কুটিরশিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প। এ শিল্পে বাংলার আবহমান সংস্কৃতির প্রতিভাস ফুটে ওঠে, যার নির্মাতা গ্রামের সাধারণ মানুষ। নিজেদের ব্যবহার ও বিক্রির জন্য তারা এসকল পণ্য উৎপাদন করে। কুটিরশিল্পকে অনেকে হস্তশিল্প, কারুশিল্প, সৌখিন শিল্পকর্ম, গ্রামীণ শিল্পও বলেন। বর্তমানে শহর এলাকায়ও কুটির শিল্পের প্রসার ঘটছে। কুটিরশিল্প কেবল একটি উৎপাদনধর্মী পেশা নয়, এটি আমাদের জীবনযাপন, সংস্কৃতি ও জাতিসত্তার গভীর প্রতিচ্ছবি। মাটির হাঁড়ি থেকে জামদানি শাড়ি, নকশিকাঁথা থেকে বাঁশ-বেতের পণ্য, প্রতিটি শিল্পকর্মে লুকিয়ে আছে বাংলার প্রকৃতি, নদী, লতাপাতা, পশুপাখি ও মানুষের গল্প। গ্রামের সাধারণ মানুষই এই শিল্পের নির্মাতা; তারা নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি স্থানীয় বাজারে কিংবা শহরে বিক্রির জন্য এসব সামগ্রী তৈরি করেন। তাই কুটিরশিল্প আসলে বাংলার মাটি ও মানুষের সৃজনশীলতার বহিঃপ্রকাশ।
বাংলাদেশের শিল্প আইন অনুসারে, যে শিল্পে ২০ জনের বেশি লোক নিয়োজিত হয় না, সেটিকেই ক্ষুদ্রায়তন বা কুটিরশিল্প বলা হয়। এ শিল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলোÑ এখানে যন্ত্র নয়, মানুষের হাতই প্রধান উৎপাদনশক্তি। কলকারখানায় যেমন যন্ত্রের সাহায্যে অতি অল্প সময়ে এবং কম খরচে পণ্য উৎপাদন করা যায়, কুটিরশিল্পে তেমনটা সম্ভব নয়। কিন্তু শিল্পীর হাতের নিপুণতায় তৈরি দ্রব্যের সৌন্দর্য, স্থায়িত্ব ও নান্দনিকতা কলকারখানার যান্ত্রিক পণ্যের সঙ্গে তুলনীয় নয়। এই শিল্পে মূলধন কম লাগে, অথচ পরিবারের প্রত্যেক সদস্যের শ্রমকে কার্যকরভাবে কাজে লাগানো যায়। তাই কুটিরশিল্প শুধু একটি পেশা নয়, এটি একধরনের পারিবারিক ঐতিহ্য, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলার মাটিতে টিকে আছে।
বাংলার গ্রামে কুটিরশিল্প কেবল অর্থনৈতিক কর্মকা- নয়, এটি মানুষের নিত্যদিনের জীবনের অঙ্গ। গ্রামের মেয়েরা অবসর সময়ে কুটিরশিল্পজাত সামগ্রী তৈরি করেÑ যেমন বোনা কাপড়, নকশিকাঁথা, টোকরি, মাদুর, ঝুড়ি বা শৌখিন সাজসজ্জার সামগ্রী। নারীদের পাশাপাশি পুরুষরাও এই শিল্পের গুরুত্বপূর্ণ অংশ। কামার, কুমার, তাঁতি, স্বর্ণকার, শাঁখারি, কাঁসারিরা জীবিকা অর্জনের জন্য যেসব জিনিস তৈরি করেনÑ দা, কোদাল, খুন্তি, কাঁচি, মাটির হাঁড়ি, সুরমাদানি, কিংবা গৃহস্থালি পাত্রÑ সবই কুটিরশিল্পের অন্তর্ভুক্ত। বাঁশ ও বেতের তৈরি চেয়ার, টেবিল, ঝুড়ি, শো-পিস, মাছ ধরার যন্ত্রপাতি, পাখা, মোড়া, পাটি, চাটাই, সূচিশিল্প, চামড়ার ব্যাগ বা বেল্ট, কাঠের অলংকার, এমনকি বিড়ি উৎপাদনও কুটিরশিল্পের আওতায় পড়ে। তাঁতশিল্প, মৃৎশিল্প, বেতশিল্প, স্বর্ণ-রৌপ্য অলংকার, কাঁসার জিনিসপত্র, পাট ও তুলার কাজÑ সবকিছু মিলিয়ে কুটিরশিল্প আমাদের অর্থনীতি ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। শাড়ি, লুঙ্গি, টেবিল ক্লথ, সোফা ক্লথ, জামদানি, সোয়েটার, ব্যাগ, মাফলার, সুতার টুপি, ওয়ালম্যাট, চাদর, গামছা, শীতবস্ত্র, রেডিমেড গার্মেন্টস ও হোসিয়ারি শিল্পও এ ধারারই সম্প্রসারিত রূপ। আবার ওয়েল্ডিং ওয়ার্কশপ, বালতি-ট্রাক তৈরি, রেডিও-টেলিভিশন ও ফ্রিজ মেরামত, মটরসাইকেল, জিপ, ট্রাক ও বাস মেরামতের মতো কাজও আধুনিক কুটিরশিল্পের অন্তর্ভুক্ত। অর্থাৎ, এই শিল্প এখন আর কেবল গ্রামের আঙিনায় সীমাবদ্ধ নয়Ñএটি শহরেও ছড়িয়ে পড়েছে, এবং ক্রমেই একটি জাতীয় অর্থনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে।
বাংলাদেশের কুটিরশিল্পের ইতিহাস হাজার বছরের পুরোনো। প্রাচীনকালে ঢাকার বিখ্যাত মসলিন কাপড় ছিল আমাদের গর্ব, যা সূক্ষ্মতা ও সৌন্দর্যে বিশ্বকে মুগ্ধ করেছিল। ইংরেজ শাসনামলে এই শিল্প ধ্বংস হয়ে গেলেও, আজও জামদানি, নকশিকাঁথা, মৃৎশিল্প, বাঁশ-বেতের কাজ এবং পাট শিল্প আমাদের ঐতিহ্যের ধারক। বিশেষত জামদানি শাড়ি আজও বাংলাদেশের আন্তর্জাতিক পরিচয়ের প্রতীক। এটি ইউনেস্কোর স্বীকৃত ‘ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি’, যা আমাদের কুটিরশিল্পের বৈশি^ক মর্যাদা প্রকাশ করে। রাজশাহী, টাঙ্গাইল, কুমিল্লা, নারায়ণগঞ্জ, দিনাজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে এখনো বিভিন্ন ধরণের কুটিরশিল্প টিকে আছে, যা বাংলাদেশের ঐতিহ্যকে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে নিয়ে যাচ্ছে।
বাংলাদেশের অর্থনীতিতে কুটিরশিল্পের অবদান অনস্বীকার্য। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) অনুযায়ী, দেশে প্রায় ১২ থেকে ১৫ লক্ষ পরিবার সরাসরি বা পরোক্ষভাবে কুটিরশিল্পের সঙ্গে যুক্ত। এটি গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। নারী শ্রমশক্তির একটি বড় অংশ এই খাতে সক্রিয়ভাবে যুক্ত। তাঁতি, কারিগর, মৃৎশিল্পী, বেতশিল্পী, চামড়াশিল্পীÑ সবাই মিলেই গড়ে তুলেছেন এক বিশাল কর্মসংস্থান ক্ষেত্র। একজন কুটিরশিল্পী মাসে গড়ে ৫,০০০ থেকে ৮,০০০ টাকা পর্যন্ত আয় করেন, কেউ কেউ ১০,০০০ থেকে ১৫,০০০ টাকাও আয় করেন। শীত মৌসুমে বুনন ও বস্ত্র শিল্পের চাহিদা বাড়ায় আয়ও বৃদ্ধি পায়। যদিও কুটিরশিল্প ব্যাপক আকারে লাভজনক নয়, তবুও এটি অল্প খরচে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুবিশাল সুযোগ তৈরি করেছেÑ বিশেষত নারীদের জন্য। এটি গ্রামের অর্থনীতিকে সচল রাখে, দারিদ্র্য হ্রাসে ভূমিকা রাখে এবং পরিবারভিত্তিক আত্মনির্ভরতার সংস্কৃতি গড়ে তোলে।
কুটিরশিল্প সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রতিফলন। কারিগর, তাঁতি, কামার, কুমার, মৃৎশিল্পীÑ তাঁরা কেবল পণ্য তৈরি করেন না, তাঁরা ঐতিহ্য তৈরি করেন। তাঁদের হাতে তৈরি প্রতিটি দ্রব্যে ফুটে ওঠে বাংলার গ্রামীণ জীবনের রূপ, প্রকৃতির রঙ এবং সংস্কৃতির প্রতিচ্ছবি। একটি মাটির হাঁড়ি, একটি নকশিকাঁথা কিংবা একটি বেতের চেয়ারÑ সবই যেন বাংলার জীবনের কাব্যিক প্রতিরূপ। তবে, কুটিরশিল্প এখনো নানা প্রতিবন্ধকতার সম্মুখীন। আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির অভাব, বাজারজাতকরণের সীমাবদ্ধতা, প্রশিক্ষণ ও ঋণ সুবিধার ঘাটতি, পণ্যের মাননিয়ন্ত্রণের অভাব এবং মধ্যস্বত্বভোগীদের আধিপত্যÑ সবই এই শিল্পের বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় শিল্পীরা তাদের শ্রমের ন্যায্যমূল্য পান না। বিশ্বায়নের যুগে ‘হ্যান্ডমেইড’ বা ‘লোকশিল্পজাত’ পণ্যের চাহিদা বেড়ে চলেছে। পরিবেশবান্ধব, স্থানীয় উপকরণনির্ভর ও নান্দনিক পণ্য এখন আন্তর্জাতিক বাজারে বিশেষ স্থান দখল করছে। বাংলাদেশের কুটিরশিল্প সেই বাজারে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। সরকার যদি প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম, সহজ ঋণ ও বিপণন সুবিধা নিশ্চিত করে, তবে এই খাত আরও বিকশিত হবে। বর্তমানে বিসিক, বাংলাদেশ হ্যান্ডিক্রাফ্ট বোর্ড, এবং কিছু এনজিও এ খাতে কাজ করছে, তবে তাদের কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়া প্রয়োজন। পাশাপাশি ই-কমার্স ও অনলাইন বিপণন ব্যবস্থাকে কুটিরশিল্পের সঙ্গে যুক্ত করলে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিল্পীরাও বিশ্ববাজারে অংশ নিতে পারবেন।
কুটিরশিল্পের উন্নয়নে নানা সমস্যা ও প্রতিবন্ধকতা বিদ্যমান। প্রথমত, আর্থিক সীমাবদ্ধতা একটি বড় বাধা। অধিকাংশ কুটিরশিল্পী প্রয়োজনীয় পুঁজি পান না। ব্যাংক থেকে ঋণ পাওয়া জটিল, আর উচ্চ সুদের হার তাদের জন্য বোঝাস্বরূপ। দ্বিতীয়ত, প্রযুক্তির অভাব অন্যতম সমস্যা। আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের অভাবে উৎপাদন খরচ বেড়ে যায় এবং উৎপাদনশীলতা কমে। তৃতীয়ত, বাজারজাতকরণের সমস্যা অত্যন্ত জটিল। পণ্য বিপণনের জন্য পর্যাপ্ত বাজার ও আন্তর্জাতিক যোগাযোগ না থাকায় শিল্পীরা ন্যায্য মূল্য পান না। চতুর্থত, কাঁচামালের উচ্চ মূল্য ও অপ্রাপ্যতা উৎপাদনে বড় বাধা হয়ে দাঁড়ায়। অনেক সময় গুণগত মানসম্পন্ন কাঁচামাল সহজলভ্য হয় না, ফলে উৎপাদন ব্যাহত হয়। পঞ্চমত, প্রশিক্ষণ ও দক্ষতার অভাব।
কুটিরশিল্পীরা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সুযোগ থেকে বঞ্চিত, ফলে দক্ষ শ্রমিকের ঘাটতি দেখা দেয় এবং পণ্যের গুণগতমান বজায় রাখা কঠিন হয়ে পড়ে। ষষ্ঠত, দেশি-বিদেশি প্রতিযোগিতা। চীন ও ভারতের সস্তা শিল্পজাত পণ্য আমাদের বাজার দখল করে নিচ্ছে, ফলে স্থানীয় কুটিরশিল্পীরা টিকে থাকতে পারছেন না। সপ্তমত, সরকারি সহায়তার অভাব ও গ্রামীণ অবকাঠামোর দুর্বলতা শিল্পের প্রসারে বাধা সৃষ্টি করছে। অষ্টমত, সংগঠন ও একতার অভাব কুটিরশিল্পীদের বড় বাজারে প্রবেশে বাধা দেয়। নবমত, পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা ও পুঁজির অভাব রয়েছে। দশমত, তথ্যপ্রযুক্তির সীমিত ব্যবহার তাদের ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্সের সুবিধা থেকে বঞ্চিত রাখছে। এছাড়া, যন্ত্রশিল্পের সঙ্গে প্রতিযোগিতা কুটিরশিল্পকে কোণঠাসা করছে, কারণ যন্ত্রশিল্প অল্প সময়ে বেশি পণ্য উৎপাদন করতে পারে। দেশীয় পণ্যের প্রতি অনীহা ও স্বদেশপ্রেমের অভাব কুটিরশিল্পের জন্য একটি সাংস্কৃতিক সংকট। দেশীয় পণ্য গুণে শ্রেষ্ঠ হলেও বাহ্যিক চাকচিক্যের কারণে অনেকেই বিদেশি দ্রব্যের প্রতি আকৃষ্ট হন।
কুটিরশিল্পের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ। প্রথমত, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। শিল্পীদের আধুনিক যন্ত্রপাতি সরবরাহ ও প্রযুক্তি জ্ঞান প্রদান করলে উৎপাদন ব্যয় কমে এবং দক্ষতা বাড়ে। দ্বিতীয়ত, প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে হবে। কারিগরি, ডিজাইন, বিপণন ও ব্যবসা পরিচালনা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দিলে শিল্পীরা নতুন বাজারে প্রবেশে সক্ষম হবেন। তৃতীয়ত, বাজার সম্প্রসারণ ও বিপণন কৌশল উন্নত করতে হবে। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে কুটিরশিল্পজাত পণ্যের প্রদর্শনী, মেলা এবং ই-কমার্স প্ল্যাটফর্মে অংশগ্রহণের সুযোগ বাড়ানো উচিত। চতুর্থত, সরকারি সহায়তা বাড়াতে হবে।
সহজ শর্তে ঋণপ্রদান, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিল গঠন, কর-ছাড় ও ইনকিউবেশন সেন্টার স্থাপন কুটিরশিল্পের বিকাশে সহায়ক হবে। পঞ্চমত, কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করা প্রয়োজন। স্থানীয়ভাবে কাঁচামাল উৎপাদন ও সরবরাহ বাড়ানো গেলে উৎপাদন ব্যয় কমবে। ষষ্ঠত, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন অপরিহার্য। বিদ্যুৎ, সড়ক ও পরিবহন ব্যবস্থার উন্নতি কুটিরশিল্পের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। সপ্তমত, সংগঠন ও সমবায় গঠন করতে হবে। সংগঠিত কুটিরশিল্পীরা যৌথভাবে বাজারে প্রবেশ ও প্রতিযোগিতা করতে পারবেন। অষ্টমত, তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। ডিজিটাল মার্কেটিং ও অনলাইন বিক্রয়ের প্রশিক্ষণ দিলে তারা বৈশি^ক বাজারে নিজেদের জায়গা তৈরি করতে পারবেন। নবমত, বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে। আন্তর্জাতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ডিজাইন ও পণ্য উদ্ভাবন করলে বাজারে স্থিতি পাওয়া সম্ভব। দশমত, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম বাড়াতে হবে। কুটিরশিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণা নতুন প্রযুক্তি প্রয়োগের পথ খুলে দিতে পারে। একাদশত, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে। টেকসই উৎপাদন প্রক্রিয়া ও পরিবেশবান্ধব কাঁচামাল ব্যবহারে দীর্ঘমেয়াদে এ শিল্প টিকে থাকবে। দ্বাদশত, প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে হবে। দেশীয় পণ্যের মানোন্নয়ন, ব্র্যান্ডিং ও গুণগত মান বজায় রাখার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে আস্থা অর্জন সম্ভব।
আমরা যদি এই শিল্পকে আধুনিক প্রযুক্তি, সঠিক প্রশিক্ষণ এবং বাজার সংযোগের মাধ্যমে আরও শক্তিশালী করতে পারি, তাহলে কুটিরশিল্প শুধু গ্রামীণ জীবিকার উৎসই হবে নাÑ এটি হয়ে উঠবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক পুনর্জাগরণের এক স্থায়ী ভিত্তি।
লেখক : গবেষক ও রাজনৈতিক কলাম লেখক। sk.rafiq1982@gmail.com
