বন্ধুরা, তোমরা কি জানো? পৃথিবীতে খুব কম জাতির মধ্যে আমরা একটি, যারা ভাষার মর্যাদা রক্ষায় জীবন দিয়েছে। আমাদের এই প্রিয় বাংলা ভাষা, যাতে আমরা মা-বাবাকে ডাকি, মনের কথা বলি, তা কিন্তু এমনি এমনি আসেনি। এর পেছনে আছে অনেক সংগ্রাম আর অনেক বীরের রক্ত। একুশে ফেব্রুয়ারি বললেই চোখের সামনে ৃেভসে ওঠে বায়ান্ন সালের সেই উত্তাল দিনগুলোর কথা। একুশ মানেই তো আমাদের গর্ব, একুশ মানেই আমাদের পরম অহংকার। ভাষা রক্ষার এই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ছাত্র সমাজের। ১৯৪৮ সালে পাকিস্তানের বড় নেতা মুহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে ঘোষণা দিলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা । তখন ছাত্ররা সঙ্গে সঙ্গে না, না বলে প্রতিবাদ জানিয়েছিল। এর কয়েক বছর পর ১৯৫২ সালে আবারও যখন একই ঘোষণা এল, তখন সারা দেশের মানুষ খেপে উঠল।

রাজপথে শুরু হলো মিছিল আর স্লোগান। এই আন্দোলনের শুরুতেই তমুদ্দুন মজলিস নামের একটি সাংস্কৃতিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রিন্সিপাল আবুল কাশেম ও অধ্যাপক শাহেদ আলীর মতো মানুষরা তখন ছাত্রদের উৎসাহিত করেছিলেন যেন তারা নিজেদের মায়ের ভাষার মর্যাদা রক্ষা করে। তবে তোমাদের জানার জন্য বলে রাখি, ভারতীয় উপমহাদেশ তথা পাকিস্তান, ভারত ও বাংলাদেশের ভাষা শুনতে প্রায় অনেকটাই একই রকম। এই অঞ্চলের ভাষাগুলো একই ভাষা পরিবারভুক্ত হলেও একে অপরের থেকে আলাদা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল আট ফাল্গুনের এক সুন্দর দিন। কিন্তু সরকার মিছিল-মিটিং নিষিদ্ধ করে ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করে। আমাদের সাহসী ছাত্ররা সেই ভয়ংকর নিষেধাজ্ঞা মানেনি। তারা দশজন করে ছোট ছোট দলে ভাগ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজের সামনে দিয়ে মিছিল বের করল। তাদের মুখে একটাই স্লোগান ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই । কিন্তু স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী ইচ্ছাকৃতভাবে হঠাৎ ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালানো শুরু করল। সেই বুলেটের আঘাতে রাজপথে লুটিয়ে পড়লেন রফিক, সালাম, জব্বার, বরকত আর শফিউরসহ আরও অনেক নাম না জানা বীর। ঢাকার পিচঢালা কালো রাস্তা সেদিন আমাদের ভাইদের লাল রক্তে ভিজে গিয়েছিল। সারা পৃথিবী অবাক হয়ে দেখল, ভাষার জন্য কোনো জাতি কীভাবে অকাতরে প্রাণ দিতে পারে। ভাইদের সেই রক্ত বৃথা যায়নি। পাকিস্তানি শাসকরা শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হলো এবং বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিল। এই একুশ থেকেই আমাদের মনে স্বাধীনতার স্বপ্ন দানা বাঁধে, যা আমাদের পরবর্তীকালে ৬৯-এর গণ-অভ্যুত্থান, পরে ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং তারপর সর্বশেষ জুলাই ২৪ এর ছাত্রদের গণ-অভ্যুত্থানের প্রেরণা দেয়।\r\nসালনা, গাজীপুর থেকে