মেধাহীন রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সর্বত্র এই দুর্বৃত্তায়িত রাজনীতির উত্তাপ, অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়ছে। পাড়ায়-মহল্লায় মব সন্ত্রাস, কিশোর গ্যাং, সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ ও চরিত্র হনণের যে কলুষিত পরিবেশ দেখা যাচ্ছে, তা হঠাৎ করেই সৃষ্টি হয়নি। ঔপনিবেশিক আমলের দাস ব্যবসা, জাহাজের খোল ভর্তি করে মানব পাচারের অর্থনীতি এখন যুদ্ধবাদী অর্থনৈতিক সাম্রাজ্যবাদে পরিনত হয়েছে। শয়তানি শক্তি এখন বিশ্বের সব প্রান্তের সবকিছু নিজের মত করে নিয়ন্ত্রণ করতে চায়। প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ, কোরীয় যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, প্রথম গাল্ফওয়ার, আফগানিস্তান ও ইরাক যুদ্ধ ইত্যাদি কোনো যুদ্ধই কোনো বৈষম্য নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিরোধ-প্রতিবাদ থেকে শুরু হয়নি।
বিংশ শতকের শুরু থেকে একবিংশ শতকের চলমান সবগুলো যুদ্ধই উপর থেকে চাপিয়ে দেয়া আধিপত্যবাদী শক্তির পরিকল্পিত মানচিত্র বদলের যুদ্ধ। রাজনৈতিক-অর্থনৈতিক কর্তৃত্ব ও আধিপত্য কায়েমের এই যুদ্ধের মহড়া এখন পাড়া-মহল্লা, শিক্ষা প্রতিষ্ঠান, ওয়ার্ড কাউন্সিল, স্থানীয় বাজার- ঘাট থেকে শুরু হয়। মেধার বদলে চাটুকারিতা, বেয়াদবি, চাঁদাবাজি ও সন্ত্রাসি কর্মকান্ডে সাহসিকতা ও দক্ষতাই হচ্ছে এখন রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়ার মূলমন্ত্র। তবে আশার কথা এই যে, আমাদের প্রাতিষ্ঠানিক রাজনৈতিক বৃত্তের ভেতর থেকেই এর উপলব্ধি, মূল্যায়ন ও স্বীকৃতি শুরু হয়েছে। বিগত দিনে প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, সেনাপ্রধান থেকে প্রধান বিচারপতি পর্যন্ত ফ্যাসিবাদী নষ্ট রাজনীতির লুন্ঠনতন্ত্রের পক্ষে অভিন্ন স্বরে কোরাস গাইতো।
জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এখন তার পরিবর্তন ঘটতে শুরু করেছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সম্প্রতি এক বক্তৃতায় দেশে চলমান রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে বলেছেন, ‘এখানে সমাজের নিকৃষ্ট যে লোকটা, সে-ই এমপি, মন্ত্রী হয়। সবচেয়ে বড় দুর্নীতিবাজেরা সমাজের নেতা হয়ে গেছেন’। দুর্বৃত্তায়িত সমাজে অর্থ-বিত্তের মানদন্ডে নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়ায় ভালো লোকদের পক্ষে রাজনীতিতে টিকে থাকা এবং এমপি-মন্ত্রী হওয়া প্রায় অসম্ভব। খারাপ লোকগুলো সবচেয়ে খারাপ লোকটিকে নেতা মেনে তাকে আরো উপরে তুলতে সম্ভাব্য সবকিছুই করছে। তারা এর সুফলও পাচ্ছে হাতে হাতে। রাজনীতি হয়ে পড়েছে বিনা পুঁজিতে সবচেয়ে লাভজনক ব্যবসায়। একেকজন বেকার, গণ্ডমূখর্, গলাবাজ, তেলবাজ, বেয়াদব ও বেপরোয়া সন্ত্রাসি তার পূর্বসুরি নেতার ছত্রছায়ায় চাঁদাবাজি-টেন্ডারবাজি করে কোটি কোটি টাকার মালিক হয়ে ক্ষমতাসীন দলের পদ বাগিয়ে নিয়ে নিজেও বড় নেতায় পরিনত হচ্ছেন। এরপর তার ছত্রছায়ায় আবার একই কায়দায় নতুন তেলবাজ, গলাবাজ, সন্ত্রাসি পাতিনেতার জন্ম হচ্ছে, নেতৃত্বে থাকা বড় সন্ত্রাসীদের হাতকে শক্তিশালী করতে তারা জানবাজ ভূমিকা পালন করে তার বিশ্বাস ও আস্থা অর্জনের মাধ্যমে নিজের অবস্থান পাকাপোক্ত করে নিচ্ছে। এভাবেই এগিয়ে যাচ্ছে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ।
ইউনিপোলার বিশ্বব্যবস্থায় বিদ্যমান ভারসাম্যহীন পুঁজিতন্ত্র, লুণ্ঠন, আধিপত্য এবং আগ্রাসী নীতির প্রভাব পড়েছে প্রায় প্রতিটি অঞ্চলের রাষ্ট্রব্যবস্থায়। মুক্তবাজার অর্থনৈতিক প্রতিযোগিতায় টিকতে না পেরে বিশ্বের উপর যুদ্ধবাদি অর্থনীতি চাপিয়ে দেয়া হয়েছে। নিজেরা গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্ত হাতে ধরে রাখলেও অনুন্নোত-উন্নয়নশীল দেশগুলোতে গণতন্ত্রের বদলে বশংবদ স্বৈরাচার, রাজতন্ত্র ও সামরিকতন্ত্র জিইয়ে রেখে স্বার্থ হাসিলেই তাদের আগ্রহ বেশি। অর্থনৈতিক সাম্রাজ্যবাদ টিকিয়ে রাখতে জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও বাণিজ্যিক কর্তৃত্ব ধরে রাখতে যেখানে যেভাবে খুশি নিজেদের অনুগত, বশংবদ লোক বসাতে সম্ভাব্য সবকিছু করতে তারা মরিয়া হয়ে ওঠে।
বিংশ শতকের প্রায় প্রতিটি যুদ্ধ ও সামরিক আগ্রাসনের নেপথ্যে ছিল পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির যুদ্ধবাদি পরিকল্পনা। ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি বিশ্বের ওপর শত বছরের আধিপত্য কায়েমের নীল নকশার অংশ হিসেবে উসমানীয় খেলাফতকে ভেঙ্গে টুকরো টুকরো করে মধ্যপ্রাচ্যে একটি সামরিক লাঠিয়াল হিসেবে জায়নবাদী ইসরাইল রাষ্ট্র কায়েম করতে ফিলিস্তিনি আরব মুসলমানদের জমি দখল করেছিল। প্রথম মহাযুদ্ধ থেকে শুরু হওয়া পরিকল্পনা মাফিক নতুন বিশ্বব্যবস্থা তার প্রথম এক শতাব্দী পার হওয়ার আগেই আরেক শতাব্দীর পরিকল্পনা গ্রহণ করেছিল।
এর মাঝখানে বাণিজ্যিক-অর্থনৈতিক পরিকল্পনায় যুদ্ধ ছাড়াই সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে দিতে পারলেও ইসলামি সাংস্কৃতিক মূল্যবোধ ও বিশ্বাসের শক্তিকে ধারণ করা ওআইসিভুক্ত অর্ধশতাধিক রাষ্ট্রের সম্ভাব্য ঐক্য ও রাজনৈতিক-অর্থনৈতিক উত্থানকে পশ্চিমারা ক্লাস অব সিভিলাইজেশন নামে চিহ্নিত করে নতুন পরিকল্পনা গ্রহণ করেছিল। এর প্রধান অণুঘটক ছিল জায়নবাদি ইসরাইল ও তার পৃষ্ঠপোষক ইঙ্গ-মার্কিন কর্পোরেট জায়ান্ট ও এমআইসি(মিলিটারি ইন্ডাসট্রিয়াল কমপ্লেক্স)। সোভিয়েত সমাজতন্ত্র ভেঙ্গে পড়ার পর পশ্চিমাদের মিলিটারি এস্টাবলিশমেন্টের প্রয়োজনীয়তাও অনেকটা কমে যাওয়ার কথা। সোভিয়েত বলয়ের ওয়ারশ’ সামরিক জোট ভেঙ্গে যাওয়ার পর ন্যাটো জোটের প্রয়োজনীয়তা থাকার কথা নয়।
বাইপোলার বিশ্ব ইউনিপোলারে পরিনত হওয়ার পর ন্যাটো জোটের সামরিক ও অর্থনৈতিক বিস্তৃতি অনেক বেড়ে যাওয়ার নেপথ্যে কাজ করেছে মধ্যপ্রাচ্যের উপর পশ্চিমা নিয়ন্ত্রণ হারানোর ভয়। বিশেষত ইরানের পাহলভি রাজপরিবারের উপর মার্কিন ও বৃটিশদের একচ্ছত্র নিয়ন্ত্রণ সত্বেও ১৯৭৯ সালে ইরান বিপ্লবের মধ্য দিয়ে শুধু শাহের পতন ঘটেনি, ইঙ্গ-মার্কিন আধিপত্যেরও কবর রচিত হয়েছিল। সোভিয়েত সমাজতন্ত্রের প্রভাব যেভাবে পূর্ব ইউরোপ, পশ্চিম আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় ছড়িয়ে পড়তে শুরু করেছিল, একইভাবে ইরানের বিপ্লবের আঁচ যেন প্রতিবেশি ইরাক, সিরিয়া বা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে না পড়ে সে জন্যই ইরাকি নেতা সাদ্দাম হোসেনকে দিয়ে ইরানের বিরুদ্ধে ৮ বছরব্যাপী এক অস্বাভাবিক যুদ্ধ বাধিয়ে দেয়া হয়েছিল। যুদ্ধে সামরিক-অর্থনৈতিক সহায়তার নামে ইরাকের উপর শত শত কোটি ডলারের বৈদেশিক ঋণের বোঝা চাপিয়ে দিয়ে সাদ্দাম হোসেনকে কুয়েত দখলের গ্রীন সিগনাল দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সাদ্দাম হোসেন কুয়েত সীমান্তে সেনা মোতায়েন করার পর কোনো রকম কূটনৈতিক পদক্ষেপ বা নেগোসিয়েশনের চেষ্টা না করেই ন্যাটোর বিপুল সামরিক শক্তি নিয়ে ইরাকের উপর ঝাঁপিয়ে পড়েছিল। ইরানকে ঘায়েল করতে হলে প্রথমে তার প্রতিবেশি দেশ ইরাক ও সিরিয়ার উপর দখলদারিত্ব কায়েম করা জরুরি। নাইন-ইলেভেনে সন্ত্রাসি বিমান হামলার প্রেক্ষাপট, ইরাক-আফগানিস্তান দখল ও সিরিয়ায় রিজিম চেঞ্জের এটাই ছিল ন্যাটো জোটের মূল লক্ষ্য।
প্রথম গাল্ফ ওয়ারের সময় (১৯৯১) সাদ্দাম হোসেনের পররাষ্ট্রমন্ত্রী তারেক আজিজ মার্কিন সেক্রেটারি অব স্টেট জেমস বেকারের উদ্দেশ্যে বলেছিলেন, ‘ইরাকিরা যে সময় বিশ্বকে জ্ঞান-বিজ্ঞানের নতুন পথ দেখিয়েছিল, জর্জ বুশের পূর্ব পুরুষরা তখন পাথরের গুহায় আঁচড় কাটতে শিখছিল’। ইরান, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, মিশর তুরস্কসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো অভিন্ন ঐতিহাসিক উত্তরাধিকারের অংশীদার। ইসলামের আবির্ভাবের মধ্য দিয়ে তা পূর্ণতা লাভ করেছে। ইউরোপের উপর উসমানীয় খেলাফতের আধিপত্য ও জেরুজালেমের নিয়ন্ত্রণ মুক্ত করতে খৃষ্টীয় যাজকরা দশম শতকে প্রায় দুইশ বছরের যে ক্রুসেড শুরু করেছিল তা ব্যর্থ হওয়ার পর প্রথম মহাযুদ্ধই ছিল মোক্ষম সুযোগ।
দুইশ বছরের ক্রুসেড ব্যর্থ হলেও আরব মুসলমানদের মধ্যে জাতীয়তাবাদী বিভেদ ঢুকিয়ে তুর্কি অটোমানদের বিরুদ্ধে আরব সেনাদের বিদ্রোহের মধ্য দিয়ে বৃটিশদের কাছে পরাজয় নিশ্চিত করা হয়েছিল। এরপর মুসলমানরা যেন আর কখনো ঐক্যবদ্ধ হতে না পারে, রাজনৈতিক-অর্থনৈতিকভাবে মাথা তুলে দাঁড়াতে না পারে, পশ্চিমা সাম্রাজ্যবাদী নীতির অন্যতম মূল লক্ষ্য এটা। আর সেই লক্ষ্য হাসিল করতে গিয়ে তাদের প্রধান প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে ইরানের বিপ্লবী রিজিম ও প্রতিরোধ বাহিনী। শত বছরের পরিকল্পনা ভেস্তে গিয়ে পশ্চিমা সম্মিলিত সামরিক শক্তি এখন ইরান ও এশীয় শক্তির প্রবল প্রতিরোধ ও প্রত্যাঘাতের মুখে হাবুডুবু খেতে শুরু করেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ডিল অব দ্য সেঞ্চুরি ছিল শত বছর আগে আরব বিদ্রোহের মধ্য দিয়ে সৃষ্ট নতুন বিশ্বব্যবস্থার নতুন অধ্যায়ের মহাপরিকল্পনার অংশ। ইরান সমর্থিত হামাস, হেজবুল্লাহ্, হুতি এবং আইআরজিসি ইঙ্গ-মার্কিন চক্রের জায়নবাদি পরিকল্পনা ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে। ইরানের উপর কাপুরোষোচিত আক্রমন-আগ্রাসনের প্রতিরোধের প্রথম প্রত্যাঘাতে ইসরাইলের আগ্রাসী দন্ত ও মেরুদন্ড ভেঙ্গে পড়েছে। এটি শুধু সামরিক পরাজয় নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল অভ্যন্তরীণ রাজনীতি, কূটনৈতিক ও অর্থনৈতিক নিরাপত্তা বলয় ভেঙ্গে পড়তে শুরু করেছে। সেই সাথে উলঙ্গ হয়ে পড়েছে তাদের সামাজিক-রাজনৈতিক অবক্ষয়, বৈষম্য ও নৈতিক মূল্যবোধের ক্ষয়িষ্ণুতার পশ্চাদভূমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময় থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোকে ভ্যাসাল স্টেট হিসেবে ব্যবহার করেছে। একইভাবে আরব দেশগুলোর রাজতান্ত্রিক শাসকরা নিজেদের মার্কিন বশংবদ প্রমাণে রীতিমত প্রতিযোগিতায় লিপ্ত ছিল। তাদের সামনে ইরানের ইসলামি বিপ্লব এবং পরমাণু অস্ত্রকে জুজু হিসেবে ব্যবহার করে শত শত বিলিয়ন ডলারের অস্ত্র ও নিরাপত্তা চুক্তি করে তেল বিক্রির টাকা লুটে নেয়ার মৌরসিপাট্টা খুলে বসেছিল। ইরান বুঝিয়ে দিল বহিরাগত কোনো শক্তি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। আগ্রাসন ও লুটপাটের মধ্য দিয়ে কোনো সাম্রাজ্যকে টিকিয়ে রাখা যায় না। ইসরাইল ও মার্কিন জনগন ব্যালটের মধ্য দিয়ে তাদের যুদ্ধবাদি নেতাদের প্রত্যাখ্যান করেছে। এসব দেশে নতুন প্রজন্মের উদারপন্থী মুসলমানরা নতুন রাজনৈতিক সম্ভাবনা নিয়ে বিশ্ব মঞ্চে উঠে আসতে শুরু করেছে।
কোরআন-হাদীসের নির্দেশনা মেনে, জ্ঞান-বিজ্ঞানের চর্চা, উদ্ভাবনী শক্তি ও সক্ষমতার উপর ভর করেই হাজার বছর আগে মুসলমানরা বিশ্বের অজেয় শক্তি হিসেবে আবির্ভুত হয়েছিল। জ্ঞান-বিজ্ঞানের চর্চা ও উদ্ভাবনী শক্তিকে যুদ্ধাস্ত্র ও আধিপত্য কায়েমের কৌশল হিসেবে ব্যবহার করে ভোগবাদী পশ্চিমা সভ্যতা মানবতাকে কলুষিত করেছে। মানুষ এখন ভোগের কারাগার ও চিন্তার বন্ধ্যাত্ব থেকে মুক্তি চায়। বিশ্বের মুসলিম প্রধান সপ্তম জনসংখ্যাবহুল দেশ হিসেবে বাংলাদেশের রাজনৈতিক-অর্থনৈতিক অবস্থান অনেক কিছুর নিয়ামক হয়ে দাঁড়াতে পারে। ইসরাইল-আমেরিকার সামরিক-অর্থনৈতিক আগ্রাসন ইরানের প্রতিরোধের কাছে ব্যর্থ হওয়ার নেপথ্যে যে প্রতিরোধ চেতনা, মানবিক শক্তির সম্ভাবনা জাগরুক রয়েছে, বাংলাদেশের জন্যও সেই সম্ভাবনা আছে।
বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, রাজনৈতিক-অর্থনৈতিক আকাঙ্খার বাস্তবায়নের পথে প্রধান প্রতিবন্ধক ভারতীয় আধিপত্যবাদ। কোনো পরিকল্পনা কিংবা জাতীয়তাবাদী রাজনৈতিক-সাংস্কৃতিক তৎপরতা ছাড়াই বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে। এর কারণ ভারতের নেতৃত্বে থাকা হিন্দুত্ববাদিদের মূর্খতা, বিভেদ-বিভক্তি ও প্রতিহিংসার রাজনীতি তাদের অন্তর্গত জাতিসত্তাকে ভেতর থেকে ধসিয়ে দিচ্ছে। শতকোটি মানুষের ভারত ও চীনের মাঝখানে বাংলাদেশের ভূ-রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে মেধাবি রাজনৈতিক নেতৃত্ব, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ কায়েমের বিকল্প নেই। ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হওয়া প্রতিটি সাম্রাজ্য, হিটলার, মুসোলিনী, মুজিব ও শেখ হাসিনার মত স্বৈরশাসক জনগনের ম্যান্ডেট নিয়েই ক্ষমতা দখল করেছিলেন।
অন্ধ জাতিয়তাবাদী, দলান্ধ-চাটুকার নেতাকর্মীরাই নিকৃষ্ট স্বৈরশাসকের জন্ম দেয়। গণতান্ত্রিক পন্থায় নেতৃত্ব বদলের সব ব্যবস্থা রুদ্ধ হওয়ার পর গণপ্রতিরোধের মুখে হাজার হাজার মানুষকে হত্যার নির্দেশ দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নেতার প্রত্যাবর্তনের দিবা স্বপ্নে বিভোর থাকা দলান্ধ কর্মীরাই তার করুণ পরিনতির জন্য দায়ী। বিশ্বে এমন নেতাদের প্রত্যাবর্তনের কোনো ইতিহাস নেই। আর সে নেতা যদি শত্রু রাষ্ট্রের দ্বারা চালিত হন, নেতাকর্মীরাও যদি সে দেশটির গোয়েন্দা বাহিনীর পরিকল্পনা মাফিক ছকে দেশকে অস্থিতিশীল করে রাখার এজেন্ডা বাস্তবায়নে তৎপর থাকেন, তাদেরকে কোনো বৈধ রাজনৈতিক দলের সংজ্ঞায়িত করা যায়না। ওরা রাষ্ট্রবিরোধী পঞ্চম বাহিনী।
আর এই পঞ্চম বাহিনী তখনই সফল হয়, যখন জনগনের ম্যান্ডেট পাওয়া গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃত্বে পচন ধরে, যখন তারা শিক্ষাহীন, মেধাহীন, যোগ্যতাহীন, ইতিহাস-ঐতিহ্য ও শেকড় বিচ্ছিন্ন নেতৃত্বের চাটুকারে পরিনত হয়। জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ যে সামাজিক-রাজনৈতিক অবক্ষয় ও প্রবণতার চিত্র তুলে ধরেছেন, এটা আমাদের নিরাপত্তা ও সম্ভাবনার সবচেয়ে বড় প্রতিবন্ধক। সুশিক্ষাহীন, মেধাহীন, নীতি-নৈতিকতাহীন, দুর্বৃত্তায়িত রাজনৈতিক নেতাকর্মীরা জাতির দুর্দিনে কোনো ভূমিকা রাখতে পারেনা। জাতির এই ক্রান্তিকালে সর্বাগ্রে প্রয়োজন রাজনৈতিক নেতৃত্বের শুদ্ধাচার। সন্ত্রাস-চাঁদাবাজ, দখলবাজ, তেলবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপসহীন নেতৃত্বই আমাদের জাতিরাষ্ট্রের নিরাপত্তার প্রথম ভিত্তি। হাজার হাজার কোটি ডলারের প্রাচুর্য আর ভাড়াটে সৈন্য দিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। ইসরাইল-আমেরিকার আগ্রাসনের মুখে মধ্যপ্রাচ্যের জিসিসিভুক্ত আরবদেশগুলোর অবস্থার বিপরীতে ইরানের কথা বাদ দিলেও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যকার পার্থক্য থেকে আমাদের ও বিশ্বের অনেক কিছুই শেখার আছে। ওয়ার্ডের মেম্বার-কাউন্সিলর, ইউনিয়ন-পৌরসভার চেয়ারম্যান, স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে অশিক্ষিত দুর্বৃত্ত, চাঁদাবাজ, দখলবাজ, তেলবাজি করে নেতৃত্ব পাওয়া ব্যক্তিদের পরিহার করতে হবে। সমাজ ও রাষ্ট্রের বিপর্যয়ের জন্য বাইরের শত্রুর চেয়ে অযোগ্য, নীতিভ্রষ্ট নেতৃত্বের দায় অনেক বেশি। গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক ও রাজনৈতিক নেতৃত্বের কাঠামো প্রতিষ্ঠাই আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় বেশি গুরুত্বপূর্ণ।
bari_zamal@yahoo.com
