মার্চ মাস বাংলাদেশের ইতিহাসে এক অগ্নিঝরা অধ্যায়। এই মাসটি শুধু স্বাধীনতার জন্য সংগ্রামের মাস নয়, এটি আমাদের সংগ্রাম, ত্যাগ এবং শহীদদের আত্মত্যাগেরও স্মারক। ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের মাসের পর মার্চ মাসের বিশেষ তাৎপর্য রয়েছে। ১৯৭১ সালের এই মাসে বাঙালি জাতির মুক্তির জন্য চূড়ান্ত লড়াই শুরু হয়েছিল, যার পরিণতি ছিল ইতিহাসের এক অমোচনীয় অধ্যায় স্বাধীন বাংলাদেশ। এই মার্চেই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং ২৫ মার্চের কালরাত্রিতে এক নির্মম হত্যাযজ্ঞের মধ্য দিয়ে বাঙালি অর্জন করে স্বাধীনতা।\r\n১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান), শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন।
এই ভাষণ শুধু একটি সাধারণ বক্তৃতা ছিল না, এটি ছিল বাঙালি জাতির মুক্তির আহ্বান, স্বাধীনতার এক অনিবার্য ঘোষণা- এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম -এই বজ্রকণ্ঠের ঘোষণার মাধ্যমে পুরো জাতি এক নতুন লক্ষ্য নিয়ে নেমে পড়ে সংগ্রামে। এই ভাষণেই শেখ মুজিব সতর্ক করেছিলেন যে, আর দেরি নয়, শত্রুর মোকাবিলা করতে প্রস্তুত থাকতে হবে।\r\nএই ভাষণ পুরো জাতিকে এক সুতোয় গেঁথে দিয়েছিল। সেদিনের ভাষণে ছিল জাতির মুক্তির জন্য শেষ সিদ্ধান্তের ঘোষণা, যা বাঙালির জীবনে এক নতুন দিগন্তের সূচনা করে। স্বাধীনতার লাল সূর্য উঁকি দিচ্ছিল এবং বাঙালি তা ছিনিয়ে আনতে প্রস্তুত হয়েছিল।
একই সঙ্গে পাকিস্তানি শাসকগোষ্ঠীও তাদের শেষ চক্রান্ত শুরু করেছিল -ক্ষমতা হস্তান্তর না করে, নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা না দেওয়ার জন্য নানা অপকৌশল নেয়।\r\n২৫ মার্চ ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক নিষ্ঠুর ও হৃদয়বিদারক দিন। অপারেশন সার্চলাইট নামে পাকিস্তানি বাহিনী ঢাকার বিভিন্ন স্থানে আক্রমণ চালায়। রাজারবাগ পুলিশ লাইনস, পিলখানা, শাঁখারীবাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বহু স্থানে নিরীহ মানুষকে হত্যা করা হয়। পাকবাহিনী আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে ছাত্র, শিক্ষক, জনতা, নারী ও শিশুকে নির্মমভাবে হত্যা করে। সেই রাতেই গ্রেপ্তার হন শেখ মুজিবুর রহমান। তার আগেই তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তার এই ঘোষণা সারা জাতিকে একসূত্রে গেঁথে দেয়। জাতি তখন আর কোন অপেক্ষা করেনি।
শুরু হয় সশস্ত্র সংগ্রাম, যা শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধে পরিণত হয়। যার ফলে বাঙালি জাতি পায় একটি স্বাধীন দেশ এবং একটি লাল সবুজের পতাকা, যা আমাদের জাতির মূল ধারক এবং বাহক। \r\nস্বাধীনতা সংগ্রামের প্রথম দিকে, ১৯৭১ সালের মার্চ মাসে পাকিস্তানি বাহিনী যখন দেশব্যাপী হত্যাযজ্ঞ চালাচ্ছিল, তখন বাঙালি সেনারা দেশটির স্বাধীনতা রক্ষায় নিজের জীবন বাজি রেখে যুদ্ধ শুরু করেন। পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় মেজর জিয়াউর রহমান ২৫ মার্চের কালরাত্রি পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
২৬ মার্চ শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হওয়ার পর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের নেতৃত্বে প্রথম সারিতে দাঁড়ান শহীদ জিয়াউর রহমান।\r\n১৯৭১ সালের ২৭ মার্চ চট্টগ্রামে পাক সেনাদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন তিনি। এই দিনেই তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন, যা ছিল মুক্তিযুদ্ধে তার সাহসী ও যুগান্তকারী পদক্ষেপ। এই ঘোষণা সাধারণ মানুষ ও সৈনিকদের মধ্যে মনোবল বৃদ্ধি করে এবং বিশ্ববাসীকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বার্তা পৌঁছে দেয়। যার মাধ্যমে তিনি শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী হিসেবে নিজের স্থান সুপ্রতিষ্ঠিত করেন।
এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের একটি আলোকিত দৃষ্টান্ত স্থাপন করেন। \r\nস্বাধীনতার জন্য বাঙালি জাতির সংগ্রাম ছিল এক ভয়ংকর যুদ্ধ। পাকিস্তানি বাহিনীর নির্যাতন, অত্যাচার এবং হত্যাযজ্ঞের বিরুদ্ধে লড়াই ছিল অসম। তারপরও ৩০ লাখ শহীদ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং লাখ লাখ নির্যাতিত মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি জাতি অর্জন করে স্বাধীনতা। মার্চ মাসের তিক্ত অভিজ্ঞতা, কালরাত্রির নারকীয়তা এবং বাঙালি জাতির চলমান সশস্ত্র সংগ্রাম এক নতুন ইতিহাসের জন্ম দেয়, যা পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। \r\nস্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন হলেও অর্থনৈতিক মুক্তি এখনো পাইনি। আমাদের সামনে রয়েছে নানা অর্জন এবং চ্যালেঞ্জ।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, মুক্তিযুদ্ধের পর, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। ৫৪ বছর পরে, বাংলাদেশ তার অর্জিত স্বাধীনতার প্রতি গভীর শ্রদ্ধা রেখে উদযাপন করবে স্বাধীনতার মাসে। স্বাধীনতার পঞ্চান্ন বছর পূর্তির এই ক্ষণে আমরা গর্বিত এবং দৃঢ় প্রতিজ্ঞ যে, আমাদের সংগ্রাম, ত্যাগ এবং অর্জনকে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত করা হবে। \r\nস্বাধীনতার মাসে তরুণ সমাজের সামনে স্বাধীনতার সঠিক ইতিহাস, শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান এবং মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ তুলে ধরতে হবে। শেখ মুজিব ছিলেন একজন সংগ্রামী নেতা, যিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্বাধীনতা সংগ্রামে নিয়োজিত ছিলেন। তার অমূল্য শিক্ষা, দেশপ্রেম এবং সংগ্রামের চেতনা আমাদের পথ দেখায়।
আজকের তরুণদের উদ্দেশ্যে বলছি, তোমরা যেন মহান মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির সেবা করো। স্বাধীনতার সংগ্রাম এবং চেতনা জীবিত থাকবে যতদিন আমাদের হৃদয়ে মুক্তিযোদ্ধাদের আদর্শ রয়ে যাবে।\r\nমার্চ মাস বাঙালি জাতির জীবনে এক নতুন চেতনা এনে দিয়েছে এবং আজও তার প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়। ২৫ মার্চের কালরাত্রি, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং শেখ মুজিবের নেতৃত্বের অমোচনীয় ছাপ আজও আমাদের মনে গেঁথে রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ছিল একটি সাহসী যাত্রা, যেখানে প্রতিটি প্রাণ, প্রতিটি আত্মত্যাগ দেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছে।\r\nস্বাধীনতার ৫৫ বছর পূর্ণ হতে যাচ্ছে। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেইসব বীর শহীদদের, যারা দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন।
সেই সংগ্রামী দিনগুলো আমাদের চেতনাকে চিরকাল জীবিত রাখবে। বাংলাদেশের আজকের উন্নয়নশীল পরিণতি, জনগণের সুখ-সমৃদ্ধি, সামাজিক উন্নয়ন- সবই স্বাধীনতা সংগ্রামের ফলস্বরূপ। বর্তমানে সরকারের বিভিন্ন পরিকল্পনা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করবে, এটাই আমরা মতো সাধারণ নাগরিকের প্রত্যাশা স্বাধীনতার মাসে।\r\nএ বছর যখন আমরা স্বাধীনতার ৫৫ বছর উদযাপন করছি। তখন আমাদের একমাত্র লক্ষ্য হবে, স্বাধীনতার আদর্শকে ধরে রেখে, দেশকে আরও শক্তিশালী এবং উন্নত করতে কাজ করা। এই চেতনা আমাদের বর্তমান এবং ভবিষ্যত প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে। মার্চ মাসে মুক্তিযোদ্ধাদের চেতনা এবং বাংলাদেশের স্বাধীনতার মহান সংগ্রাম পুনরায় আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। ইতিহাসের এই অগ্নিস্ফুলিঙ্গ আজও আমাদের পথ দেখায়। আমাদের সংগ্রাম ও ত্যাগের মহিমা সমুজ্বল করে তুলে ধরে। স্বাধীনতার মাসে আমাদের শপথের দিন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দিন।\r\nলেখক : সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
