জেনেভায় শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ১৭ ফেব্রুয়ারি শুরু হয়েছে। রাষ্ট্রদূত স্টিভ উইটকফ, জ্যারেড কুশনারসহ একটি মার্কিন প্রতিনিধি দল মঙ্গলবার সকালে ইরানি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবে। ডোনাল্ড ট্রাম্প সবাইকে বিস্মিত করে নাটকীয়ভাবে বলেছেন, ‘আমি পরোক্ষভাবে ওই আলোচনায় অংশগ্রহণ করব। আর এটি খুবই গুরুত্বপূর্ণ হবে।’
ট্রাম্প আরও বলেন, এবার ইরানিরা আলোচনার জন্য আগ্রহ দেখিয়েছে। স্পষ্টতই নেপথ্যের কারিগররা বেশ তৎপর। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি অবশ্যই সাবধানে খেয়াল রাখা উচিত। সেটি হলো ট্রাম্প, যিনি সম্প্রতি তেহরানের হুমকি ও প্রশংসা উভয়ই করেছেন। সেই তিনি এখন প্রকাশ্যে নিজেকে কূটনীতিতে যুক্ত করেছেন। এটি এমন কিছু, যা আগে কখনও ঘটেনি। ইসরায়েলকে কোনোদিকে না তাকিয়ে অবশ্যই এ ব্যাপারে চিন্তিত হতে হবে। এ অঞ্চলে দুঃস্বপ্নের মতো সবচেয়ে খারাপ পরিস্থিতি এখান থেকেই সৃষ্টি হবে, যা হবে মার্কিন-ইরান চুক্তি।
ইরানের দিক থেকেও কিছু ইতিবাচক মন্তব্য এসেছে। রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি বিবিসিকে বলেছেন, ওয়াশিংটন যদি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করতে রাজি থাকে, তবে ইরান পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য আপস বিবেচনা করতে প্রস্তুত। ইরানের পরমাণুপ্রধান গত সপ্তাহের সোমবার বলেছিলেন, সমস্ত আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে তেহরান তার সর্বাধিক সমৃদ্ধ ইউরেনিয়াম হ্রাসে রাজি হতে পারে। অন্যদিকে, গত বুধবার হোয়াইট হাউস সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাড়াহুড়ো করে আড়াই ঘণ্টার আলাপে বসেন ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি প্রকাশ্যে বলেন, ইরানের সঙ্গে আলোচনার ওপর জোর দিয়েছেন তিনি। সে জন্য তিনি এক মাসের সময়সীমার কথাও উল্লেখ করেছিলেন। ইতোমধ্যে ট্রাম্প প্রশাসন ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য যে কোনো প্রকাশ্য সমর্থন থেকেও দূরে সরে গেছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিষয়টিকে এভাবে বলেছেন, ‘দেখুন, আমি বলতে চাইছি, ইরানি জনগণ যদি শাসনব্যবস্থা উৎখাত করতে চায়, তবে তা ইরানি জনগণের ওপর নির্ভর করে। আমরা এখন যে বিষয়টির ওপর নজর দিচ্ছি তা হলো, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।’
ইরান ঠিক এই ধরনের ন্যূনতম এজেন্ডাই চাইছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে তেহরানের অসম্মতি এতদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কিন্তু ইরানের পরমাণুপ্রধান গত সোমবার একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরানের সবচেয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত হ্রাস বিষয়ে তেহরানের সম্মতির মাধ্যমে একটি উপায় খুঁজে পাওয়া যেতে পারে। ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য পথ হতে পারে– ওয়াশিংটনের এ উদ্বেগ দূর করতে ওই আলাপ ইরানের নমনীয়তার উদাহরণ হতে পারে।
এখন যেহেতু ট্রাম্প অর্ধেকেরও বেশি পথ এগিয়ে গেছেন এবং তার সম্মান টিকিয়ে রাখতে বাজি ধরেছেন, আর আলোচনা যদি ব্যর্থ হয়, তাহলে অনাকাঙ্ক্ষিত পরিণতি ঘটতে পারে। ট্রাম্প একজন শান্তিপ্রিয় মানুষ এবং তাঁর দাবি, তেহরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে অকাট্যভাবে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার মধ্যেই সীমাবদ্ধ। এটা চাওয়া খুব বেশি কিছু নয়।
তেহরান কোনোভাবেই পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে না। আর তেহরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পে বিশ্বাসযোগ্য প্রতিরোধ ক্ষমতা রয়েছে। তারা যা মরিয়া হয়ে চায় তা হলো নিষেধাজ্ঞা তুলে নেওয়া, যাতে তার অর্থনীতি বিশ্ববাজারে একীভূত হতে পারে এবং এর বিশাল প্রাকৃতিক ও খনিজ সম্পদ কাজে লাগানো যায়। এ চাওয়াও খুব বেশি কিছু নয়।
তবে এটি যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। ইসরায়েলি নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা গত সপ্তাহের শেষে পশ্চিম তীরের বিশাল এলাকাকে প্রথমবারের মতো ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধিত করার একটি প্রস্তাব অনুমোদন করেছে, যা ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরে জমি কেনা সহজ করে তোলে। এই পদক্ষেপ অত্যন্ত উস্কানিমূলক। ট্রাম্প বারবার এই ধরনের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ‘এই সংযুক্তি ঘটবে না।’ ইসরায়েল বাধা প্রদানকারীর ভূমিকা পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ। ট্রাম্প কতটা এগিয়ে যেতে পারবেন তা নিশ্চিত করে বলা যায় না। কারণ নেতানিয়াহু যে কোনো সীমা লঙ্ঘন করতে পারেন, যেমনটি বারাক ওবামা ২০১৫ সালে জেসিপিও সম্পন্ন করার আগে আগে মোকাবিলা করেছিলেন। জানা গেছে, ট্রাম্প গত সপ্তাহে নেতানিয়াহুকে কংগ্রেসে ভাষণ দেওয়ার অনুমতি দেননি।
এম কে ভদ্রকুমার: ভারতের সাবেক কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষক; ইন্ডিয়ান পাঞ্চলাইন থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম
