ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পেয়ে ইতোমধ্যে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে। বিদ্যমান নাজুক প্রেক্ষাপটে তাদের অনেক কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, যা অনেকটা অমাবস্যার রাতে পাহাড় ডিঙানোর মতো। ইতোমধ্যে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডিসহ বিভিন্ন গবেষণা সংস্থা অর্থনীতির যে অবস্থা তুলে ধরেছে তা ভয়াবহ। গত ৪০ বছরে এই প্রথমবার সরকারের ব্যয় রাজস্ব আয়ের চেয়ে বেশি হয়েছে, সরকার পরিচালনার জন্য ঋণ করতে হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি ঘটেছিল, নির্বাচনের পর কিছুটা উন্নতি দেখা গেলেও এর প্রধান উৎস কাঠামোগত সংকট রয়ে গেছে। সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোও ভয়াবহ আঘাতপ্রাপ্ত হয়েছে।
এ জাতির দুর্ভাগ্য হলো স্বাধীনতা অর্জনের চুয়ান্ন বছরের মাথায় আজ সব স্বপ্ন বিধ্বস্ত, চুরমার, ধ্বংসপ্রাপ্ত। এ জনপদ এখন বসবাসের জন্য খুবই অনিরাপদ, সব অর্থেই রাষ্ট্র দুর্বৃত্তায়িত–আইনের শাসন নেই, ঘুষ-দুর্নীতি অবারিত, দুর্বৃত্তরা বেপরোয়া, স্বাধীন মতপ্রকাশ বারিত, ভিন্নমত দমনের শিকার, বিধিবিধান সম্পূর্ণ অকার্যকর, আমলাতন্ত্রের সকল স্তর সোপান–ওপর থেকে নিচ–সব জায়গায় বিভক্তি ও পক্ষপাতিত্ব, নিরীহ সবাই অসহায় আর বিপন্ন। সমস্যার তালিকা অতি দীর্ঘ ও ব্যাপক। এমন বিভীষিকাময় বর্তমানের গর্ভে জাতির ভবিষ্যৎ দিকনির্দেশনাহীন যেন-বা গভীর সমুদ্রে মাঝিহীন নৌকা। যাত্রারম্ভের এমন নাজুক মুহূর্ত সরকার পরিচালনার জন্য সত্যিই কঠিন, চ্যালেঞ্জিং–কোত্থেকে শুরু করা হবে তা অন্তহীন ধাঁধার চক্রের মতো। এমন একটি অবস্থায় সমস্যাগুলোতে গভীর দৃষ্টি নিবদ্ধ করলে বোঝা সম্ভব যে প্রায় সব সমস্যার মূলে রয়েছে একটি প্রধান সমস্যা। তা হলো দুর্নীতি। তাই ভাবী সরকারের অগ্রাধিকার হওয়া উচিত কঠোর হাতে দুর্নীতি দমন। নিঃসন্দেহে এ কাজের সাফল্যের ওপর অপরাপর কাজের সফলতা জড়িত।
আশার বিষয়, নতুন প্রধানমন্ত্রী ইতোমধ্যে দুর্নীতি দমনকে তাঁর সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত কাজের তালিকায় রেখেছেন। তাঁর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই দুর্নীতির বিষয়ে খুব স্পষ্ট অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন নবনিযুক্ত অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। সাকির মতে, তাঁর সরকারের একটা ‘ক্লিন গভর্নমেন্ট’ হিসেবে প্রধানমন্ত্রী যে অবস্থানটা রাখতে চান, সে ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন (বাংলা ট্রিবিউন, ১৮ ফেব্রুয়ারি)। তবুও এ বিষয়ে কিছু কথা মনে করিয়ে দেওয়া দরকার।
দুর্নীতি দমন কাজের সফলতা নির্ভর করছে অবশ্যই রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ওপর। আবার উপযুক্ত নেতৃত্ব, জনবল, পরিচালনা পদ্ধতি, আইন ও বিধিবিধানের ওপরই নির্ভর করছে প্রতিষ্ঠানটির সক্ষমতা ও কার্যকারিতা। তাই ভাবী সরকারের প্রথম কাজ হবে দুর্নীতি দমন কমিশনকে সব দিক থেকে উত্তম, সক্ষম, কঠোর ও দৃঢ়, পক্ষপাতহীন একটি প্রতিষ্ঠানে রূপান্তর করে নেওয়া। এটি করতে ব্যর্থ বা বিলম্ব হলে সরকারের প্রতি নাগরিকদের আস্থা তৈরি হবে না।
আমরা জানি, রাষ্ট্রে দুর্নীতির থাবা আর নেটওয়ার্ক বেশ গভীর ও বিস্তৃত, ফলে আপাত মনে হতে পারে দুর্নীতি দমন সময়সাপেক্ষ। না, মোটেই তা নয়। প্রথমেই পক্ষপাতহীনভাবে ও দৃঢ়তার সঙ্গে শীর্ষ ও প্রভাবশালী দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হলে তা সমাজে একটা বার্তা দেবে। কাজটি দৃশ্যমান ও ফলপ্রসূ হলে তা নিঃসন্দেহে দুর্নীতির নিম্নমুখী প্রবাহ থামিয়ে দেবে, অন্যদের মনে ভয় ধরাবে, তারা বেপরোয়া হতে সাহস হারাবে। সমান্তরাল কাজ হতে পারে বিজ্ঞপ্তি দিয়ে আহ্বান জানিয়ে দুর্নীতির মাধ্যমে অর্জিত সব অবৈধ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে বলা ও বাধ্য করা। এর জন্য সময় বেঁধে দেওয়া উচিত হবে। এর অনুষঙ্গ অবশ্যই হওয়া উচিত অবৈধ অর্থে অর্জিত সম্পদের বাজেয়াপ্তি। সমান্তরালভাবে অসৎ প্রমাণিত প্রজাতন্ত্রের সব কর্মচারীকে চাকরিচ্যুত বা চাকরি ত্যাগ করতে বলা যেতে পারে। তবে কাজটি করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে; কোনো রকম দীর্ঘসূত্রতা কাজটিকে ঝুলিয়ে দিতে পারে, মানুষের আস্থাও তখন হ্রাস পাবে। দুর্নীতি রুখবার জরুরি প্রয়োজনে ট্রুথ কমিশন ধাঁচের কিছু একটা করা যেতে পারে।
এটি করা সম্ভব হলে সব জায়গায় সুশাসনের বার্তা চলে যাবে, সরকারের প্রতি মানুষের আস্থা তৈরি হবে, নিরীহরা নিজেদের অসহায় বোধ করবে না এবং অবশিষ্ট কাজে ইতিবাচক পরিবেশ আনা সম্ভব হবে। অতীতে প্রায় সব সরকারই দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার প্রতিশ্রুতি দিয়েছিল, কিছুদিন না যেতেই যা ফাঁপা প্রমাণিত হয়েছিল। নতুন সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানও একই পরিণতি বরণ করবে না, এ প্রত্যাশা আমাদের।
মোহাম্মদ আলীম আখতার খান: সাবেক মহাপরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও অবসরপূর্ব ছুটি ভোগরত গ্রেড-১ কমকর্তা
