সম্প্রতি সরকার দলীয় ইশতেহার অনুযায়ী বৃক্ষরোপণের উদ্দেশ্যে একটি কমিটি গঠন করেছে। বাংলাদেশের মতো উচ্চ জলবায়ু ঝুঁকিপূর্ণ, উচ্চ বায়ুদূষণ এবং ভঙ্গুর পরিবেশের দেশে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেওয়া নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ। তবে যেনতেনভাবে বৃক্ষরোপণ করলেই উপকার পাওয়া যায় না। সঠিক পরিকল্পনা ছাড়া বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কখনও কখনও পরিবেশ ও মানুষের জন্য নতুন নতুন সমস্যাও তৈরি করতে পারে। গবেষণায় দেখা গেছে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল, চিলিতে বৃক্ষরোপণ কর্মসূচির প্রণোদনা পাওয়ার লোভে মানুষ প্রাকৃতিক বন পরিষ্কার করে সেখানে বাণিজ্যিক গাছ লাগিয়েছে। ফলে বৃক্ষরোপণের মূল উদ্দেশ্য সেখানে শুধু ব্যাহত হয়েছে তা নয়, উল্টো দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়েছে।
পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অস্থানীয় প্রজাতির গাছ লাগানোর ফলে স্থানীয় প্রতিবেশ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন উদাহরণ ভূরিভূরি। বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যাপকভাবে বিদেশি প্রজাতির বৃক্ষরোপণ জীববৈচিত্র্য কমে যাওয়া, পানিচক্রের পরিবর্তন, এমনকি স্থানীয় খাদ্যব্যবস্থা ও মানুষ-পশু সংঘর্ষের মতো সামাজিক সমস্যাও তৈরি করেছে। এসব কারণে অস্ট্রেলিয়াসহ অনেক দেশ বাইরে থেকে গাছ, বীজ বা উদ্ভিদ আমদানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে।
বাংলাদেশে বৃক্ষরোপণের অতীত অভিজ্ঞতা পুরোপুরি ইতিবাচক নয়। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকারি সংস্থার উদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়ে আসছে। কিন্তু বৃক্ষরোপণ অভিযানে অনেক ক্ষেত্রে পরিবেশগত প্রয়োজনের পরিবর্তে দ্রুত অর্থনৈতিক লাভের দিকটি বেশি গুরুত্ব পেয়েছে। এর ফলে দেশের বেশ কিছু অঞ্চলে বিদেশি প্রজাতির গাছের ব্যাপক বিস্তার ঘটেছে। উত্তরাঞ্চলে ইউক্যালিপটাস এবং পার্বত্য চট্টগ্রামে সেগুনের ব্যাপক চাষ এ ধরনের উদাহরণ হিসেবে প্রায়ই আলোচিত হয়। স্থানীয়রা প্রায়ই অভিযোগ করেন যে এসব একক প্রজাতির বাগান তাদের স্থানীয় পরিবেশ ও পানি ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। বিভিন্ন গবেষণায় এমন দাবির সত্যতাও মিলেছে।
এ ছাড়া অতীতে কোথাও কোথাও প্রাকৃতিক বন উজাড় করে বাণিজ্যিক প্লান্টেশন তৈরির উদাহরণও আছে। শেরপুর ও জামালপুর সীমান্তবর্তী প্রাকৃতিক বনাঞ্চল, যা এশিয়ান হাতির আবাস্থল হিসেবে বিখ্যাত, সেসব প্রাকৃতিক বন উজাড় করে বাণিজ্যিক প্লানন্টেশন তৈরি করা হয়েছে। শেরপুরের গজনী অবকাশ কেন্দ্র পরিকল্পনাহীন বৃক্ষরোপণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ প্রেক্ষাপটে নতুন করে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি। আশার কথা, প্রধানমন্ত্রী পরিবেশগত বিষয় বিবেচনায় রেখে বৃক্ষরোপণের কথা বলেছেন এবং এ সংক্রান্ত কমিটিতে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশের বাস্তবতায় একটি বড় সমস্যা হলো জমি। বাংলাদেশ পৃথিবীর অন্যতম উচ্চ ভূমি ব্যবহারকারী দেশ। আমাদের প্রায় সব জমিই কোনো না কোনো কাজে ব্যবহৃত হচ্ছে। তাই নতুন করে কোথায় বৃক্ষরোপণ করা হবে, এটি গুরুত্বপূর্ণ নীতিগত প্রশ্ন। এ ক্ষেত্রে একটি সমাধান হতে পারে পরিবেশের জন্য ক্ষতিকর বা অস্থানীয় প্রজাতির গাছ ধীরে ধীরে অপসারণ করে সেখানে পরিবেশবান্ধব স্থানীয় প্রজাতি রোপণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
বৃহৎ পরিসরে বৃক্ষরোপণের আরেকটি বাস্তব সমস্যা হলো, প্রয়োজনীয় চারা সরবরাহ। পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ অনেক স্থানীয় প্রজাতির গাছের চারা নার্সারিতে সহজে পাওয়া যায় না, কারণ এগুলোর অর্থনৈতিক বা নান্দনিক মূল্য তুলনামূলক কম। পরিবেশের জন্য উপকারী গাছের চারা স্থানীয় বাজারে পাওয়া না গেলে, উচ্চপর্যায়ের নির্দেশ থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ের কর্মীরা ক্ষতিকর বৃক্ষ রোপণ করে তাদের কোটা পূরণ করার চেষ্টা করতে পারে। ফলে বড় আকারে পরিবেশের সঙ্গে মাননসই বৃক্ষ রোপণ করতে হলে আগে পরিকল্পিতভাবে চারা উৎপাদনের ব্যবস্থা করতে হবে।
নুরুল ইসলাম বিপ্লব: লেখক Biplob733@gmail.com
