নির্বাচন পর্যবেক্ষণের মতো অতি গুরুত্বপূর্ণ কাজে পাশা-খেলা -র কোনো সুযোগ নেই। অথচ পাশা (পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট বা পাশা) নামের একটি এনজিওর মহাসুবিধাপ্রাপ্তি নিয়ে জনমনে সন্দেহের উদ্রেক হওয়া স্বাভাবিক। এবারের সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে অনুমতি পাওয়া পাশা অনুমোদন পেয়েছে ১০ হাজার ৫৫৯ জনের (মোট দেশি পর্যবেক্ষকের ১৯ শতাংশ)। অজ্ঞাত একটি প্রতিষ্ঠানের এমন রম রমা ভাব অত্যাশ্চর্যজনক। একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানে দেখা গেছে, পাশা র নিজস্ব কোনো কর্মী নেই। অথচ তাদের ১২৭টি আসনে এবারের নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হয়েছে। রীতিমতো তুঘলকি কাণ্ড!\r\nস্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতকরণে নির্বাচন পর্যবেক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ।
পর্যবেক্ষকরা ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল ঘোষণার প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, যা নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করে। ভোটকেন্দ্রে ভোটারদের কোনোভাবে বাধা দেওয়া হচ্ছে কি না কিংবা কোনো ধরনের কারচুপি হচ্ছে কি না, তা তারা তদারকি করেন। দেশি-বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়ায়। তাদের ইতিবাচক প্রতিবেদন আন্তর্জাতিক মহলে এবং সাধারণ জনগণের কাছে নির্বাচনের বৈধতা নিশ্চিত করে। পর্যবেক্ষকদের উপস্থিতিতে ভোটাররা নিজেদের নিরাপদ মনে করেন, যা ভোটার উপস্থিতি বাড়াতে সহায়তা করে। পর্যবেক্ষকরা তাদের প্রতিবেদনে নির্বাচনের ত্রুটি-বিচ্যুতি এবং তা সংশোধনের জন্য বিভিন্ন সুপারিশ প্রদান করেন, যা ভবিষ্যতে আরও উন্নত নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে।
\r\nবাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রায় ৮১টি স্থানীয় সংস্থা এবং ৩৩০ জনের বেশি আন্তর্জাতিক পর্যবেক্ষক (যেমন- ইইউ, এনডিআই, আইআরআই এবং জাপান) নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে নিশ্চিত করা হয়েছে। তবে তাদের কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষ অবস্থানের ওপর।\r\nস্থানীয় সংস্থাগুলো নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলে তাদের ইসিতে নিবন্ধিত হতে হয়। বর্তমান ইসি আগে নিবন্ধিত সবকটি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে নতুন করে নিবন্ধনের আবেদন আহ্বান করে গতবছরের ২৭ জুলাই। ৭ নভেম্বর প্রথম ধাপে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। সেখানে পাশার নাম ছিল না। এরপর ডিসেম্বরে পাশাসহ আরও ১৫টি সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। ৮ ডিসেম্বর নিবন্ধন পাওয়া মোট ৮১টি সংস্থার তালিকা প্রকাশ করে ইসি।\r\nসুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার বলেন, এতে বোঝা যাচ্ছে, পর্যবেক্ষক অনুমোদন দেওয়ার ক্ষেত্রে যেভাবে যাচাই-বাছাই করা প্রয়োজন ছিল, ইসি সেটা করেনি। এ ছাড়া পক্ষপাতদুষ্ট কিছু সংগঠনকেও পর্যবেক্ষণের অনুমতি দিয়েছে বলে অভিযোগ আছে। ইসি কোন বিবেচনায়, কীভাবে পর্যবেক্ষক অনুমোদন করেছে, তা বোধগম্য নয়। তিনি বলেন, এর আগে প্রার্থী বাছাইয়ে ও আপিলের ক্ষেত্রে ইসি শিথিলতা দেখিয়েছে। এসব ঘটনা ইসির সক্ষমতার ইতিবাচক প্রতিফলন নয়। \r\nনির্বাচনের আগে-আগে নির্বাচন পর্যবেক্ষক সংক্রান্ত এমন দৃষ্টান্ত প্রত্যাশিত ছিল না। এটির সুরাহা হওয়া বাঞ্ছনীয়।
