নির্বাচনের ফল ঘোষণার পরপরই পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহ উত্তপ্ত হয়ে উঠেছে। ক্ষমতার রদবদলের পাশাপাশি সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা এবং সাধারণ মানুষের দুর্ভোগ পশ্চিমবঙ্গকে এক অস্থির ও সংকটময় অবস্থার দিকে ঠেলে দিয়েছে। ভোটের ফলাফল প্রকাশের কয়েক দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ এক ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে, যা উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন নয়; তবে প্রতিবারই মনে হয়েছে, এবারের অস্থিরতা আগের তুলনায় আরও বেশি তীব্র ও ভয়ংকর।

নতুন সরকারের শপথ হওয়ার আগেই রাস্তায় বুলডোজার চলেছে, তৃণমূলের দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং কর্মীদের বাড়িতে আগুন লাগানো হয়েছে। লুটতরাজ, ইটপাটকেল, বোমাবাজি এবং রাজনৈতিক হত্যার এই উৎসব চলেছে এমন এক পরিস্থিতিতে, যেখানে আড়াই লাখ কেন্দ্রীয় পুলিশ বাহিনী এবং সোয়া লাখেরও বেশি রাজ্য পুলিশ মোতায়েন আছে। কিন্তু তারা নির্বিকার দর্শক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, এই বাহিনী আগামী ৬০ দিন রাজ্যে থাকবে, কিন্তু তারা থেকেও যেন নেই।

এই নিষ্ক্রিয়তার চিত্র স্পষ্টভাবে ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রকাশ্য রাস্তায় একদল তরুণ অবাধে পাথর ছুড়ছে এবং ভাঙচুর করছে। তাদের ঠিক সামনেই রাইফেল হাতে সিআরপিএফ ও প্যারামিলিটারি জওয়ানদের একটি দল দাঁড়িয়ে। লাঠি ও অস্ত্র আছে এবং সংখ্যাও যথেষ্ট। কিন্তু কেউ এগোচ্ছে না এবং বাধা দিচ্ছে না। বিভিন্ন জায়গায় ধারণ করা এ রকম অনেক ভিডিও পশ্চিমবাংলার বর্তমান আইনশৃঙ্খলার গোটা পরিস্থিতি উন্মোচন করছে এবং পরিকল্পিত নীরবতার কথা স্পষ্ট করে দিচ্ছে।

যে ঘটনা গোটা পরিস্থিতির ভয়াবহতাকে চূড়ায় নিয়ে গেছে সেটি ঘটেছে রাতের অন্ধকারে কলকাতার উপকণ্ঠে। বিজেপির সিনিয়র নেতা ও মুখ্যমন্ত্রী সুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী সারাদিনের কাজ সেরে নিজের বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে চার মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা গাড়ি থামিয়ে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার, গুরুতর আহত হয়েছে চালক। ঘটনাটি স্রেফ একটি খুন নয়। যে যানবাহনে হামলাকারীরা এসেছিল সেটার রেজিস্ট্রেশন প্লেট ভুয়া, ইঞ্জিন চেসিস নম্বর মুছে ফেলা, পালানোর বাইকগুলোও নকল। এই সুনির্দিষ্ট পেশাদারিত্ব নিছক রাস্তার গু-ার কাজ নয়। এর পেছনে আছে প্রশিক্ষিত হাত, সুচিন্তিত পরিকল্পনা এবং ক্ষমতার আশীর্বাদ। তিনজনকে আটক করা হয়েছে বটে, কিন্তু তারা স্থানীয় গু-া মাত্র। এই মাপের পরিকল্পিত হত্যার সুতো তাদের হাতে ছিল না।

হাওড়ার ঘটনা আরও বেশি নাড়া দেয়। সেখানে প্রকাশ্য দিনের বেলায় তৃণমূল ও বিজেপির কর্মীরা মুখোমুখি হয়েছে। সাত-আট রাউন্ড গুলি ছোড়া হয়েছে এবং পালিয়ে যাওয়া মানুষদের পেছনে প্রতি দশ মিটারে একটি করে বোমা ছোড়া হয়েছে। মোট বারোটি বোমা। পনের-বিশ জন আহত হয়ে হাসপাতালে। এই দৃশ্য যেন কোনও যুদ্ধক্ষেত্রের বর্ণনা। আর এই সংঘর্ষের পুরো সময়টা পুলিশ ছিল পুরোদস্তুর মূকদর্শক।

হিংসার আগুন কলকাতা ছাড়াও বিভিন্ন জেলায় বেড়েই চলছে। উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু হয়ে দক্ষিণবঙ্গের তৃণমূলের ঘাঁটি বলে পরিচিত এলাকাগুলো পর্যন্ত, এমনকি উত্তরবঙ্গের যেসব অঞ্চলে বিজেপির প্রভাব বেশি সেখানেও তৃণমূলের দপ্তর দখল ও কর্মীদের উপর হামলার খবর আসছে। ২০১১ সালেও ক্ষমতা পরিবর্তনের সময় হিংসা হয়েছিল তবে সেগুলো ছিল স্থানীয় এবং ছোট মাপের। এবারের ঘটনার বিস্তার ও গভীরতা সম্পূর্ণ আলাদা। এমন গণমাপের ধ্বংসযজ্ঞ বাংলার ভোট-রাজনীতির ইতিহাসে আগে দেখা যায়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবাংলা এখন একটি প্রয়োগশালায় পরিণত হতে চলেছে। যে রাজনৈতিক হিন্দুত্বের বুনিয়াদ তৈরি হয় একটি বিশেষ সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ নির্মাণ করে, সেই প্রকল্পের জন্য পশ্চিমবাংলা এক আদর্শ ভূমি। রাজ্যের জনসংখ্যার এক-তৃতীয়াংশ মুসলমান। এই এক-তৃতীয়াংশকে সামনে রেখে বাকি দুই-তৃতীয়াংশের মধ্যে সাম্প্রদায়িক ভয় জাগিয়ে তোলার রাজনীতি এখানে অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি ফলপ্রসূ। রথযাত্রা থেকে বাবরি মসজিদ ধ্বংস, গুজরাটের দাঙ্গা থেকে লাভ জিহাদের আখ্যান, এই একই ছকে বারবার সংখ্যালঘুদের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠের সাম্প্রদায়িক ক্রোধকে রাজনৈতিক সম্পদে পরিণত করা হয়েছে। ২০০২ সালে গুজরাটে যখন দাঙ্গা চলছিল তখনও শাসকদল বলেছিল, আমাদের লোক করেনি। তৎকালীন মুখ্যমন্ত্রী নিউটনের তৃতীয় সূত্রের কথা বলে পরিস্থিতিকে ন্যায্যতা দিয়েছিলেন। আজ পশ্চিমবাংলায় বিজেপিও বলছে, এরা আমাদের কর্মী নয়। ইতিহাস যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই দেখছে।

নির্বাচনী প্রক্রিয়া নিয়েও উঠছে গভীর প্রশ্ন। নব্বই লাখ ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে, সাতাশ লাখ মানুষ নথি নিয়ে বুথে গিয়েও ভোট দিতে পারেনি এবং তৃণমূলের কাউন্টিং এজেন্টদের রাত বারোটার পর বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সুপ্রিম কোর্টে যখন এই ভোটাধিকার হরণের বিরুদ্ধে আবেদন গেল তখন শোনা গেল অবাক করা জবাব, পরের বার ভোট দিয়ে নেবেন। এই এক বাক্যে বিচারব্যবস্থার প্রতি মানুষের যে শেষ আস্থাটুকু ছিল তাও টলে গেল। অখিলেশ যাদব কলকাতায় এসে বললেন, এটি জঙ্গলরাজ, নির্বাচন লুট হয়েছে। তার এই কথাকে নিছক রাজনৈতিক বিবৃতি বলে উড়িয়ে দেওয়া কঠিন, কারণ রাস্তার চিত্র সেই কথাই বলছে। ১৯৮৭ সালে কাশ্মীরের নির্বাচনে কারচুপির পর সেখানে যা ঘটেছিল তার স্মৃতি এখনও ভারতের বুকে জ্বলন্ত ক্ষত। যখন জনগণের রায়কে চুরি করা হয়, গণতন্ত্রের খোলসের ভেতরে ক্ষমতা দখলের নগ্ন খেলা চলে, তখন মানুষ রাস্তায় নামে। সেই নামাটা সবসময় শান্তিপূর্ণ থাকে না। কাশ্মীর আমাদের সেই পাঠ দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত, কিন্তু পর্যুদস্ত নন। যারা তাকে দীর্ঘদিন ধরে চেনেন তারা বলছেন, তিনি আহত বাঘিনীর মতো। কংগ্রেসের কর্মী থেকে শুরু করে তিনবারের মুখ্যমন্ত্রী হওয়ার যে পথ, সেই পথ ছিল সংঘর্ষ এবং রাস্তার পথ। বিরোধী দলের মমতাকে বিজেপি কখনও মোকাবেলা করেনি। এবার সেটি হবে তাদের জন্য সম্পূর্ণ এক নতুন অভিজ্ঞতা।

পশ্চিমবাংলার মাটিতে যা ঘটেছে ও এখন ঘটছে তা কেবল একটি রাজ্যের রাজনৈতিক সংকট নয়, এটি ভারতীয় গণতন্ত্রের বুকে একটি গভীর প্রশ্ন। যখন ভোট ডাকাতির অভিযোগ ওঠে, বিচারালয় নিষ্ক্রিয় থাকে এবং হাজার হাজার সশস্ত্র বাহিনীর সামনে নিরীহ মানুষ পুড়তে থাকে, তখন বুঝতে হবে সমস্যাটা শুধু আইনশৃঙ্খলার নয়। সমস্যাটা তার চেয়ে অনেক গভীরে। যে গণতন্ত্রের শিকড় মাটিতে থাকার কথা, সেই শিকড় যখন ক্ষমতার আগুনে পুড়তে থাকে, তখন গাছটা দাঁড়িয়ে থাকলেও ভেতরে ভেতরে ফাঁপা হয়ে যায়। পশ্চিমবাংলা আজ সেই ফাঁপা গাছের গল্প বলছে।

লেখক: গবেষক ও প্রাবন্ধিক।