বছর দশেক আগে দৈনিক পত্রিকার একটি ছোট্ট খবরে চোখের কোণ ভিজে উঠেছিল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বিসিএসে চাকরিতে প্রথম মাসের বেতন পেয়ে হলের ক্যান্টিনে এসে ম্যানেজারকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন। সেই ছাত্রের করুণ পারিবারিক অবস্থা জেনে ম্যানেজার তাঁকে বিনে পয়সায় খাওয়াতেন। কৃতজ্ঞতা প্রকাশ করার সঙ্গে অন্তত কিছু টাকা পরিশোধ করতে তিনি এসেছিলেন ক্যান্টিনে। ম্যানেজারকে জড়িয়ে ধরে তিনি বলেছিলেন, ‘বিসিএস পাস তো আমি করিনি; করেছেন মামা আপনি’। ম্যানেজারও আনন্দে চোখ মোছেন; তিনি ওই ছাত্রের কাছ থেকে সেদিনও কোনো টাকা রাখেননি; তাঁর কথা মনে রাখাতেই অনেক খুশি।
একই রকম খুশি হয়েছিলেন টিএসসির এক চা দোকানদার, যার কাছ থেকে সেই ছাত্র মাঝে মাঝে রিকশা ভাড়া ধার করতেন। তাঁকেও কোনো টাকা ফেরত দিতে পারেননি সেই ছাত্র। চায়ের দোকানদার নাকি বলেছিলেন, ‘আমরা তো একই পরিবারের, সবাই সবার বিপদ-আপদ দেখব।’ পুরোনো সেই খবর মনে পড়ল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘উচ্ছেদ অভিযান’ দেখে। কিছুদিন আগে নির্বাচিত ডাকসুর সমাজসেবা সম্পাদকের নেতৃত্বে পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের টিম এ অভিযানে অংশ নেয়। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে থাকা দোকানগুলোতে ভাঙচুর চালানো হয়। কয়েকজনকে ‘চড়-থাপ্পড়’ও মেরেছেন তারা। এই উচ্ছেদ কর্মসূচির কয়েকটি ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যদেরও হকারকে মারতে দেখা গেছে।
ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের শুধু নন; উচ্ছেদ কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন ডাকসুর আরেক নেতা সর্বমিত্র চাকমা। তিনি নিজের ফেসবুক আইডিতে এ কর্মসূচি নিয়ে লেখেন– ‘গত চার দিন ধরে আমার আর জুবায়ের ভাইয়ের ঘুম নেই। রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত ক্যাম্পাস ঘুরে ঘুরে অবৈধ দোকান, উদ্বাস্তু, ভবঘুরে উচ্ছেদ করলাম। বামেরা আজ উস্কানি দিয়ে হকারদের নিয়ে আসছে মিছিল নিয়ে, টিএসসি ঘুরে ভিসি চত্বর হয়ে ঘুরছে মিছিল নিয়ে।’
এ ঘটনার প্রতিবাদ করেন ক্যাম্পাসের ভাসমান দোকানিরা। দোকান ভাঙচুর ও মারধরের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা। তাদের ওপর নিপীড়নের প্রতিবাদে এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন বামপন্থি ছাত্র সংগঠনের কয়েকজন।
ডাকসু নেতৃত্ব বলছেন, ক্যাম্পাস মাদকমুক্ত এবং নিরাপদ রাখার জন্য তারা এটি করেছেন। কিন্তু আমার আগ্রহ অন্য জায়গায় এবং সুনির্দিষ্ট। যদি ধরেও নিই, ক্যাম্পাসের নিরাপত্তা তাদের বিচলিত করেছে; তাহলেও কি এভাবে তাণ্ডব চালানোর এখতিয়ার ডাকসুর আছে? ক্যাম্পাসের নিরাপত্তা দেখার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। নিজেদের ক্ষমতায় না কুলালে তারা পুলিশের সহযোগিতা চাইবেন। কিন্তু কেন শিক্ষার্থীদের সেখানে ব্যবহার করছেন?
একটি সম্ভাব্য কারণ হতে পারে, এখন ছাত্রদের দিয়েই সবকিছু বৈধ করা হচ্ছে। কার্যত আগে যা ছাত্রলীগ বা এরও আগে ছাত্রদল করত, এখন ডাকসুর নির্বাচিত সদস্যরা তা-ই করছেন। হকার উচ্ছেদ কর্মসূচির মধ্য দিয়েই তারা তাদের কর্তৃত্বের মহড়া দিচ্ছেন। এর আগে অবশ্য কর্তৃপক্ষের ওপর চাপ দিয়ে ডাকসু নেতৃত্বের রুমে এসি লাগিয়ে তারা তাদের জাত চিনিয়েছেন।
বলা হচ্ছে, পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে হকার নেই। কিন্তু বিশ্বে আর কোথায় স্টুডেন্ট ইউনিয়নের নেতারা কাউকে জোর করে, নিপীড়ন চালিয়ে ক্যাম্পাস থেকে তাড়ান? শারীরিক নিপীড়ন সব দেশেই অপরাধ। আমাদের দেশে চড়-থাপ্পড়কে অপরাধ গণ্য করা হবে না কেন? যদি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়– ক্যাম্পাসে হকার রাখবে না, তাহলে পরিকল্পনামাফিক হকারদের সঙ্গে কথা বলাসহ অনেক ধাপে কাজ করা যায়। হকাররা ক্যাম্পাসে কী ধরনের হুমকি বা ঝামেলা তৈরি করেন, সেটাও খোলাসা করতে হবে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থিত ঢাকা শহরের কেন্দ্রে। এর পাশে হাসপাতালসহ ২৪ ঘণ্টা সেবা দেওয়ার আরও কয়েকটি প্রতিষ্ঠান আছে। একটি মেট্রোস্টেশনও আছে সেখানে। ফলে বিভিন্ন ধরনের লোকের সেখানে আসা-যাওয়া রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তো সংরক্ষিত এলাকা নয় যে. সেখানে অনুমতি বা পাস নিয়ে ঢুকতে হবে।
আরও মনে রাখতে হবে, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখনও দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী আসেন অপেক্ষাকৃত অসচ্ছল পরিবার থেকে। এটা সম্পূর্ণ জনগণের অর্থে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর জনগণের প্রতি দায়বদ্ধতারও প্রকাশ। এই সিংহভাগ শিক্ষার্থীর জীবন সচল রাখার ক্ষেত্রে স্বল্পমূল্যের পণ্য বা সেবা বিক্রেতাদের ভূমিকা কি অস্বীকার করা যায়? তাই ওই হকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এক প্রকার এলিটিস্ট বা বড়লোকি চর্চা, যা বিশ্ববিদ্যালয়ের ধারণার সঙ্গেই সাংঘর্ষিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে মধুর ক্যান্টিন আমরা দেখছি; ১৯৭১ সালের আগে-পরে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া অনেক রাজনৈতিক সিদ্ধান্ত সেখান থেকেই এসেছিল। তাই পাকিস্তানি সেনারা সেই ভয়াল ২৫ মার্চ রাতেই অনেক শিক্ষকের সঙ্গে সেই মধুর ক্যান্টিনের মালিক মধুসূদন দে-কে পরিবারের অনেক সদস্যসহ হত্যা করেছিল। এভাবে মধুর ক্যান্টিনের সঙ্গে মধুদাও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিরারভুক্ত হয়ে গেছেন।
তাই এখানকার দোকানদার, হকাররা কোনো না কোনোভাবে এই বিশ্ববিদ্যালয়েরই অংশ। তাদের কেউ অপরাধে যুক্ত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। এমনকি এসব ক্ষুদ্র ব্যবসায়ীর কারা কীভাবে ক্যাম্পাসে ব্যবসায় করবেন– এ নিয়েও সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে নির্দেশাবলি তৈরি করা যায়। ডাকসুও এ ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা রাখতে পারে। কিন্তু কোনোভাবেই নানাভাবে দোষারোপ করে নিপীড়নের আশ্রয় নিয়ে হকারদের তাড়ানো চলবে না।
nজোবাইদা নাসরীন: শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় zobaidanasreen@gmail.com
