এটা বললে অত্যুক্তি হবে না যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া নির্ধারিত ৯০ মিনিট পার না হওয়ার আগেই পাকিস্তান যুদ্ধবিরতি অর্জন করে একটা দারুণ চমক দেখিয়েছেন। এর মাধ্যমে শান্তি ফিরিয়ে আনার একটি সুযোগ তৈরি হয়েছে। এছাড়া ইরানের ওপর একটি ভয়াবহ হামলা এড়ানো সম্ভব হয়েছে, যার প্রভাব পড়তো পারতো অন্তত ৯৩ মিলিয়ন সাধারণ ইরানি বসবাসকারীদের ওপর। অথচ রেভল্যুশনারি গার্ডের নেতারা লস অ্যাঞ্জেলসে তাদের ভাইপো ও ভাইঝিদের অভাবনীয় বিলাসবহুল জীবনযাপন আড়াল করে রেখেছে।

গত দুই দিন ধরে আমি শুধু এটুকুই শুনেছি যে, যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে এবং ইতিমধ্যে কিছু বিষয় লঙ্ঘিত হয়েছে। সত্যি বলতে মানুষের অবাক হওয়া দেখে আমিও বিস্মিত হচ্ছি। সবাই জানে, যুদ্ধ শুরু করা সহজ হলেও থামানো কঠিন। আর রেভ্যুলিউশনারী গার্ডস এবং ইসরায়েলি সরকার উভয়ে যেকোনো ধরনের ফাঁকফোকর বা অস্পষ্টতার সুযোগ নেওয়াটা একেবারেই অস্বাভাবিক নয়। তাছাড়া যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরেই ইরান তার উপসাগরীয় প্রতিবেশী দেশগুলো নিশানা করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। অন্যদিকে, ইসরায়েল হিজবুল্লাহকে নির্মূল করার অজুহাতে লেবাননের বেসামরিক এলাকাগুলোতে নির্বিচারে হামলা চালিয়েছে।

অবশ্যই, লেবাননে প্রতিটি সাধারণ মানুষের মৃত্যু এবং প্রতিটি ঘরবাড়ি ধ্বংসের জন্য আমি আন্তরিকভাবে ব্যথিত, তবে লেবাননের ধারাবাহিক সরকারগুলোরও হিজবুল্লাহ ইস্যু সমাধানে ব্যর্থ হওয়ার জন্য আংশিক দায়ভার নেওয়া উচিত। যত দ্রুত সম্ভব ইসরায়েলের সাথে সরাসরি আলোচনায় বসা দরকার, যে বিষয়ে ইতিমধ্যে উভয় পক্ষই সম্মত হয়েছে। আর প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের বৃহস্পতিবারের ঘোষণা অনুযায়ী, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর মাধ্যমে শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে অস্ত্র রেখে সরকারি কর্তৃত্বের পূর্ণ প্রতিষ্ঠা জোরদার করতে হবে। এসব পদক্ষেপ হয়তো প্রয়োজনের তুলনায় নগণ্য এবং দেরিতে গৃহীত হয়েছে।

তবে সবার প্রত্যাশা হলো, আলোচনা সফল হবে এবং আর পাকিস্তানে অনুষ্ঠিতব্য আলোচনায় লেবাননকে অন্তর্ভুক্ত করা হবে। তাছাড়া ইরান সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে সম্মত হবে, যাতে ইসরায়েলের এই বর্বর হামলা চালিয়ে যাওয়ার আর কোনো অজুহাত না থাকে।

অনেকে ইসলামাবাদ আলোচনার সম্ভাব্য ফলাফল নিয়ে ভেবেই কূল পাচ্ছেন না। এর যথার্থ উত্তর হল, এটি বুঝার জন্য আপনার একটি স্বচ্ছ গোলক বা একজন জ্যোতিষীর দরকার হবে। এ ধরনের আলোচনা সফল করা কখনও সহজে ঘটে না। ১৯৯৮ সালের গুড ফ্রাইডে চুক্তি নিয়ে মার্কিন সিনেটর জর্জ মিচেলের একটি মজার মন্তব্য রয়েছে, যার মধ্যদিয়ে উত্তর আয়ারল্যান্ডে শান্তিস্থাপন সম্ভব হয়েছিল। মিচেল শান্তিচুক্তিটি ‘৭০০ দিনের ব্যর্থতা এবং একদিনের সাফল্য’ মন্তব্য করেছিলেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, যদি ইরানিরা বুঝতে পারে যে তাদের কোনঠাসা করা হয়েছে, তাহলে দেশটির অভ্যন্তরে বিজয়ের প্রচারণা সত্ত্বেও তারা আলোচনার টেবিলে বসবে না। এরপর শাসনব্যবস্থার অস্তিত্বই ঝুঁকির মুখে।

একইভাবে যুক্তরাষ্ট্র যদি বিশ্বাস না করতো যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা সম্ভব, তাহলে দেশটি ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফসহ এমন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাতো না। দিনশেষে ইরানি শাসনব্যবস্থা থাকুক বা না থাকুক, তা এখানে অপ্রাসঙ্গিক। মূলত মার্কিন প্রশাসনের উদ্দেশ্য হল ইরানকে ক্ষমতাহীন করা এবং প্রক্সি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও তার পারমাণবিক কর্মসূচি এই অঞ্চলে ক্ষতিসাধনে নিষ্ক্রিয় করে দেওয়া।

আমরা কি অলৌকিক কোনো ঘটনার আশা করব? আমি আশাবাদী না হয়ে বাস্তববাদী হতে চাই। আলোচনার ফলাফল কেউই ভবিষ্যদ্বাণী করতে পারে না, বিশেষ করে যখন ঝুঁকি অনেক বেশি থাকে এবং সব পক্ষই নিজেদের সম্মান রক্ষার ব্যাপারে উদ্বিগ্ন। কিন্তু একই সাথে কয়েক মাস আগেও কে ভেবেছিল যে পাকিস্তান আধুনিক ইতিহাসের অন্যতম জটিল একটি যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করবে? অথচ দেশটিকে দীর্ঘদিন ধরে ঠিক বা ভুল যাই হোক সমস্যার উৎস হিসেবে দেখা হতো।

ফয়সাল জে. আব্বাস: আরব নিউজের প্রধান সম্পাদক; আরব নিউজ থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম