দু’টি পত্রিকা অফিসে উগ্র ধর্মান্ধদের হামলা এবং একই সময়ে একজন হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলি কোন বিচ্ছিন্ন অপরাধ নয়। এগুলো বাংলাদেশের সামাজিক অবচেতনে জমে থাকা দীর্ঘদিনের উগ্রতার প্রকাশমাত্র। এই সহিংসতা হঠাৎ জন্ম নেয়নি; এটি রাষ্ট্র, রাজনীতি ও সমাজের সম্মিলিত ব্যর্থতার ফল। যারা এখনও ভাবেন বাংলাদেশে ধর্মান্ধতা একটি প্রান্তিক প্রবণতা, তারা বাস্তবতাকে অস্বীকার করছেন। বাস্তবতা হলো—এই উগ্রতা এখন দৃশ্যমান, সংগঠিত এবং ক্রমেই আরও সাহসী হয়ে উঠছে।

বাংলাদেশে গত এক দশকে ধর্মান্ধ রাজনৈতিক শক্তির পুনরুত্থান কোনো ধর্মীয় পুনর্জাগরণ নয়; এটি একটি গভীর রাজনৈতিক শূন্যতার ফল—যে শূন্যতা পরিকল্পিতভাবে তৈরি করেছে শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা। গণতন্ত্র ধ্বংস হলে যে শুধু ভোটাধিকার হারায় তা নয়; ধ্বংস হয় রাজনৈতিক সমাজায়ন, তরুণদের যুক্তিবোধ, এবং রাষ্ট্রের সঙ্গে নাগরিকের নৈতিক সম্পর্ক। এই ভাঙনের সুযোগই সবচেয়ে দক্ষভাবে কাজে লাগিয়েছে উগ্র ইসলামিস্ট নেটওয়ার্কগুলো। তারা সরাসরি রাজপথে নয়, বরং গোপনে, পরিকল্পিতভাবে, দীর্ঘমেয়াদে তরুণদের মস্তিষ্কে ঢুকছে—কারণ রাষ্ট্র সচেতনভাবেই সেই জায়গাটি খালি করে দিয়েছিল।

বিশ্ববিদ্যালয় ও শিক্ষাঙ্গন যখন একদলীয় কারাগারে পরিণত হলো, ক্যাম্পাসে বিতর্কের বদলে নজরদারি ঢুকলো, মত প্রকাশের বদলে ভয়—তখন তরুণদের প্রশ্ন করার জায়গা রইল না। শেখ হাসিনার সরকার ভেবেছিল, রাজনীতি নিষিদ্ধ করলে রাজনীতি মরে যাবে। বাস্তবে হয়েছে উল্টো—রাজনীতি চলে গেছে আন্ডারগ্রাউন্ডে, আর সেখানে প্রবেশ করেছে দেশ ও স্বাধীনতা বিরোধী উগ্র মতবাদ। তারা সামাজিক সংগঠন, দাওয়াহ সার্কেল, কোচিং সেন্টার, মসজিদভিত্তিক পাঠচক্র ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণদের ধীরে ধীরে ব্রেইনওয়াশ করছে। রাষ্ট্র যখন তরুণদের নাগরিক হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হয়, তখন একটি গুপ্ত সংগঠন তাদের “তথাকথিত উম্মাহর সৈনিক” হিসেবে তৈরি করছে।

রাষ্ট্রের শিক্ষা ও সংস্কৃতি নীতিও এই ধর্মান্ধ প্রবণতার বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি; বরং উল্টো পথেই হেঁটেছে। সমালোচনামূলক চিন্তা, মানবিক শিক্ষা ও বহুমাত্রিক সংস্কৃতির জায়গা সংকুচিত করে এক ধরনের বুদ্ধিবৃত্তিক শূন্যতা তৈরি করা হয়েছে। ইংরেজি ও বিশ্বদৃষ্টির প্রতি অনাগ্রহ, পাঠ্যবইয়ের আদর্শিক একরৈখিকতা এবং অপরিকল্পিত মাদ্রাসা বিস্তার—সব মিলিয়ে একটি বিশ্বাসনির্ভর, প্রশ্নহীন প্রজন্ম তৈরি হয়েছে। এই প্রজন্ম গণতন্ত্র বোঝে না, ধর্মনিরপেক্ষতা বোঝে না, কারণ রাষ্ট্র তাদের এসব বোঝার উপযোগী নাগরিক হিসেবে গড়ে তুলতেই চায়নি।

সবচেয়ে বিপজ্জনক হলো—ধর্মান্ধতার প্রশ্নে রাষ্ট্রের দ্বিমুখিতা। কখনো হেফাজতের সঙ্গে আপস, কখনো তাদের দমন; কখনো ধর্মকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শন, আবার কখনো ধর্মনিরপেক্ষতার বুলি—এই নীতিগত অসঙ্গতি মানুষকে একটাই বার্তা দিয়েছে: আদর্শ নয়, ক্ষমতাই মুখ্য।

এই জায়গায় আরেকটি অস্বস্তিকর সত্য স্বীকার করতেই হবে। গোপনে ছদ্মবেশী ধর্মান্ধতার এই বিস্তার রোধে দেশের গণমাধ্যমগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ। তারা উপরের স্তরের উগ্রতার বিরুদ্ধে মাঝে মাঝে সরব হলেও, সমাজের ভেতরে ধীরে ধীরে গড়ে ওঠা আদর্শিক ব্রেইনওয়াশ, ডিজিটাল দাওয়াহ নেটওয়ার্ক, ক্যাম্পাস- বহির্ভূত রিক্রুটমেন্ট—এসব বিষয়ে গভীর অনুসন্ধান ও ধারাবাহিক প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। গণমাধ্যমগুলো সরকারের তোষণ ও রাষ্ট্রের বয়ান পুনরুৎপাদনে ব্যস্ত থেকেছে, কিন্তু ধর্মান্ধতার সামাজিক শিকড় উন্মোচনে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি।

এই প্রক্রিয়ার দায় এড়ানোর কোনো সুযোগ শেখ হাসিনার নেই। কারণ ধর্মান্ধ অপশক্তি শক্তিশালী হয়েছে কোনো নির্বাচনী জোয়ারে নয়, বরং রাষ্ট্রীয় দমনের ছায়ায়। বিএনপির মতো একটি মধ্যপন্থী, প্রগতিশীল ও গণতান্ত্রিক জাতীয় দলকে দীর্ঘ সময় ধরে রাজনীতির মাঠ থেকে সরিয়ে রেখে সরকার যে শূন্যতা তৈরি করেছে, সেটিই ধর্ম ব্যবসায়ীদের সবচেয়ে বড় পুঁজি। এটি কেবল একটি দলকে দমন করা নয়; এটি একটি আদর্শিক পরিসর ধ্বংস করা। যখন মধ্যপন্থী রাজনীতি নিষিদ্ধ হয়, তখন রাজনীতির মেরুকরণ চরমপন্থার দিকেই যায়—এটাই ইতিহাসের নিয়ম।

বিএনপিকে নিষ্ক্রিয় করে, তার সাংগঠনিক কাঠামো ভেঙে দিয়ে, নেতৃত্বকে বিচ্ছিন্ন করে শেখ হাসিনার সরকার এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে তরুণদের সামনে কার্যত দুটি পথই খোলা ছিল—নির্লিপ্ত আত্মসমর্পণ অথবা আদর্শিক পরিচয়ভিত্তিক উগ্রতা। ধর্ম ব্যাবসায়ী দলগুলি এই দ্বিতীয় পথটিকে অর্থ, আদর্শ ও সংগঠনের মাধ্যমে আকর্ষণীয় করে তুলছে। তারা তরুণদের বুঝিয়েছে—এই রাষ্ট্র তোমার নয়, এই সংবিধান ভণ্ডামি, এই গণতন্ত্র নাটক; মুক্তি আছে কেবল ধর্মীয় শাসনে। রাষ্ট্র এই বয়ানের কোনো বুদ্ধিবৃত্তিক জবাব দেয়নি, কারণ রাষ্ট্র নিজেই তখন যুক্তিবাদী ছিল না।

শেখ হাসিনার শাসন মুক্তিযুদ্ধ ও সেকুলারিজমকে এমনভাবে অপব্যবহার করেছে যে এই শব্দগুলো তরুণদের কাছে নৈতিক আদর্শ নয়, বরং ক্ষমতাসীনদের ঢাল হিসেবে প্রতিভাত হয়েছে। গুম, খুন, ভোটচুরি, লুটপাট—সবকিছুই যখন “মুক্তিযুদ্ধের চেতনা” দিয়ে বৈধতা পায়, তখন মানুষ স্বাভাবিকভাবেই সেই চেতনাকেই সন্দেহ করতে শেখে। উগ্র ডানপন্থী স্বাধীনতা বিরোধী শক্তিগুলো এই ক্ষোভকে দক্ষতার সঙ্গে ব্যবহার করছে। তারা মুক্তিযুদ্ধকে “দলীয় মিথ”, সেকুলারিজমকে “নৈতিক শূন্যতা” হিসেবে উপস্থাপন করে তরুণদের মানসিকভাবে রাষ্ট্র ও ইতিহাস থেকে বিচ্ছিন্ন করছে। এটি সম্ভব হয়েছে কারণ রাষ্ট্র নিজেই এই মূল্যবোধগুলোর নৈতিক উচ্চতা ধ্বংস করেছে।

অর্থনৈতিক ক্ষেত্রেও একই চিত্র। অসম উন্নয়ন, দলীয় পুঁজিবাদ, সীমাহীন লুটপাট এবং শিক্ষিত বেকারত্ব তরুণদের মনে এক ধরনের অস্তিত্বগত ক্রোধ তৈরি করেছে। রাষ্ট্র যখন কাজ দিতে পারেনি, মর্যাদা দিতে পারেনি, ভবিষ্যৎ দিতে পারেনি—জামাত তখন অর্থ দিয়েছে, উদ্দেশ্য দিয়েছে। আরব বিশ্বে শ্রমিক হিসেবে যাওয়া তরুণদের মাধ্যমে যে কঠোর ধর্মীয় সংস্কৃতি দেশে ফিরেছে, সেটিরও কোনো বিকল্প সাংস্কৃতিক বা শিক্ষাগত প্রতিরোধ রাষ্ট্র গড়ে তোলেনি। কারণ রাষ্ট্র নিজেই তখন কেবল ক্ষমতা টিকিয়ে রাখার সংস্কৃতিতে ব্যস্ত।

এই বাস্তবতায় ৫ আগস্টের পর, দীর্ঘ সতেরো বছরের জড়তা ও সাংগঠনিক শূন্যতা কাটিয়ে যখন বিএনপি তার বিপুল জনভিত্তি ও সমর্থনের উপর ভর করে দ্রুত রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিতে শুরু করেছে, ঠিক তখনই ধর্মান্ধ গোষ্ঠীগুলো নতুন কৌশলে আক্রমণ শুরু করেছে। দেশ–বিদেশি নানা স্বার্থগোষ্ঠীর সহায়তায়, বিশেষ করে অনলাইন প্রপাগান্ডা ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে, তারা বিএনপির ওপর ঝাঁপিয়ে পড়ছে। উদ্দেশ্য একটাই—যেন কোনোভাবেই একটি মধ্যপন্থী, গণতান্ত্রিক, জাতীয় শক্তি পুনরায় দাঁড়িয়ে রাজনৈতিক শূন্যতা পূরণ করতে না পারে। কারণ শূন্যতা পূরণ হলে জামাতের বহু বছরের আন্ডারগ্রাউন্ড বিনিয়োগ ধসে পড়বে।

এই আক্রমণ কেবল বিএনপির বিরুদ্ধে নয়; এটি মুক্তিযুদ্ধের গণতান্ত্রিক উত্তরাধিকার এবং প্রগতিশীল জাতীয় রাজনীতির বিরুদ্ধেই। জামাত জানে, শেখ হাসিনার পতনের পর যদি একটি গণভিত্তি সম্পন্ন, মধ্যপন্থী শক্তি রাজনীতির কেন্দ্রে ফিরে আসে, তাহলে “স্বৈরতন্ত্র বনাম খিলাফত”—এই মিথ্যা দ্বন্দ্ব আর টিকবে না। তাই তারা মুক্তিযুদ্ধকে দলীয় গালি, গণতন্ত্রকে পশ্চিমা ষড়যন্ত্র এবং বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করে উপস্থাপন করছে। লক্ষ্য একটাই—বাংলাদেশকে এমন এক আদর্শিক জিম্মায় আটকে রাখা, যেখানে বিকল্প থাকবে শুধু কর্তৃত্ববাদ অথবা ধর্মান্ধতা।

এই প্রেক্ষাপটে যদি দূর ভবিষ্যতে উগ্র ইসলামিস্ট শক্তি রাষ্ট্রক্ষমতার কাছাকাছি পৌঁছায়, তা কোনো ঐতিহাসিক নিয়তি নয়—বরং শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনের যৌক্তিক পরিণতি। তবে ইতিহাস বলে, এ ধরনের শক্তির শাসন দীর্ঘস্থায়ী হয় না। আমাদের সামনে মিশরের মুরসি উৎকৃষ্ট উদাহরণ। বরং এই ধরনের শক্তি ক্ষমতায় আসা মানেই রাষ্ট্র বিদেশী আধিপত্যবাদীদের জন্য আরো ইজি এক্সেসেবল হয়ে পড়া। এই ধরনের সরকার ক্ষমতায় আসলে উগ্রতা চর্চার মধ্য দিয়ে সরকার দ্রুত আন্তর্জাতিক সমর্থন ও মিত্র হারায় এবং দ্রুত পতন ঘটে। এবং সেই সুযোগে পুরাতন বিদেশী শক্তি ও কতৃত্ববাদী শক্তির আধিপত্য ফিরে আসে।

প্রশ্ন ক্ষমতায় আসা নয়; প্রশ্ন হলো—একটি দেশকে সেই বিপজ্জনক পরীক্ষাগারের দিকে ঠেলে দেওয়ার দায় কার? উগ্রপন্থীরা সুযোগ নিয়েছে, কিন্তু সুযোগ তৈরি করেছে রাষ্ট্র। আর সেই সুযোগ বন্ধ করার একমাত্র পথ হলো—একটি কার্যকর, গণতান্ত্রিক, মধ্যপন্থী রাজনৈতিক শক্তির পুনরুত্থান— যারা একই সঙ্গে স্বৈরতন্ত্র ও ধর্মান্ধতাকে চ্যালেঞ্জ জানাতে পারে, আবার মুক্তিযুদ্ধ ও ধর্মীয় মূল্যবোধকে সুষ্ঠু ও সমানভাবে ধারণ করতে পারে।

এই সংকটকালে দেশের নাগরিকদের সামনে সবচেয়ে জরুরি দায়িত্ব হলো—সচেতনভাবে চিহ্নিত করা, কারা এই সমাজে মধ্যপন্থী, উদার ও গণতান্ত্রিক শক্তি হিসেবে দাঁড়িয়ে আছে। বিভ্রান্তি, প্রপাগান্ডা ও চরম মেরুকরণের সময়ে নিরপেক্ষ থাকা আর যথেষ্ট নয়; নাগরিকদের সম্মিলিতভাবে সেই শক্তির পাশেই অবস্থান নিতে হবে, যারা রাষ্ট্রকে উগ্রতা ও স্বৈরতন্ত্র—উভয়ের বাইরে একটি গণতান্ত্রিক পথে ফিরিয়ে নিতে সক্ষম।

এই ক্রান্তিলগ্নে সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন ভূমিকা পালনের দায় এসে পড়ে গণমাধ্যমের ওপর। দিশেহারা তারুণ্যের মনস্তত্ত্ব পুনর্গঠন, সমাজের ভেতরে গোপনে ছড়িয়ে পড়া ছদ্মবেশী উগ্রতার স্বরূপ উন্মোচন, এবং সমগ্র জনগোষ্ঠীকে যুক্তিবাদী ও মানবিক বোধে পুনরায় সংযুক্ত করার দায়িত্ব কেবল রাজনৈতিক দলের নয়—এটি গণমাধ্যমের ঐতিহাসিক কর্তব্য।

লেখক: শেখ আহমেদ ফরহাদ ব্লগার ও এক্টিভিস্ট যুগ্ম আহবায়ক, বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার এশোসিয়েশন