পাবনার বেড়া উপজেলার যমুনা নদীবেষ্টিত চরাঞ্চলে ভাঙন, দারিদ্র্য, যোগাযোগ বিচ্ছিন্নতা আর চিকিৎসা সুবিধার চরম সংকট-সব মিলিয়ে চরবাসীর জীবন যেন প্রতিনিয়ত এক লড়াইয়ের গল্প। এই লড়াইয়ে আশার আলো হয়ে ভেসে উঠেছে ভাসমান হাসপাতাল। ফ্রেন্ডশিপ মোবাইল হাসপাতাল বাংলাদেশ-৩ -এর মাধ্যমে এখন চরের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে মানসম্মত চিকিৎসাসেবা। স্বস্তি প্রকাশ করেছেন চরবাসী। আজ এটি শুধু একটি চিকিৎসা সেবাকেন্দ্র নয়, বরং চরবাসীর আস্থা ও ভরসার প্রতীক। চরাঞ্চলে একটি স্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠা করা বাস্তবতার নিরিখে সবসময় সম্ভব হয় না। বর্ষা এলেই নদীর গতিপথ বদলে যায়, ভেঙে যায় বসতি, বিলীন হয়ে যায় অবকাঠামো। এমন প্রেক্ষাপটে ভাসমান হাসপাতাল এক অভিনব ও কার্যকর সমাধান।
নদীপথে চলমান এই হাসপাতালগুলো চর থেকে চরে পৌঁছে দিচ্ছে চিকিৎসা, ওষুধ, মা ও শিশু সেবা, এমনকি ছোটখাটো অস্ত্রোপচারও। বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ কর্মসূচির আওতায় এই ভাসমান হাসপাতালটি ২০২৪ সালের ২৫ মার্চ থেকে যাত্রা শুরু করে। বেড়া এবং কুষ্টিয়ার কুমারখালীতে তিন মাস অন্তর ঘুরে ঘুরে সেবা দেয়। মোট ২২ জনের একটি দল এখানে নিয়োজিত আছেন। এর মধ্যে ১ জন মেডিক্যাল অফিসার, ২ জন প্যারামেডিকস, ৪ জন টেকনিশিয়ান, ১ জন ফার্মাসিস্ট এবং নৌযান চালকসহ অন্যান্য কর্মী। দুর্ঘটনাজনিত আঘাত, ছোটখাটো অস্ত্রোপচার, এবং জরুরি প্রাথমিক চিকিৎসার পাশাপাশি নামমাত্র খরচে রোগ শনাক্তকরণ পরীক্ষাও করা হয় এখানে।\r\nস্থানীয়রা জানান, চরাঞ্চলের জন্য ভ্রাম্যমাণ হাসপাতাল না থাকলে অনেকেই থেকে যেত চিকিৎসার বাইরে।
তাদের দাবি-বছরের নির্দিষ্ট কয়েক মাস নয়, বরং সারাবছরই যেন এই ভ্রাম্যমাণ হাসপাতাল তাদের এলাকায় অবস্থান করে। জানা যায়, এই ভাসমান হাসপাতালে প্রতিদিন প্রায় ১৫০ জন রোগী সেবা নিচ্ছেন। সবচেয়ে বড় সুবিধা হলো, ভাসমান হাসপাতাল চরবাসীর কাছে পৌঁছায়। এজন্য চরবাসীকে আর শহরমুখী হতে হয় না। গর্ভবতী মা, বয়স্ক মানুষ কিংবা অসুস্থ শিশুদের জন্য যা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তবে দুঃখজনক হলেও সত্য, এ ধরনের উদ্যোগ এখনো মূলত বেসরকারি সংস্থা কিংবা দাতাদের ওপর নির্ভরশীল। রাষ্ট্রের স্বাস্থ্যনীতিতে ভাসমান হাসপাতাল এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও পর্যাপ্ত বরাদ্দ পায়নি। অথচ চরাঞ্চলের লাখো মানুষের জন্য এটি একটি টেকসই ও বাস্তবসম্মত স্বাস্থ্যসেবা মডেল হতে পারে।\r\nভাসমান হাসপাতালের সংখ্যা বাড়ানো, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংযোজন, দক্ষ চিকিৎসক ও নার্স নিয়োগ-এসব বিষয়ে এখনই সরকারি উদ্যোগ প্রয়োজন। দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়া সাংবিধানিক অধিকার। সেই অধিকার বাস্তবায়নে ভাসমান হাসপাতাল প্রমাণ করেছে, ইচ্ছা থাকলে উপায় হয়। নদীর স্র্রোতের সঙ্গে ভেসে চলা এই হাসপাতালগুলো শুধু চিকিৎসা নয়, বহন করছে মানবিকতা, সমতা আর আশার বার্তা। চরবাসীর আস্থা ও ভরসা হিসেবে ভাসমান হাসপাতালকে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার মূল স্র্রোতে অন্তর্ভুক্ত করাই হোক সময়ের দাবি।
