ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি বা এফবিসিসিআইয়ের আয়োজনে সম্প্রতি মতবিনিময় এক সভায় চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার তাগিদ উঠে এসেছে। সেইসঙ্গে বলা হয়েছে যে পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে হলে করপোরেট কোম্পানিগুলোকে ঠিকমতো পণ্য সরবরাহ করতে হবে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের ওপর সরকারের নজরদারি রাখার প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচিত হয়েছে। এছাড়া চিনি, খেজুর ও ফলমূলের দাম সহনীয় পর্যায়ে রাখতে হলে আমদানি শুল্ক যৌক্তিক করা জরুরি।\r\nএফবিসিসিআইয়ের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সভাপতির বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সংস্থাকে অনুরোধ করা হবে, যাতে চাঁদাবাজি না হয়। নিত্যপণ্য পরিবহনে কোনো বিঘ্ন না ঘটে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ অন্য সংস্থার প্রতি আহ্বান থাকবে ভোক্তাদের পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সতর্ক থাকার। আমরা আশা করব, এসব কথা কেবল কথার কথাই হবে না। সত্যি সত্যি কাজের কথা হবে। মনে রাখা চাই দুর্বৃত্তদের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে এবং ব্যবসায় মন্দাভাব দেখা দিলে তার সার্বিক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে। অর্থনীতি আহত হলে মানুষের কষ্ট সীমা পেরিয়ে যায়। তাই সাধু সাবধান।\r\nসভায় পুরান ঢাকার শ্যামবাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতির বক্তব্যে বাস্তব পরিস্থিতি শাণিতভাবে উঠে এসেছে। তিনি বলেন, চাঁদাবাজির প্রলয় শুরু হয়েছে। ট্রাক থেকে পণ্য নামাতে চাঁদা দিতে হয়। আবার ট্রাকে পণ্য ওঠাতে চাঁদা দিতে হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও চাঁদাবাজদের সঙ্গে দহরম-মহরম রয়েছে। এসব বন্ধ করতে হবে। \r\nদুঃখজনক হলো, অবৈধ চাঁদাবাজির সঙ্গে কেবল বিশেষ কিছু ব্যক্তি বা গোষ্ঠী জড়িত নয়; অথবা বিষয়টি কোনো একটি জেলা বা অঞ্চলের মধ্যেও সীমাবদ্ধ নয়। বস্তুত অবৈধ চাঁদাবাজির শেকড় দেশজুড়ে বিস্তৃত। চাঁদাবাজির কারণে পণ্যমূল্য বৃদ্ধির অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন বাস কোম্পানি, ব্যক্তি, সংগঠন ও সমিতির নামে টার্মিনাল ও গুরুত্বপূর্ণ কয়েকটি স্টপেজ থেকে প্রতিদিন মোটা অঙ্কের টাকা উঠানো হচ্ছে। রাজধানীতে চলাচলকারী গণপরিবহনগুলোর মধ্যে কেবল বাস থেকেই প্রতিদিন অন্তত ৫০ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। রাজধানীর বাইরে প্রতিটি বিভাগেও ব্যাপক চাঁদাবাজির সংবাদ সর্বজনবিদিত। বস্তুত বর্তমানে রাজধানীসহ সারাদেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চাঁদাবাজি ভয়াবহ আকার ধারণ করেছে, যা রোধ করা জরুরি। চাঁদাবাজি এক ধরনের সন্ত্রাস। \r\nঅপ্রিয় হলেও সত্য, দেশে চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজির জন্য দায়ী মূলত রাজনীতির বর্তমান ধারা। লেজুড়বৃত্তির রাজনীতির কারণে কোনো দল ক্ষমতাসীন হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সমর্থিত বিভিন্ন অঙ্গসংগঠনের দৌরাত্ম্য মারাত্মকভাবে বেড়ে যায়। বলা বাহুল্য, এ আধিপত্য প্রতিষ্ঠা করা হয় অস্ত্র ও পেশিশক্তি দ্বারা। চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে শাসনব্যবস্থা ও আইনের প্রতি দেশের মানুষের আস্থা নষ্ট হয়ে যেতে পারে, যা অনভিপ্রেত। অন্তর্বর্তী সরকারের আমলে পরিস্থিতির উন্নতি ঘটবে, এমনটাই প্রত্যাশা ছিল। তবে এখনো সময় আছে। পবিত্র রমজানের বিষয়টি মনে রেখে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে চাঁদা সংস্কৃতি গতি হারাবে।
