নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, সমাজ তার শিশুদের সঙ্গে কেমন আচরণ করে, সেটিই সেই সমাজের প্রকৃত পরিচয়। জাপান সম্পর্কে বলা হয়, কোনো শিশুকে রাতে একা ছেড়ে দিলেও সে নিরাপদ থাকবে। স্বাভাবিকভাবেই সেখানে আমাদের দেশের মতো বাচ্চাকে স্কুলে দিয়ে সারাদিন বসে থেকে নিয়ে আসার সংস্কৃতি নেই। জাপানে শিশু পথ হারালেও তার নিরাপত্তা নিয়ে বাবা-মাকে কোনো চিন্তা করতে হয় না। আমেরিকায় স্কুলছাত্র বা শিশু বহনকারী যানবাহনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। শিশু বহনকারী বাস দেখলে মনে হবে কোনো ভিআইপি যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে শিশুদের নিরাপত্তা, শারীরিক ও মানসিক বিকাশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।

সম্প্রতি দেশে শিশু ধর্ষণ ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই কোথাও না কোথাও এমন অঘটনের খবর আমাদের বিবেককে নাড়া দেয়। এই পরিস্থিতি শুধু আইনশৃঙ্খলার সংকট নয়। এটি আমাদের মানবিক মূল্যবোধেরও গভীর অবক্ষয়ের প্রতিচ্ছবি। সম্প্রতি রাজধানীর পল্লবীর শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড আমাদের সামাজিক অবক্ষয়ের এক নোংরা, বিকৃত ও কলুষিত চিত্র প্রকাশ করেছে। এ রকম অসংখ্য ঘটনা হয়তো সামনেই আসে না; কোনোভাবে ধামাচাপা পড়ে যায়। আমরা কি দিন দিন অন্ধকারের দিকে ধাবিত হচ্ছি? আমাদের বিকৃত মানসিকতা অপরাধের ধারাকে ছাড়িয়ে যাচ্ছে।

আজ দেশের বাস্তবতা আমাদের কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে–আমরা কি সত্যিই শিশুদের জন্য নিরাপদ সমাজ গড়তে পেরেছি? শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের হাসি, স্বপ্ন ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র, সমাজ ও পরিবারের সম্মিলিত দায়িত্ব। কিন্তু যখন একটি শিশু ধর্ষণ, নির্যাতন কিংবা মানসিক সহিংসতার শিকার হয়, তখন শুধু একটি জীবন নয়– একটি সম্ভাবনাময় ভবিষ্যৎও ধ্বংস হয়ে যায়। অনেক শিশু ভয়, লজ্জা ও সামাজিক চাপে মুখ খুলতে পারে না। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে।

এসব নির্যাতনকারীর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি জরুরি। পল্লবীর ঘটনায় শিশুর ধর্ষক ও হত্যাকারী সোহেল রানাকে পুলিশ সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, তার সহযোগী স্ত্রীকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার, অতিদ্রুত মাত্র পাঁচ দিন সময়ের মধ্যে চার্জশিট প্রধান করে পুলিশ দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করেছে। অতিদ্রুত সময়ের মধ্যে বিচার কাজ সম্পন্ন করে ৭ জুন আর্থিক জরিমানাসহ আসামি সোহেল রানা এবং তাঁর স্ত্রীর মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়। এটি অপরাধীদের জন্য কঠোর বার্তা বহন করে।

এই বাস্তবতায় ‘শিশুদের হ্যাঁ বলুন’ প্রচারণা খুব তাৎপর্যপূর্ণ। এর মূল বার্তা– শিশুর প্রতি ভালোবাসা, সুরক্ষা, সম্মান ও সহমর্মিতা নিশ্চিত করা। শিশুদের কথা মনোযোগ দিয়ে শোনা, তাদের নিরাপত্তা সম্পর্কে সচেতন করা এবং যে কোনো নির্যাতনের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ গড়ে তোলা এখন সময়ের দাবি।

শুধু কঠোর আইন প্রণয়ন করলেই হবে না; তা দ্রুত ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। ধর্ষকদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধীদের মনে ভয় ধরাতে পারে। পাশাপাশি পরিবারে নৈতিক শিক্ষা, বিদ্যালয়ে সচেতনতা কার্যক্রম এবং সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। সংবাদমাধ্যম, সামাজিক সংগঠন, শিক্ষক, ধর্মীয় নেতা, অভিভাবক একসঙ্গে কাজ করতে হবে। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হলে আমাদের নীরবতা ভাঙতে হবে। কারণ নীরবতা অপরাধীদের শক্তিশালী করে, আর প্রতিবাদ শিশুদের বাঁচায়। শিশুদের ‘হ্যাঁ’ বলুন, সহিংসতাকে ‘না’ বলুন। আসুন, আমরা সবাই মিলে শিশুদের প্রতি সহিংসতাকে ‘না’ বলি এবং ভালোবাসা, নিরাপত্তা ও মর্যাদাকে ‘হ্যাঁ’ বলি। একটি নিরাপদ শৈশবই পারে একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়তে।

সম্রাট মো. আবু সুফিয়ান: নিরাপত্তা বিশ্লেষক