একটি শহরের উন্নয়ন ও সভ্যতা শুধু তার উঁচু দালান, ঝকঝকে রাস্তা কিংবা আধুনিক মেট্রোরেল দিয়ে বোঝা যায় না। শহর কতটা মানবিক, তা বোঝা যায় সেই শহরের মানুষ দুর্বল, অসুস্থ ও প্রবীণদের প্রতি কেমন আচরণ করে সেটা দেখে। মেট্রোরেল আমাদের দেশের আধুনিকতার প্রতীক। কিন্তু সেই আধুনিকতার ভেতরে যদি মানবিকতা না থাকে, তবে সে অগ্রগতি অর্থহীন।
মেট্রোরেলে স্পষ্ট করে লেখা আছে– প্রবীণ, অসুস্থ, অন্তঃসত্ত্বা নারী ও প্রতিবন্ধীদের জন্য কিছু আসন সংরক্ষিত। লিফটেও তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে আমরা প্রায়ই দেখি, এ নিয়ম কাগজে থাকলেও কাজে থাকে না। প্রবীণ মানুষটি হাতল ধরে দাঁড়িয়ে আছেন, শরীর কাঁপছে, চোখে ক্লান্তি; আর আসনে বসে আছে একজন সুস্থ তরুণ। বিস্ময়কর হলো, এদের অনেকের চোখে কোনো লজ্জা নেই; এমনকি অনুশোচনাও নেই।
আমরা কি ভুলে যাচ্ছি, এ প্রবীণ মানুষদের কারণেই আজ আমরা দাঁড়িয়ে আছি? যারা আমাদের মা-বাবার বয়সী; সারাজীবন পরিবার, সমাজ ও দেশের জন্য পরিশ্রম করেছেন; আজ তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আর আমরা আরামে বসে থাকছি। এটা শুধু নিয়ম ভাঙা নয়; নৈতিকতার সংকট।
সমস্যার শিকড় অনেক গভীরে। আমরা সন্তানদের শেখাতে পারিনি গণপরিবহনে কীভাবে প্রবীণদের সম্মান করতে হয়। ছোটবেলা থেকে যদি একটি শিশু দেখে, তার বাবা বাসে উঠে প্রবীণকে সিট ছেড়ে দিচ্ছেন; তার মা বৃদ্ধাকে হাত ধরে বসতে সাহায্য করছেন, তবে সেই শিশুর ভেতরে মানবিকতা গড়ে উঠবে। কিন্তু আমরা যদি নিজেরাই হুড়োহুড়ি করে বসে পড়ি, তাহলে পরের প্রজন্ম কী শিখবে? আজ মেট্রোরেলে প্রায়ই দেখা যায় সিট খালি হওয়ার সঙ্গে সঙ্গে যেন যুদ্ধ শুরু হয়ে যায়– কে আগে বসবে, কে দখল নেবে। পাশে দাঁড়িয়ে থাকা প্রবীণ মানুষকে দেখেও না দেখার ভান করে। এটি শুধু স্বার্থপরতা নয়; সমাজের নৈতিক দেউলিয়াত্ব।
প্রবীণদের অগ্রাধিকার দেওয়া মানে দয়া করা নয়; এটি তাদের অধিকার। তারা দুর্বল বলে নয়; সম্মানযোগ্য বলেই এ অধিকার তাদের প্রাপ্য। ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে আমাদের অন্যের অধিকার রক্ষায় সোচ্চার হতে হবে। শুধু নিজের সুবিধা নয়, অন্যের প্রয়োজনও দেখতে শিখতে হবে।
মেট্রোরেলে যদি আমরা দেখি কোনো প্রবীণ দাঁড়িয়ে আছেন আর আসনে কেউ বসে আছে, তবে আমাদের উচিত শান্তভাবে তাঁকে অনুরোধ করা– ‘এই সিটটি প্রবীণদের জন্য।’ সবাই চুপ থাকলে অন্যায়ই শক্তিশালী হয়ে ওঠে। আর কেউ প্রতিবাদ করলে মানবিকতা বেঁচে থাকে।
প্রবীণদের জন্য লিফট ব্যবহারের অধিকারও অনেক সময় উপেক্ষিত হয়। সুস্থ সবল মানুষ লিফট দখল করে রাখে। হাঁটতে কষ্ট হওয়া বৃদ্ধ মানুষটি সিঁড়িতে উঠতে বাধ্য হন। এই দৃশ্য আমাদের বিবেককে নাড়া দেয় না কেন?
একটি সমাজ তখনই সুন্দর হয়, যখন সে তার দুর্বল মানুষদের পাশে দাঁড়ায়। প্রবীণরা আমাদের অতীত, আমাদের শিকড়। তাদের কষ্ট দেওয়া মানে নিজেদের শিকড়েই আঘাত করা। আজ আমরা সবাই মিলে যদি সিদ্ধান্ত নিই– মেট্রোরেল, বাস, সব গণপরিবহনে প্রবীণদের অগ্রাধিকার দেব; তাদের জন্য দাঁড়াব; তাদের অধিকার রক্ষা করব, তাহলেই আমরা সত্যিকারের সভ্য সমাজের দিকে এগোতে পারব। প্রবীণদের জন্য একটি আসন ছেড়ে দেওয়া খুব ছোট কাজ মনে হতে পারে। কিন্তু এই ছোট কাজের ভেতরেই লুকিয়ে আছে বড় মানবিকতা, বড় ন্যায়বোধ এবং বড় ভালোবাসা।
হাসান আলী: প্রবীণ বিষয়ক লেখক ও সংগঠক
