মধ্যপ্রাচ্যের যুদ্ধ দুই সপ্তাহ পেরিয়ে গেছে। এই যুদ্ধ-সংঘাত এখন মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক অর্থনীতিকে অস্থির করে তুলেছে। পাল্টাপাল্টি হামলা, আঞ্চলিক শক্তিগুলোর সম্পৃক্ততা এবং জ্বালানি অবকাঠামো ঘিরে নিরাপত্তা ঝুঁকি আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বাড়িয়েছে। এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালি।
মধ্যপ্রাচ্য থেকে অনেক দূরে অবস্থিত বাংলাদেশে দুই পর্যায়ে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। প্রথমত, হরমুজ প্রণালি বন্ধ হওয়ায় পারস্য উপসাগর অঞ্চলের দেশগুলো থেকে তেল-গ্যাসের সরবরাহ কার্যত বন্ধ। এতে দেশের জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। আবার সংঘাত ঘিরে বিশ্ববাজারে তেল-গ্যাসের দাম হু-হু করে বাড়ছে। ফলে বাংলাদেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হবে।
জ্বালানি ও শ্রমিকের দিক থেকে যুদ্ধের তাৎক্ষণিক প্রভাব আমরা দেখলেও দীর্ঘ মেয়াদে আমাদের চ্যালেঞ্জ আরও বেশি। ইতোমধ্যে বিশ্বের বেশির ভাগ শিপিং কোম্পানি সারচার্জ আরোপ করেছে। শুধু মধ্যপ্রাচ্যমুখী কনটেইনার নয়; লোহিত সাগর এড়িয়ে চলাচলের কারণে জাহাজের যাত্রাপথে সময় লাগছে বেশি। জ্বালানি তেলের দাম বাড়ায় খরচও বেশি বাড়বে। এতে কনটেইনার বা পণ্য পরিবহন ভাড়া বেড়ে যেতে পারে। আমদানি-নির্ভরতার কারণে আমাদের বৈদেশিক মুদ্রার ওপর বড় চাপও তৈরি হবে।
বৈশ্বিক সংবাদমাধ্যম সূত্রে আমরা সবাই জানি, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় এক কোটি ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবাহিত হয়, যা বৈশ্বিক সামুদ্রিক তেল বাণিজ্যের প্রায় ২০ শতাংশ। উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রপ্তানি এই পথনির্ভর। এই পথ বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। অস্থিরতা অব্যাহত রয়েছে। বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশের জন্য এটি বড় সতর্কবার্তা। দেশের মোট জ্বালানি চাহিদার ৯০ শতাংশের বেশি আমদানি করতে হয়। প্রতি মাসে গড়ে ৪.৫ থেকে পাঁচ লাখ টন জ্বালানি আমদানির বিপরীতে অতিরিক্ত ডলার ব্যয় এখন বাস্তবতা। যুদ্ধ দীর্ঘায়িত হলে বার্ষিক আমদানি ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যেতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। রিজার্ভের ওপর চাপ বাড়লে টাকার বিনিময় হার দুর্বল হওয়ার ঝুঁকি থাকে। ডলারের দাম বাড়লে শুধু জ্বালানি নয়; খাদ্যশস্য, কাঁচামাল, শিল্প উপকরণসহ সব পণ্যের আমদানি খরচ বাড়ে। ফলে সামগ্রিক মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হয়। ইতোমধ্যে উচ্চমূল্যের বাজারে নতুন করে জ্বালানি উদ্ভূত মূল্যচাপ যুক্ত হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। বিশেষ করে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে।
জ্বালানি সরবরাহে সরাসরি ঘাটতি এখন প্রকট না হলেও দেশের মজুত সক্ষমতা মাত্র ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে সীমাবদ্ধ। যদি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে, তবে দুই মাসের মধ্যেই পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। বিদ্যুৎ উৎপাদনে ব্যয় বৃদ্ধি পেলে লোড ব্যবস্থাপনা জোরদার করার প্রয়োজন দেখা দিতে পারে। ডিজেলনির্ভর বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানার উৎপাদন ব্যয় বাড়বে, যা পণ্যমূল্যে প্রতিফলিত হবে। রপ্তানি খাতেও এর অভিঘাত পড়বে। তৈরি পোশাকশিল্প বাংলাদেশের প্রধান বৈদেশিক মুদ্রা আয়ের উৎস। জ্বালানি ও বিদ্যুতের ব্যয় বেড়ে গেলে উৎপাদন খরচ বাড়বে, যা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ক্রেতারা মূল্য কমানোর চাপ বাড়াতে পারে বা বিকল্প বাজারের দিকে ঝুঁকতে পারে। রপ্তানি আয় কমলে ডলার প্রবাহও হ্রাস পাবে, যা আবার আমদানি ব্যয় মেটাতে সমস্যা সৃষ্টি করবে। এটি এক ধরনের অর্থনৈতিক দুষ্টচক্র তৈরি করতে পারে।
ভবিষ্যৎ চ্যালেঞ্জ এখানেই সীমাবদ্ধ নয়। যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা স্থায়ী রূপ নিতে পারে। এতে বাজেট ঘাটতি বাড়তে পারে। কারণ সরকারকে জ্বালানি ভর্তুকির সমন্বয় বা সামাজিক সুরক্ষা ব্যয় বাড়াতে হতে পারে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতির প্রয়োজন হতে পারে, যা বিনিয়োগ ও প্রবৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে। এ পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় বহুমাত্রিক। প্রথমত, জ্বালানি সরবরাহের উৎস বহুমুখীকরণ জরুরি। দ্বিতীয়ত, কৌশলগত জ্বালানি মজুত বাড়াতে দ্রুত অবকাঠামোগত বিনিয়োগ প্রয়োজন। তৃতীয়ত,
জ্বালানি দক্ষতা বাড়ানো ও অপচয় রোধে নীতিগত পদক্ষেপ নিতে হবে। চতুর্থত, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ জোরদার করে আমদানিনির্ভরতা ধীরে ধীরে কমানো দরকার। পাশাপাশি দুর্বল জনগোষ্ঠীর জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা নিশ্চিত করতে হবে, যাতে মূল্যস্ফীতির ধাক্কা সামাল দেওয়া যায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আমাদের আবারও মনে করিয়ে দিল, জ্বালানি নিরাপত্তা কেবল অর্থনৈতিক বিষয় নয়। এটি জাতীয় কৌশলগত নিরাপত্তার অংশ। বৈশ্বিক সংঘাতের ঢেউ এখন সরাসরি আমাদের বাজার, মুদ্রা ও জীবনযাত্রায় আঘাত হানতে পারে। সে জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।
খায়রুল আলম সুজন: সাবেক পরিচালক, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন
