালন করছেন নিরবচ্ছিন্নভাবে তাই করুন। এটাই তাদের ঐতিহাসিক দায়িত্ব।

এতে অবহেলা হলে সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডার পার্সেন্টেজ ইন্ডেন্টিং ইত্যাদি ক্ষমতাবান্ধব শব্দগুচ্ছ প্রকাশের পথ পায় না। আর তা যদি না হয় তাহলে তো ব্যাপক ক্ষতি। কি করে বিকশিত হবে আধুনিক সুপার শপগুলো? নতুন নতুন মার্কেটই বা জন্ম নেবে কেমন করে?\r\nনাগরিক গৃহবধূরা কি শপিং-বিনোদন থেকে বঞ্চিত হবেন! এও কি সম্ভব? এত তাদের মৌলিক অধিকার হরণের আরেক নাম। একটি আধুনিক রাষ্ট্র কি তা করতে পারে? কখনই না, রাষ্ট্রকে তার এই সম্মানিত সদস্যদের মৌলিক অধিকার রক্ষায় কঠোর ভূমিকায় নামতে হয়। যে পথে গৃহবধূদের হাতে ক্যাশ বা ক্রেডিট কার্ড আসে সে পথের যাত্রী বা আরোহীকে যথাযথ সুরক্ষা দিতেই হয়। রাষ্ট্রের নায়ক বা কুশীলবরা অপারগ। দীর্ঘস্থায়ী উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে এ পথের পথিকদের মতো তারাও আগ্রহী নন। কারণ অত সময় কোথায়?

তারাও তো তেজারতি ব্যবসায় নেমেছেন। শর্টকাটের বিপুল রোজগার ছেড়ে কোন দুঃখে উৎপাদনের দীর্ঘ পথে হাঁটবেন?\r\nআচার্য প্রফুল দেবের ফর্মুলা মেনে সেই যে বাঙালির ব্যবসায়িক জয়যাত্রা শুরু হয়েছিল পরাধীন থেকে স্বাধীন হওয়ার পরও সে গতি কেউ রুখতে তো পারেইনি বরং দূরন্ত গতিতে ক্রমশ এগিয়ে চলেছে। ব্যবসার ফর্মুলা আত্মস্থ করার পর বাঙালির অবস্থা আবুল মনসুর আহমদ কেমন দেখেছেন? ‘এর ফল যা হলো, তা কেহ ভাবতে পারেনি। কেরানির জাত বাঙালি রাতারাতি ব্যবসায়ী জাতে পরিণত হলো। অফিস-আদালতে, স্কুলে-কলেজে, মন্দিরে-মসজিদে, মাঠে-দরগায়, হাসপাতালে-এতিম খানায়, বাড়িতে-বাজারে, হাটে-মাঠে, রাস্তায়-ঘাটে, ঘরে-বাইরে ব্যবসার বিপুল বন্যা প্রবাহিত হলো। বিনালাভে কেউ কোনো কাজ করে না। টাকা ছাড়া কেউ কোনো কথা বলে না। উযির-নাযির, পাত্র-মিত্র কেউ বিনা ভেটে মোলাকাত দেন না। বিনা নজরে মেম্বাররা ভোটারদের সঙ্গে দেখা করেন না। বিনা দক্ষিণায় হেড মাস্টার স্কুলে ছাত্র ভর্তি করেন না; বিনা তদবিরের গাড়ির টিকেট পাওয়া যায় না। এমনকি ডাক টিকেটও না। ‘পান খাওয়া’ ব্যবস্থা না করলে চাকরি তো দূরের কথা নমিনেশনও পাওয়া যায় না। গতিক ক্রমে এমন দাঁড়াল যে, লাটিম, ঘুড্ডি ও ট্রাইসাইকেলের প্রতিশ্রুতি না দিলে ছয় বছরের শিশু পর্যন্ত পড়াশোনা করতে চায় না, বকশিশের দাবি অগ্রিম স্বীকার না করলে রিকশা বা ঘোড়ার গাড়ির পর্যন্ত পাওয়া যায় না। বাঙালি জাতির নয়া উদ্যমের এই সায়েন্টিফিক বিযিনেসের চোটে তাদের আর্থিক অবস্থা ভয়ানক ভালো হয়ে গেল; তাতে দেশে খোরাক-পোশাকের দাম চড়ে গেল। সরকার মূল্য-নিয়ন্ত্রণের আইন করলেন। বাজার থেকে চাল-কাপড় পালিয়ে গেল। সরকার চুরি রুখবার জন্য পাহারাদার বসালেন কিন্তু বেড়াই ক্ষেত্রের ফসল খেয়ে ফেলল।’ পাঠকের কি মনে হচ্ছে গল্পটি প্রায় আশি বছর আগে লেখা?