প্রতিবছর ১ নভেম্বর বাংলাদেশে জাতীয় যুব দিবস পালিত হয়। ১৯৮৫ সাল থেকে পালিত হয়ে আসা এই দিবসের মূল উদ্দেশ্য যুবসমাজের সম্ভাবনা ও অবদানকে স্বীকৃতি দেওয়া; তাদের দক্ষতা ও কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা। এবারের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’। প্রতিপাদ্যটি শুধু তরুণদের দক্ষ করে গড়ে তোলার কথাই বলে না; প্রত্যেক তরুণের জন্য সমান সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তাও তুলে ধরে। কিন্তু দক্ষ যুবসমাজ গড়ে তোলার প্রথম শর্ত এমন শিক্ষাব্যবস্থা, যা শিক্ষার্থীদের শুধু সনদ দেবে না; বরং বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতাও তৈরি করবে।
উচ্চশিক্ষা শেষ করেও অনেক তরুণ কর্মজীবনের দোরগোড়ায় এসে বুঝতে পারেন, তাদের হাতে প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা নেই। শিক্ষাপ্রতিষ্ঠান যা শেখায় আর কর্মবাজার যা চায়, এ দুইয়ের মধ্যে বেশ পার্থক্য। এই পার্থক্য ঘোচাতে কর্মবাজারের পরিবর্তনশীল চাহিদা মাথায় রেখে দক্ষতাভিত্তিক শিক্ষাক্রম তৈরি করতে হবে। সমস্যা সমাধান, সৃজনশীলতা, যোগাযোগ, দলগত কাজ, নেতৃত্ব ও প্রযুক্তিগত দক্ষতা রপ্ত করার সুযোগ রাখতে হবে। ইংরেজি শিক্ষার কথাই ধরা যাক। মুখস্থ গ্রামারের চেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত নিজের মতো গুছিয়ে বলতে পারা আর কার্যকরভাবে তথ্য আদান-প্রদানের সক্ষমতা। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের যোগসূত্র শক্ত করতে হবে। ইন্টার্নশিপ, হাতে-কলমে প্রশিক্ষণ ও বাস্তবভিত্তিক প্রকল্পের সুযোগ বাড়াতে হবে।
সব তরুণ কি একই জায়গা থেকে যাত্রা শুরু করে? করে না। গ্রাম ও শহরের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার মান, প্রযুক্তির ব্যবহার, দক্ষ শিক্ষকের সংখ্যা ও সুযোগ-সুবিধায় বড় ব্যবধান রয়েছে। প্রতিবন্ধী ও অন্যান্য সুবিধাবঞ্চিত তরুণের জন্য মানসম্মত শিক্ষা, প্রবেশগম্য পরিবেশ, উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের পথ এখনও অনেকটা সংকীর্ণ। এই ব্যবধান কমানো ছাড়া যুবসমাজের সম্ভাবনা পুরোপুরি বিকশিত হবে না।
কারিগরি, বৃত্তিমূলক ও সাধারণ শিক্ষাকে সমান মর্যাদা দিতে হবে, যাতে প্রত্যেক শিক্ষার্থী নিজ আগ্রহ ও সক্ষমতা অনুযায়ী পথ বেছে নিতে পারে। যে তরুণ নতুন কিছু ভাবছেন কিংবা নিজে উদ্যোক্তা হতে চান, তাঁর পাশে দাঁড়াতে হবে নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা নিয়ে।
এত বড় পরিবর্তন কোনো একটি পক্ষের একার কাজ নয়। সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, পরিবার, বেসরকারি খাত, কর্মবাজার; সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু নীতিমালা লিখলেই দায়িত্ব শেষ হয় না। দরকার কার্যকর বাস্তবায়ন, নিয়মিত মূল্যায়ন আর প্রতিটি পক্ষের জবাবদিহি।
আরেকটি কথা। যাদের জন্য এই নীতি তাদের কথাই সবচেয়ে কম শোনা হয়। শিক্ষানীতি ও যুব উন্নয়নের সিদ্ধান্ত নেওয়ার টেবিলে তরুণদের বসাতে হবে। তাদের গবেষণা, জরিপ, অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিলে সিদ্ধান্ত হবে আরও বাস্তবসম্মত।
যুব উন্নয়নের সাফল্য আমরা কীভাবে মাপব? কতজন সনদ পেল বা কতজন চাকরি পেল, শুধু এই হিসাবে নয়। জিজ্ঞেস করতে হবে কতজন স্বাধীনভাবে ভাবতে পারছে; কতজন যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারছে; কতজন বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারছে; আর কতজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য কিছু করছে।
শিক্ষা, দক্ষতা, কর্মসংস্থান ও মানবিক মূল্যবোধ যেদিন একসূত্রে গাঁথা হবে সেদিনই যুবসমাজ হয়ে উঠবে দেশের টেকসই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। সনদের কাগজ নয়; সেই সক্ষম নাগরিকই হোক আমাদের শিক্ষার প্রকৃত অর্জন। নীতিনির্ধারণী পর্যায়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং যুগোপযোগী বাস্তবায়নের মাধ্যমেই কেবল একটি তারুণ্যদীপ্ত, দক্ষ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। কাগজের সনদের চেয়ে আত্মবিশ্বাসী ও সক্ষম নাগরিক তৈরিই হোক আমাদের শিক্ষাব্যবস্থার প্রকৃত অর্জন।
সোহান আল মেরাজ: শিক্ষার্থী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এডুএনভয়, শিক্ষা অধিকার সংসদ
