প্রতিদিন অসংখ্য মানুষ এক নীরব যুদ্ধে লড়ছেন। কেউ লড়ছেন বেঁচে থাকার আশায়, কেউ প্রিয়জনকে বাঁচানোর জন্য শেষ সম্বলটুকু নিয়ে ছুটছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। কারো চোখে অনিশ্চয়তা, কারো মনে ভয়, আবার কারো সামনে চিকিৎসার বিপুল ব্যয় মেটানোর অসহায় প্রশ্ন। এ যুদ্ধের নাম ক্যান্সার। বিশ্বজুড়ে ক্রমেই ভয়াবহ হয়ে ওঠা এ রোগ এখন আমাদের সময়ের অন্যতম বড় জনস্বাস্থ্য সংকট। কিন্তু প্রশ্ন হলো, এ যুদ্ধে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কতটা প্রস্তুত?

বিশেষত আমাদের দেশে দিন দিন ক্যান্সার সময়ের অন্যতম ভয়াবহ জনস্বাস্থ্য সংকট হয়ে উঠছে। প্রতিটি পরিসংখ্যানের আড়ালে লুকিয়ে আছে কোনো না কোনো মানুষের ভয়, অনিশ্চয়তা, আর্থিক অসহায়ত্ব আর বেঁচে থাকার আকুতি। বিশ্বজুড়েও ক্যান্সার রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, এখনো অসংখ্য মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনেক দেশের বাস্তবতা যেন এ সতর্কবার্তারই প্রতিচ্ছবি। অপর্যাপ্ত চিকিৎসা অবকাঠামো, বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট, ব্যয়বহুল চিকিৎসা এবং আর্থিক অসচ্ছলতা লাখ লাখ মানুষকে অসহায় করে তুলছে। ২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে ক্যান্সার রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির পূর্বাভাস পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে।

ডব্লিউএইচওর মানদণ্ড অনুযায়ী, বাংলাদেশে অন্তত ১৭০টি রেডিওথেরাপি যন্ত্র প্রয়োজন। অথচ সারা দেশে রয়েছে মাত্র ৩০টির মতো। আরো উদ্বেগের বিষয়, দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদন অনুযায়ী, কোনো কোনো সময়ে সচল থাকে মাত্র সাতটি যন্ত্র। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসার অপেক্ষায় থাকতে হয় প্রায় আট হাজার রোগীকে। একজন ক্যান্সার রোগীর কাছে এ অপেক্ষা শুধু সময়ের অপচয় নয়; কখনো কখনো তা বেঁচে থাকার শেষ সুযোগটুকুও কেড়ে নিতে পারে।

চিকিৎসার ব্যয়ও অনেক পরিবারের জন্য এক নীরব বিপর্যয়। বাংলাদেশে সরকারি স্বাস্থ্য ব্যয় মোট দেশজ উৎপাদনের ৩ শতাংশের নিচে, আর মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৬৭ শতাংশ রোগীদের নিজেদের পকেট থেকে বহন করতে হয়। ডিস্কোভার হেলথ সিস্টেমসে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, ক্যান্সারের চিকিৎসার ব্যয় গ্রামীণ অঞ্চলের প্রায় ১২ শতাংশ আক্রান্ত পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। ফলে অনেক পরিবারের কাছে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই শুধু রোগের বিরুদ্ধে যুদ্ধ নয়, সর্বস্ব হারানোর আশঙ্কার বিরুদ্ধেও এক কঠিন সংগ্রাম।

আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আরেকটি বড় দুর্বলতা হলো দেশব্যাপী পূর্ণাঙ্গ জনসংখ্যাভিত্তিক ক্যান্সার নিবন্ধন ব্যবস্থার অভাব। নির্ভরযোগ্য তথ্য ছাড়া কোথায় কত রোগী, কী ধরনের চিকিৎসা প্রয়োজন কিংবা কোথায় বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতি বেশি জরুরি, তা নির্ধারণ করা কঠিন। একই সঙ্গে আমাদের চিকিৎসকদের, বিশেষ করে ক্যান্সার বিশেষজ্ঞদের, চিকিৎসাকক্ষের বাইরেও সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন। নিরাপদ খাদ্য নিশ্চিত করা, বায়ুদূষণ ও সিসার বিষক্রিয়ার বিপদ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং স্বাস্থ্যকর জীবনযাপনে মানুষকে উদ্বুদ্ধ করাও ক্যান্সার প্রতিরোধের গুরুত্বপূর্ণ অংশ।

হয়তো চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান বা আধুনিক প্রযুক্তির অভাবে আমরা এ যুদ্ধে পিছিয়ে পড়ছি না। বরং ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, সবার জন্য সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করা এবং কার্যকর স্বাস্থ্যব্য বস্থাপনায় যথাযথ গুরুত্ব না দেয়ার কারণেই আমরা মূল্যবান সময় ও সুযোগ হারাচ্ছি।

ক্যান্সারের বিরুদ্ধে এ যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি। কিন্তু সিদ্ধান্ত নিতে আমাদের প্রতিটি দিনের বিলম্ব হয়তো কোনো একজন মানুষের বেঁচে থাকার সম্ভাবনাকে আরো ক্ষীণ করে দিচ্ছে।

কার্যকর ক্যান্সার ব্যবস্থাপনায় বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ রূপরেখা প্রয়োজন

ক্যান্সার একটি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন বা টিউমার। আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থার (আইএআরসি) ২০২২ সালের প্রাক্কলন অনুযায়ী, এক বছরে বাংলাদেশে ১ লাখ ৬৭ হাজার ২৫৬টি নতুন ক্যান্সার রোগী শনাক্ত হয়েছে এবং ১ লাখ ১৬ হাজার ৫৯৮ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে সাধারণ ক্যান্সারগুলোর মধ্যে রয়েছে খাদ্যনালি (অসোফেগাস) ও মুখের (ওরাল) ক্যান্সার, অন্যদিকে নারীদের মধ্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার প্রকট ছিল। বাংলাদেশে ২০২২ সালে তামাকসহ পান খাওয়ার কারণে নারীদের মধ্যে মুখের ক্যান্সারের ৬৭ শতাংশ এবং পুরুষদের মধ্যে ৫৪ শতাংশ ভূমিকা রেখেছে। স্পষ্টতই, এ প্রধান স্বাস্থ্য সমস্যাটির জন্য আরো শক্তিশালী প্রেরণামূলক প্রচারণা এবং সংস্কৃতিগতভাবে সংবেদনশীল যোগাযোগের প্রয়োজন।

বায়ুদূষণের অবনতি এবং ফুসফুস-সম্পর্কিত ক্যান্সারে আক্রান্ত রোগীর ক্রমবর্ধমান সংখ্যার পরিপ্রেক্ষিতে তামাক ও তামাকজাত পণ্যকেই ক্যান্সার বৃদ্ধির একমাত্র কারণ হিসেবে দেখা বুদ্ধিমানের কাজ হবে না। তামাক একটি প্রধান ঝুঁকির কারণ তো বটেই তবে বায়ুদূষণ, পেশাগত ঝুঁকি এবং অন্যান্য পরিবেশগত কারণগুলোর সম্ভাব্য অবদান আরো অনেক বেশি পদ্ধতিগতভাবে তদন্ত করা প্রয়োজন।

একই নীতি কোলোরেক্টাল এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টের অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রেও প্রযোজ্য। এমন এক সময়ে যখন আমাদের খাদ্য ব্যবস্থা ক্রমবর্ধমানভাবে সম্ভাব্য বিপজ্জনক বা অননুমোদিত রাসায়নিক, কৃত্রিম রং, কীটনাশকের অবশিষ্টাংশ এবং অন্যান্য দূষক পদার্থের সংস্পর্শে আসছে, তখন এসব সংস্পর্শ ক্যান্সারে কী ভূমিকা পালন করছে তা নির্ধারণে বাংলাদেশের আরো জোরালো গবেষণা প্রয়োজন। ডব্লিউএইচওর সর্বশেষ খাদ্যনিরাপত্তা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে অনিরাপদ খাবার ক্যান্সারসহ ২০০টিরও বেশি রোগ সৃষ্টি করতে পারে।

মাইক্রোপ্লাস্টিক, বারবার গরম করা তেল এবং পরিবেশগত অন্যান্য বিষয় নিয়ে উদ্বেগগুলোরও কঠোর নজরদারি ও গবেষণা প্রয়োজন, তবে নীতিনির্ধারকদের উচিত ঝুঁকির বিশ্বাসযোগ্য প্রমাণ এবং যে দাবিগুলোর মানুষের শরীরে ক্যান্সারের সঙ্গে সরাসরি কার্যকরী সম্পর্ক এখনো প্রতিষ্ঠিত হয়নি, সেগুলোর মধ্যে পার্থক্য করা। আমাদের এ উদ্বেগগুলোকে এড়িয়ে চলা উচিত নয়, আবার সেগুলোকে অপ্রমাণিত দাবিতে রূপান্তর করাও উচিত নয়। আমাদের যা প্রয়োজন তা হলো ভালো বিজ্ঞান, নির্ভরযোগ্য নজরদারি এবং প্রমাণ ও অনুমানের মধ্যে পার্থক্য করতে সক্ষম আন্তঃবিভাগীয় (ইন্টারডিসিপ্লিনারি) গবেষণা।

দ্রুত প্রসারমাণ অনলাইন খাদ্যবাজার, বিশেষ করে ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মের মাধ্যমে বিপণন করা পণ্যগুলোর বিষয়ে অধিকতর সতর্কতার আহ্বান জানানো উচিত। এ ধরনের অনেক পণ্য স্পষ্টভাবে সব উপাদান, তাদের উৎস, পুষ্টির তথ্য বা অনুমোদিত খাদ্যনিরাপত্তা কর্তৃপক্ষের দ্বারা সার্টিফিকেটের প্রমাণে উল্লেখ করে না। অনেকাংশে অনিয়ন্ত্রিত এ সম্প্রসারণ জরুরি মনোযোগের দাবি রাখে। মূলত অনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠা বাজারটির প্রতি এখনই জরুরি ভিত্তিতে মনোযোগ দেয়া প্রয়োজন। এ ধরনের প্রতিটি পণ্যই যে অনিরাপদ—এমনটি নয়, তবে ভোক্তাদের কাছে খাদ্য নির্বাচনে নির্ভর করার মতো যথেষ্ট নির্ভরযোগ্য তথ্য থাকে না। এমনকি কিছু ক্ষেত্রে, প্রস্তুতকারক বা উৎপাদকরাও নিজে তাদের ব্যবহৃত উপাদান, ফুড অ্যাডিটিভ বা তৈরির পদ্ধতির সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে পুরোপুরি সচেতন নাও থাকতে পারেন।

রোগনির্ণয়, ক্যান্সারের ধরন, রোগনির্ণয়ের সময় রোগের পর্যায় (স্টেপ), চিকিৎসা, বেঁচে থাকা এবং মৃত্যুহার নির্ভরযোগ্যভাবে রেকর্ড করতে সক্ষম একটি শক্তিশালী, জনসংখ্যাভিত্তিক জাতীয় ক্যান্সার রেজিস্ট্রি বাংলাদেশে প্রয়োজন। এ ধরনের তথ্য ছাড়া, নীতিনির্ধারকরা সঠিকভাবে নির্ধারণ করতে পারেন না যে কোথায় স্ক্রিনিং সেন্টার, রেডিওথেরাপি ইউনিট, অনকোলজি বিশেষজ্ঞ, ওষুধ এবং গবেষণার জন্য তহবিল সবচেয়ে বেশি প্রয়োজন।

বাংলাদেশ এর মধ্যে প্রমাণ করেছে যে প্রতিরোধ সম্ভব। ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে, বাংলাদেশের এইচপিভি টিকাদান কর্মসূচি ২০২৩ সাল থেকে শুরু করে ৭ দশমিক ১ মিলিয়নেরও বেশি বালিকাকে টিকা দিয়েছে। ডব্লিউএইচওর বৈশ্বিক জরায়ুমুখ ক্যান্সার কৌশল অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ৯০ শতাংশ এইচপিভি টিকাদান কাভারেজ, ৭০ শতাংশ স্ক্রিনিং কাভারেজ এবং ৯০ শতাংশ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ এখন তার এ সাফল্যের ধারাবাহিকতায় জরায়ুমুখের নিয়মিত স্ক্রিনিং এবং চিকিৎসাসেবা আরো জোরদার করতে পারে।

বায়ুদূষণ, শারীরিক নিষ্ক্রিয়তা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও স্থূলতা এবং ক্যান্সার সৃষ্টিকারী সংক্রমণগুলোও মোকাবেলা করতে হবে। ডব্লিউএইচও সম্প্রতি জানিয়েছে যে ঝুঁকিপূর্ণ বিষয়গুলো পরিহার করে এবং বিদ্যমান প্রমাণভিত্তিক প্রতিরোধমূলক কৌশল বাস্তবায়নের মাধ্যমে প্রায় ৩৮ শতাংশ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। অন্যদিকে বাংলাদেশসহ নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোতে এইচপিভি এবং হেপাটাইটিসের মতো সংক্রমণগুলো প্রায় ৩০ শতাংশ ক্যান্সারের জন্য দায়ী। কেবল টিকাদান একাই ক্যান্সারের সমস্যার সমাধান করতে পারবে না।

স্বল্পমেয়াদে সরকারের উচিত ক্যান্সার সার্ভিল্যান্স (রোগতাত্ত্বিক পর্যবেক্ষণ) জোরদার করা, রোগনির্ণয় ও চিকিৎসার অপেক্ষার সময় কমানো, প্যাথলজি ও ইমেজিংয়ের সক্ষমতা বৃদ্ধি করা, অত্যাবশ্যকীয় ক্যান্সার ওষুধের প্রাপ্যতা উন্নত করা এবং বিদ্যমান সরকারি মেডিকেল কলেজ ও টারশিয়ারি (উচ্চ পর্যায়ের) হাসপাতালগুলোকে আরো ভালোভাবে কাজে লাগানো। এ গুরুত্বপূর্ণ চিকিৎসা খাত পরিচালনায় হাসপাতাল প্রশাসকদের আরো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। নতুন যন্ত্রপাতি ক্রয় বা মেরামতের তুলনায় রক্ষণাবেক্ষণ কেবল অধিক সাশ্রয়ীই নয়, এটি সাধারণ ও অসহায় রোগীদের জন্য অত্যন্ত অপরিহার্য।

মধ্যম মেয়াদে, বাংলাদেশের উচিত স্ক্রিনিং এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো বিস্তৃত করা যাতে প্রধান শহরের বাইরের মানুষের বায়োপসি, ইমেজিং পরীক্ষা বা বিশেষজ্ঞের পরামর্শ পাওয়ার জন্য দীর্ঘ পথ ভ্রমণ করতে না হয়। মাল্টিডিসিপ্লিনারি ক্যান্সার টিমের পাশাপাশি রেডিওথেরাপি এবং সার্জিক্যাল অনকোলজির ক্ষমতা প্রসারিত করতে হবে।

দীর্ঘমেয়াদে দেশের জন্য প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, চিকিৎসা, প্যালিঅ্যাটিভ কেয়ার (উপশমমূলক যত্ন) এবং গবেষণাকে কেন্দ্র করে একটি জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এছাড়া আরো বেশি সংখ্যক মেডিকেল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, সার্জন, প্যাথলজিস্ট এবং অনকোলজি নার্সের প্রয়োজন হবে। খাদ্যনালি, মুখগহ্বর, স্তন, জরায়ুমুখ এবং পরিপাকতন্ত্রের ক্যান্সারের মতো নির্দিষ্ট কিছু ক্যান্সার কেন বেশি দেখা যায়, তা অনুধাবনের জন্য বাংলাদেশের জরুরি ভিত্তিতে স্থানীয়ভাবে পরিচালিত গবেষণা প্রয়োজন।

জনসচেতনতাও গুরুত্বপূর্ণ। ধর্মীয় নেতা, শিক্ষক, সমাজপতি এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীরা আচরণবিধি পরিবর্তনের ক্ষেত্রে, বিশেষ করে তামাক ও পান ব্যবহারের ক্ষেত্রে এবং এইচপিভি ও ক্যান্সার রোগ নির্ণয়ের ভয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে শক্তিশালী অংশীদার হয়ে উঠতে পারেন।

ক্যান্সার নীতিতেও আর্থিক সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। একটি রোগনির্ণয় যেন এরই মধ্যে দুর্বল পরিবারকে মারাত্মক ঋণের জালে ঠেলে না দেয়। প্রাথমিক রোগনির্ণয় কেবল চিকিৎসাগত দিক থেকেই বুদ্ধিমানের কাজ নয়, বরং এটি দীর্ঘস্থায়ী চিকিৎসা এবং উন্নত পর্যায়ের রোগের অর্থনৈতিক ও মানসিক বোঝা কমাতে পারে।

বাংলাদেশের জন্য একটি জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ রোডম্যাপ প্রয়োজন, যাতে থাকবে পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা, নির্দিষ্ট অর্থায়ন, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান এবং কর্মপরিকল্পনার একটি সুনির্দিষ্ট সময়সীমা। পাশাপাশি চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে একটি শক্তিশালী গবেষণাভিত্তিক একাডেমিক সেতুবন্ধ তৈরি করা অত্যন্ত জরুরি। তা না হলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিক্ষিপ্তভাবে গবেষণা নিবন্ধ প্রকাশিত হতে থাকলেও তা নীতিনির্ধারকদের সামনে এ মারাত্মক রোগের প্রকৃত চিত্রের একটি সুসংহত রূপ তুলে ধরতে ব্যর্থ হবে।

ডা. রুবাইয়ুল মোরশেদ: একজন স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং সদয় আচরণ ও নৈতিক নেতৃত্বের মনোবিজ্ঞানের গবেষক

ডা. জাফর মো. মাসুদ : ক্যান্সার বিশেষজ্ঞ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অনকোলজি), বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল