১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি, ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল। বাঙালি জাতির মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র-জনতা যখন ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করেছিল, তখন পুলিশের গুলিতে শহীদ হন রফিক, বরকত, সালাম, জব্বারসহ আরও অনেকে। এই আত্মত্যাগ শুধু একটি ভাষার মর্যাদা রক্ষার লড়াই ছিল না, এটি ছিল বাঙালির আত্মপরিচয়, স্বাধিকার এবং মুক্তির সংগ্রামের প্রথম সশস্ত্র অধ্যায়। সেই রক্তের বিনিময়ে আজ আমরা পেয়েছি বাংলা ভাষার অধিকার, এবং বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলনের শুরু হয়েছিল ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই। পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) অধিকাংশ মানুষ বাংলাভাষী হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়।

এর বিরুদ্ধে ১৯৪৮ সাল থেকেই ছাত্র-বুদ্ধিজীবী-রাজনীতিবিদদের প্রতিবাদ শুরু হয়। ১৯৫২ সালে এই আন্দোলন চরম আকার ধারণ করে। ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্রসভা থেকে মিছিল বের হলে পুলিশ গুলি চালায়। শহীদদের রক্তে রাঙা হয় রাজপথ। এই ঘটনা বাঙালির জাতীয় চেতনাকে জাগিয়ে তোলে এবং পরবর্তীতে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি বিজয়ী হয়। এই আন্দোলনের গভীর প্রভাব পড়ে বাঙালির স্বাধীনতা সংগ্রামে। ভাষার জন্য রক্তদানের চেতনা ১৯৬৬-এর ৬ দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১-এর মুক্তিযুদ্ধের পথ প্রশস্ত করে। একুশে ফেব্রুয়ারি ছিল সেই বীজ যা থেকে স্বাধীন বাংলাদেশের বৃক্ষ জন্ম নেয়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী এ দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের এই অবদান বিশ্বকে শিখিয়েছে মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি পরিচয়, সংস্কৃতি ও অধিকারের প্রতীক। বর্তমানে বিশ্বের অনেক দেশে সংখ্যালঘু ভাষা সংরক্ষণের আন্দোলন একুশের চেতনা থেকে অনুপ্রাণিত। আজও যখন আমরা শহীদ মিনারের সামনে নীরবে দাঁড়াই, খালি পায়ে প্রভাতফেরি গাই, তখন মনে পড়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ? এই প্রশ্নের উত্তরে আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত মাতৃভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রক্ষা করা, বহুভাষিক তাকে সম্মান করা এবং শহীদদের আত্মত্যাগকে জীবন্ত রাখা। একুশে আমাদের শেখায় ভাষা হারালে জাতি হারায়, আর ভাষা রক্ষা করলে জাতি অমর হয়। উত্তর বাড্ডা, ঢাকা থেকে