করোনা অতিমারীর পর সম্ভবত সর্বাধিক ঝুঁকিতে পড়তে যাচ্ছে বৈশ্বিক অর্থনীতি। এর অনিবার্য নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতেও। মনে রাখতে হবে যে, করোনা পরবর্তী বিশ্বে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি যখন স্বাভাবিক হতে শুরু করেছিল ঠিক এর পরপরই পরাশক্তি রাশিয়া আকস্মিক হামলা চালায় ইউক্রেনে। এ সময় ইউরোপীয় ইউনিয়নসহ পরাশক্তি যুক্তরাষ্ট্র যৌথভাবে পাশে দাঁড়ায় ইউক্রেনের। সেই যুদ্ধের দামামা একটানা চার বছর অতিক্রান্ত হলেও এখনো চলমান। এর ধাক্কায় বাংলাদেশসহ বিশ্বের প্রায় সর্বত্র বেড়েছে নিত্যপণ্য ও জ্বালানির দাম। এর অনিবার্য চাপ সামলাতে হচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলোতে বসবাসকারী আমজনতাকে। বিশ্বের অধিকাংশ দেশে যে কারণে দেখা দিয়েছে মূল্যস্ফীতি ও জ্বালানির দাম।

মধ্যপ্রাচ্যে ইসরাইল কর্র্তৃক ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে উপর্যুপরি হামলা আরও এক দফা টানাপোড়েন সৃষ্টি করেছেন বৈশ্বিক অর্থনীতিতে। এরও অনিবার্য প্রভাব পড়েছে বিশ্ববাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রমে।\r\nমধ্যপ্রাচ্যে উত্তেজনা ও যুদ্ধাবস্থা চলছে দীর্ঘদিন থেকে। এর মূলে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে পরিপুষ্ট দেশ ইসরাইল। যুক্তরাষ্ট্র ও ইসরাইল শুধু ফিলিস্তিনের গাজা ভূখণ্ডেই হামলা করে ক্ষান্ত হয়নি, এর রেশ ধরে তারা প্রায়ই যৌথভাবে হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ লেবানন, সিরিয়া, ইরাক, বাহরাইন, সর্বোপরি ইরানে। ইতোপূর্বে যুক্তরাষ্ট্র ও ইসরাইল পারমাণবিক অস্ত্রের মজুত আছে- এই অভিযোগ তুলে গত বছরের জুনে হামলা চালিয়েছিল ইরানে। পাল্টা হামলা চালিয়েছিল ইরানও।

সেই থেকে ইরানকে ঘিরে পারস্য উপসাগরীয় অঞ্চলে তীব্র উত্তেজনা ও যুদ্ধাবস্থা চলছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য শান্তিচুক্তি বিষয়ক আলাপ-আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে আকস্মিক তীব্র হামলা চালিয়েছে ইরানে। এ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিসহ শীর্ষ পর্যায়ের সামরিক-বেসামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন। পাল্টা হামলা চালিয়েছে ইরানও। ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিশেষ করে মার্কিন সামরিক ঘাঁটিসমূহ লক্ষ্য করে ইরান চালিয়েছে মিসাইল হামলা। চলমান ঘটনাপ্রবাহ দীর্ঘমেয়াদি যুদ্ধের সুস্পষ্ট ইঙ্গিত দেয় বৈকি। \r\nএমন এক প্রেক্ষাপটে সমূহ বাণিজ্যিক ও অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে যাচ্ছে বাংলাদেশও। কেননা, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। সর্বাধিক প্রবাসী আয় আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। যুদ্ধের কারণে প্রবাসী আয় কমবে। আন্তর্জাতিক ফ্লাইটসমূহের চলাচল বন্ধ থাকায় শ্রমবাজারও পড়েছে হুমকিতে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিনই মধ্যপ্রাচ্যগামী শ্রমজীবীদের ভিড় বাড়ছে। ইরান ইতোমধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ফলে এলএনজিসহ জ্বালানি তেলের দামও বাড়বে। বাস্তবতা হলো, তেলের দাম বাড়লে এর অনিবার্য প্রভাব পড়ে নিত্যপণ্যের দাম, পরিবহনসহ শিল্প-কারখানার উৎপাদনে। সুয়েজ খাল ঝুঁকিপূর্ণ বিধায় ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ব্যাহত হবে পোশাকসহ আমদানি-রপ্তানি বাণিজ্য। সব মিলিয়ে বলা যায় যে, আরেক দফা মূল্যস্ফীতিসহ ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা অপেক্ষা করছে বাংলাদেশের কপালেও।