সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে শিক্ষার্থীদের আর্থিক ক্ষমতায়নে জারি করা হয়েছে নতুন নীতিমালা। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের জন্য প্রবর্তিত আর্থিক সেবার পরিধি হয়েছে আরও বিস্তৃত। ফলে এখন থেকে অনূর্ধ্ব ১৮ বছরের পরিবর্তে অনূর্ধ্ব ২৫ বছর বয়সী শিক্ষার্থীরাও বিশেষায়িত অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবেন। ইতোপূর্বে প্রচলিত ‘স্কুল ব্যাংকিং’ সেবাটি এখন থেকে ‘স্টুডেন্ট ব্যাংকিং’ নামে পরিচালিত হবে। এতে প্রথমবারের মতো ডেবিট কার্ডের পাশাপাশি ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ যুক্ত করা হয়েছে। নতুন ব্যবস্থার অধীনে শিক্ষার্থীরা এটিএম বুথ থেকে প্রতি মাসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা উত্তোলন করতে পারবেন, যা অভিভাবকের সম্মতিতে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব।

তাছাড়াও লেনদেনের সক্ষমতা বাড়িয়ে মাসিক জমার সীমা ২৫ হাজার টাকা এবং অ্যাকাউন্টের সর্বোচ্চ স্থিতি নির্ধারণ করা হয়েছে৩ লাখ টাকা। \r\nবিশেষ সুবিধাস্বরূপ উচ্চশিক্ষার জন্য বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীদের এখন আর আলাদা করে স্টুডেন্ট ফাইল বা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না। এই অ্যাকাউন্ট ব্যবহার করেই তারা যাবতীয় বৈদেশিক লেনদেন সম্পাদন করতে এবং   কোনো শিক্ষার্থী বৈধ পথে রেমিট্যান্স পেলে এই অ্যাকাউন্টের মাধ্যমে তা গ্রহণ করতে পারবেন।  পাশাপাশি উচ্চশিক্ষার প্রয়োজনে শিক্ষাসংক্রান্ত উপকরণ কেনার জন্য অভিভাবকের গ্যারান্টিতে ঋণ নেওয়ার সুযোগ থাকবে।

শিক্ষার্থীদের জন্য প্রদত্ত ঋণের ক্ষেত্রে সুদের হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৭ শতাংশ।\r\nবাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরনের আর্থিক অন্তর্ভুক্তি ও সহায়তামূলক নীতি গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরিতেও অবদান রাখছে। উন্নত বিশ্বের বিভিন্ন দেশে স্কুল ব্যাংকিং একটি জনপ্রিয় অর্থ ব্যবস্থাপনার উদ্যোগ হিসাবে পরিগণিত। বাংলাদেশ ব্যাংক স্কুল ব্যাংকিং চালু করার মাধ্যমে শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব তৈরি, সহজ শর্তে স্টুডেন্ট ফাইল ও বৈদেশিক লেনদেনের সুযোগ সৃষ্টি, শিক্ষা উপকরণ ক্রয়ে ঋণের ব্যবস্থা এবং সুবিধাবঞ্চিতদের সহায়তায় পুনঃঅর্থায়ন স্কিম বাস্তবায়ন করছে, যা দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও প্রসারে সহায়ক হবে। সমীক্ষায় উঠে এসেছে, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশের সাড়ে ২৬ হাজার প্রতিষ্ঠান স্কুল ব্যাংকিংয়ের আওতায় এসেছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অ্যাকাউন্ট রয়েছে ৪৮ লাখের বেশি টাকা। জমার পরিমাণ দাঁড়িয়েছিল ২২শ’ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ‘স্টুডেন্ট ব্যাংকিং’-এর মাধ্যমে প্রথমবারের মতো শিক্ষার্থীদের ডেবিট কার্ডের পাশাপাশি ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ সৃষ্টি করেছে। এই উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই প্রত্যাশা।