গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ভোটাধিকার নাগরিকদের অন্যতম মৌলিক রাজনৈতিক অধিকার। এটি কেবল রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগই নয়, বরং নাগরিক সচেতনতা, দায়িত্ববোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ প্রকাশ। কিন্তু যখন কোনো নাগরিক ভোট দিতে পারেন না বা ভোটাধিকার থেকে বঞ্চিত হন, তখন তার প্রভাব শুধু রাজনৈতিক পরিসরে সীমাবদ্ধ থাকে না বরং তা সামাজিক, মানসিক ও নাগরিক আচরণেও গভীর প্রভাব ফেললে।
Political Strategy and Mobilization: A Study of BNP's Role in the 2024 Mass Uprising শীর্ষক গবেষণায় এই বিষয়টি বিশ্লেষণ করা হয়েছে। গবেষণাটি পরিচালনা করেন সেন্টার ফর রিসার্চ ইন মাল্টিডিসিপ্লিন -সিআরএম এর গবেষক মাহাদী-উল-মোর্শেদ। গবেষণার মূল উদ্দেশ্য ছিল ভোট দিতে না পারা বা ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিজ্ঞতা নাগরিকদের অংশগ্রহণবোধ ও সামাজিক অবদানের ওপর কী ধরনের প্রভাব ফেলে তা নিরূপণ করা।
গবেষণায় পরিমাণগত (Quantitative) পদ্ধতি অনুসরণ করে ৩৬৪ জন অংশগ্রহণকারীর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। প্রশ্নমালায় নাগরিকদের সামাজিক অবদান, রাজনৈতিক সম্পৃক্ততা এবং ভোটাধিকার সংক্রান্ত অভিজ্ঞতা অন্তর্ভুক্ত ছিল। সংগৃহীত তথ্য বিশ্লেষণে পিয়ারসন সহসম্বন্ধ (Pearson Correlation) এবং রিগ্রেশন বিশ্লেষণ (Regression Analysis) প্রয়োগ করা হয়।
গবেষণার ফলাফলে “ভোট দিতে না পারা” ভেরিয়েবল এবং নাগরিক অংশগ্রহণের মধ্যে অত্যন্ত শক্তিশালী ধনাত্মক সম্পর্ক পাওয়া গেছে (r = .860, p < .01)। অর্থাৎ, যারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, তাদের মধ্যে সমাজে অবদান রাখার আগ্রহ, গণতান্ত্রিক চেতনা ও সামাজিক দায়িত্ববোধ তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা গেছে। ANOVA বিশ্লেষণ [(1,362) = 1030.00, p < .001] নির্দেশ করে যে মডেলটি পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ এবং ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া নাগরিকদের অংশগ্রহণবোধের ওপর বাস্তব ও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।
এই ফলাফল পূর্ববর্তী গবেষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পুটনাম (২০০০), ভার্বা, শূলজম্যান ও ব্রাডি (১৯৯৫), এবং নরিস (২০১১)-এর মতে, রাজনৈতিকভাবে বঞ্চিত জনগোষ্ঠী অনেক সময় বিকল্প সামাজিক বা নাগরিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হয়ে ওঠে। ডাল্টন (২০০৮) এই প্রবণতাকে “প্রতিক্রিয়াশীল রাজনৈতিক অংশগ্রহণ” (Reactive Political Participation) হিসেবে ব্যাখ্যা করেছেন। বর্তমান গবেষণার ফলাফলও এই তাত্ত্বিক ধারণাকে সমর্থন করে।
বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। রহমান (২০১৮)-এর গবেষণায় দেখা গেছে, ভোটাধিকার সংকট ও রাজনৈতিক অস্থিরতা নাগরিকদের মধ্যে বিকল্প সামাজিক অংশগ্রহণের প্রবণতা বাড়ায়। মাহাদী-উল-মোর্শেদের গবেষণার ফলাফলও ইঙ্গিত দেয়, ভোট দিতে না পারা অনেক নাগরিককে আরও সচেতন, সমালোচনামূলক এবং দায়িত্বশীল করে তুলেছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম, নাগরিক আন্দোলন কিংবা স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে তাদের ভূমিকা প্রকাশ করছে।
তবে এই অংশগ্রহণ সবসময় ইতিবাচক পরিণতি বয়ে আনে না। কিছু ক্ষেত্রে ভোটাধিকার থেকে বঞ্চনা হতাশা, ক্ষোভ কিংবা রাজনৈতিক উদাসীনতার জন্ম দিতে পারে। তাই ভবিষ্যৎ গবেষণায় অনুসন্ধান প্রয়োজন এই সচেতনতা ও অংশগ্রহণের প্রবণতা দীর্ঘমেয়াদে স্থায়ী হয় কিনা, নাকি সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়ে।
সার্বিকভাবে, গবেষণাটি প্রমাণ করে যে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া কেবল গণতান্ত্রিক দুর্বলতার প্রতীক নয় বরং এটি নাগরিক চেতনা ও সামাজিক অবদানের এক নতুন রূপও তৈরি করতে পারে। রাজনৈতিক প্রান্তিকতা অনেক সময় নাগরিক সমাজকে আরও সংগঠিত ও সক্রিয় করে তোলে। সুতরাং রাষ্ট্র ও নীতিনির্ধারকদের জন্য এই গবেষণার ফলাফল গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখায় নাগরিকদের ভোটাধিকার সুরক্ষা কেবল রাজনৈতিক অংশগ্রহণ নয়, সামাজিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক সচেতনতার ভিত্তিও সুদৃঢ় করে।
লেখক: মাহাদী-উল-মোর্শেদ গবেষক, পলিসি এনালিস্ট ও সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল
