নারীর জন্য এই পৃথিবী কতটা নিরাপদ সেই বিষয়টি এখন আর কেবল বাইরের রাস্তার মোড়ে বা প্রকাশ্য জনপদে সীমাবদ্ধ নেই বরং তা অতি সংগোপনে পৌঁছে গেছে চার দেওয়ালের সেই অতিপরিচিত অন্তরালে যেখানে একজন মানুষ নিজেকে সবচেয়ে বেশি সুরক্ষিত মনে করে। বর্তমান সময়ের প্রযুক্তির অভাবনীয় উৎকর্ষ আমাদের নাগরিক জীবনকে যেমন সহজ আর গতিশীল করেছে তেমনি কিছু অসুস্থ ও বিকৃত মস্তিষ্কের মানুষের হাতে তুলে দিয়েছে অন্যের ব্যক্তিগত জীবনে উঁকি দেওয়ার কুরুচিপূর্ণ হাতিয়ার।

শপিং মল কিংবা রেস্তরাঁ অথবা হাসপাতালের মতো অতি প্রয়োজনীয় ও প্রাত্যহিক স্থানগুলোর নারী ওয়াশরুমে গোপন ক্যামেরার উপস্থিতি কেবল একটি সাধারণ অপরাধ নয় বরং এটি এক ধরনের গভীর মানসিক বিকৃতি যা তিলে তিলে আমাদের সমাজের সুস্থতাকে বিনষ্ট করছে। একটি ছোট্ট লেন্স যা হয়ত দেখতে একদম সাধারণ, সেটি কীভাবে একজন মানুষের সম্মান আর দীর্ঘদিনের অর্জিত মানসিক শান্তিকে মুহূর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে দিতে পারে তা গভীরভাবে ভাবলে শিউরে উঠতে হয়। এই ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতির শিকার হওয়া কোনো নারীর পক্ষে সেই মানসিক ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরা প্রায় অসম্ভব হয়ে পড়ে কারণ তিনি জানেন না তার জীবনের অতি ব্যক্তিগত মুহূর্তগুলো এখন কার মুঠোফোনে অথবা ইন্টারনেটের অন্ধকার জগতে অবৈধ বাণিজ্যের পণ্য হিসেবে ঘুরে বেড়াচ্ছে। প্রযুক্তির এই ভয়াবহ অপব্যবহার সাধারণ মানুষের মনে এমন এক গভীর ভীতির সঞ্চার করেছে যে এখন জনসমক্ষে ব্যবহৃত যে কোনো বদ্ধ ঘরে প্রবেশ করার আগে মনের অজান্তেই এক ধরনের প্রচ- অস্বস্তি আর সংশয় কাজ করে। আমরা যখন কোনো বড় কাপড়ের শোরুমে পোশাক বদলাতে যাই অথবা দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে কোনো পাবলিক টয়লেট ব্যবহার করি তখন আমাদের অবচেতন মন সারাক্ষণ সন্দেহ করতে থাকে প্রতিটি ছোট ছিদ্র বা সিলিংয়ের অন্ধকার কোণাকে। এই চরম অস্থির পরিস্থিতির দায়ভার কেবল সেই অদৃশ্য অপরাধীর নয় বরং সেই ব্যবস্থারও যারা এই বাণিজ্যিক প্রাঙ্গণগুলোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকেন।

প্রতিটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নৈতিক ও আইনি দায়িত্ব হলো তাদের ওয়াশরুম বা ট্রায়াল রুমগুলো নিয়মিত বিরতিতে আধুনিক ডিটেক্টর দিয়ে স্ক্যান করা এবং সেখানে কোনো অনাকাক্সিক্ষত ইলেকট্রনিক যন্ত্র নেই তা শতভাগ নিশ্চিত করা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখতে পাই এই অতি জরুরি দায়িত্ব পালনে চরম গাফিলতি ও উদাসীনতা। সচেতনতা এখানে আমাদের সবচেয়ে বড় ঢাল হতে পারে কারণ বর্তমান পরিস্থিতিতে প্রতিটি নারীকে এখন আলাদাভাবে শিখতে হচ্ছে কীভাবে মোবাইলের সাধারণ ক্যামেরা কিংবা ফ্ল্যাশলাইট ব্যবহার করে গোপন লেন্সের উপস্থিতি শনাক্ত করা সম্ভব।

পোশাক ঝুলানোর প্লাস্টিক হুক থেকে শুরু করে দরজার হাতল কিংবা সিলিং ফ্যান এমনকি হাত ধোয়ার বেসিন সবখানেই আজ আমাদের সতর্ক নজর রাখতে হচ্ছে যা একটি আধুনিক ও সভ্য সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক এক বাস্তবতা। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পক্ষ থেকে এই বিশেষ অপরাধের বিষয়ে কঠোর নজরদারি আর দৃষ্টান্তমূলক শাস্তির বিধান দ্রুত নিশ্চিত করা না গেলে এই ধরনের অপরাধীরা আশকারা পেয়েই যাবে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা প্রতিটি স্বাধীন দেশের নাগরিকের মৌলিক অধিকার আর সেই অধিকারে যখন ক্ষুদ্র প্রযুক্তির মাধ্যমে হানা দেওয়া হয় তখন বুঝতে হবে আমরা এক গভীর নৈতিক অবক্ষয় আর অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।

আমাদের প্রত্যেকের মনে রাখা প্রয়োজন আজ যে নারীটি ভুক্তভোগী হচ্ছেন কাল তিনি আপনার পরিবারের কেউ হতে পারেন তাই এই সংকটের সমাধান কেবল ব্যক্তিগত সতর্কতায় সীমাবদ্ধ রাখলে চলবে না বরং এর জন্য প্রয়োজন সম্মিলিত সামাজিক প্রতিবাদ আর কঠোর প্রতিরোধ। প্রতিটি স্থাপনার মালিককে এখন আইনত বাধ্য করা উচিত যেন তারা তাদের প্রাঙ্গণে কোনো গোপন ক্যামেরা বা আড়িপাতার যন্ত্র নেই এই মর্মে নিয়মিত শংসাপত্র গ্রহণ করে এবং তা সাধারণের দর্শনে প্রদর্শন করে। আমরা এমন এক অনিশ্চিত সমাজ চাই না যেখানে অতি সাধারণ শারীরিক প্রয়োজন মেটানোর জন্য কিংবা এক গ্লাস জল খাওয়ার জন্য একজন মানুষকে গোয়েন্দার মতো চারপাশ হাতড়ে বেড়াতে হবে। বিশ্বাসের জায়গাগুলো যখন এভাবে বিষাক্ত হয়ে ওঠে তখন মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ একদম কমে যায় এবং এক ধরনের দীর্ঘমেয়াদি আতঙ্ক পুরো সমাজকে পঙ্গু করে দেয়। প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন সব সময় মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত কারও সুন্দর জীবন ধ্বংস করার জন্য নয় আর এই সহজ সত্যটি যখন বিকৃত রুচির মানুষেরা ভুলে যায় তখন সমাজকে তার উপযুক্ত জবাব দিতে হয়। ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের যেমন প্রধান দায়িত্ব তেমনি প্রতিটি সচেতন নাগরিকের পরম কর্তব্য হলো এমন কোনো সন্দেহজনক বিষয় নজরে এলে সঙ্গে সঙ্গে সরব হওয়া এবং যথাযথ কর্তৃপক্ষকে দ্রুত অবগত করা। দিনশেষে নিজের সম্মান আর মর্যাদা নিয়ে সুস্থভাবে বেঁচে থাকাটাই মানুষের জীবনের সবচেয়ে বড় সার্থকতা আর সেই সম্মানে যারা লালসার কালিমা লেপন করতে চায় তাদের কোনো সামাজিক ক্ষমা হতে পারে না।

আমরা যদি আজ অপরাধীর ভয়ে চুপ থাকি তবে আগামীর পৃথিবী আমাদের সন্তানদের জন্য আরও বেশি অনিরাপদ ও আতঙ্কিত হয়ে উঠবে এবং ব্যক্তিগত গোপনীয়তা শব্দটা কেবল অভিধানেই সীমাবদ্ধ থেকে যাবে বাস্তব জীবনে তার কোনো অস্তিত্ব থাকবে না। গোপন ক্যামেরার এই আবছায়া দূর করতে হলে কেবল ধরপাকড় নয় বরং প্রতিটি শোরুমে, প্রতিটি স্তরে সিসিটিভি ক্যামেরার বদলে হিডেন ক্যামেরা ডিটেক্টর বসানো বাধ্যতামূলক করতে হবে এবং নিয়ম ভঙ্গকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করতে হবে।

সচেতন মানুষের সম্মিলিত প্রতিরোধই পারে প্রযুক্তির এই অন্ধকার দিককে রুখে দিতে এবং নারীর চলাচলের পথকে পুনরায় নিরাপদ ও কণ্টকমুক্ত করতে। আসুন আমরা নিজেরা সচেতন হই এবং অন্যকেও এই বিষয়ে সতর্ক করে একটি মর্যাদাপূর্ণ আধুনিক সমাজ গড়ে তুলি যেখানে কোনো আয়নার আড়ালে কোনো কুৎসিত দৃষ্টি আমাদের পিছু নেবে না এবং প্রতিটি মানুষ নির্ভয়ে নিজের ব্যক্তিগত সময় অতিবাহিত করতে পারবে।

লেখক : শিক্ষার্থী ইডেন মহিলা কলেজ, ঢাকা