অফিসে গিয়ে প্রতিদিনই অন্তত একবার হলেও চা পানে বের হতে হয়। উদ্দেশ্য চা পান ও হালকা একটু রিফ্রেশমেন্ট। অফিসের গেট হতে বের হয়ে চা পান থেকে শেষ অবধি কম করে হলেও ৫-৬ জন ভিক্ষুক এসে সাহায্য চেয়ে হাত বাড়িয়ে দেয়। সর্বোচ্চ ১৫ মিনিট এই চা পানে ব্যয় হলেও এত সংখ্যক ভিক্ষুকের আগমনে একটু বিরক্তিই লাগে। তবে এই দৃশ্যের মুখোমুখি হওয়া ঢাকাবাসীর নিত্যদিনের ঘটনা বললে ভুল হবে না। রাস্তায় হাঁটতে গেলে, গণপরিবহনে উঠলে, রেলস্টেশনে অপেক্ষা করলে কিংবা পার্কে একটু সময় কাটাতে গেলেও ভিক্ষুকের মুখোমুখি হতে হয়। এসব ভিক্ষুকের মধ্যে কেউ বয়সের ভারে ন্যুব্জ, কেউ শারীরিক প্রতিবন্ধকতার কথা বলে, কেউ কোলে শিশু নিয়ে সাহায্য চায়, আবার কারও সঙ্গে থাকে একাধিক শিশু। অনেক সময় একই জায়গায় কয়েকজন একসঙ্গে এসে ঘিরে ধরে। ঢাকার ব্যস্ত সড়ক, মোড়, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, মার্কেট ও বিনোদনকেন্দ্রগুলোতে ভিক্ষাবৃত্তির দৃশ্য এখন নগরজীবনের পরিচিত অংশ। ফলে সাধারণ মানুষের বিরক্তি, বিড়ম্বনা কিংবা অস্বস্তি তৈরি হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু প্রশ্ন হলো, রাস্তায় এত ভিক্ষুক কেন? তারা কোথা থেকে আসছে? কেন রাজধানী ও বড় শহরগুলো ভিক্ষাবৃত্তির জন্য এত আকর্ষণীয় হয়ে উঠেছে? আর ভিক্ষাবৃত্তির দৃশ্যমানতা বাড়া কি শুধু ব্যক্তিগত দারিদ্র্যের বিষয়, নাকি এর পেছনে বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা রয়েছে?

একটি বিষয় অস্বীকার করার উপায় নেই যে, বর্তমানে ভিক্ষাবৃত্তি আমাদের নগরজীবনে অত্যন্ত দৃশ্যমান। এর পেছনে ঢাকার অর্থনৈতিক আকর্ষণও কাজ করতে পারে। যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষ চলাচল করে, সেখানে ভিক্ষার মাধ্যমে অর্থ পাওয়ার সম্ভাবনাও তুলনামূলক বেশি। হাত পাতলেই প্রতি ৪-৫ জনের মধ্যে একজন সাহায্য দিলেও প্রতিদিন ভিক্ষুকদের একটি ভালো আয় হচ্ছে। যেখানে কোনরকম শারীরিক পরিশ্রম ছাড়াই একজন মোটামুটি সংসার চালানোর মতো অর্থ আয় করছে। এজন্য বর্তমানে ভিক্ষুক বেশে বেশ সুস্থ সবল এবং অনেকটা সুঠাম দেহের মধ্যবয়স্ক নারী-পুরুষও চোখে পড়ছে। যদিও এসকল ব্যক্তি ভিক্ষাবৃত্তির সময় নিজেকে অসুস্থ বা শারীরিকভাবে অক্ষম— এ ধরনের নানান ছল-চাতুরীর অংশ নেয়। যাইহোক, ভিক্ষাবৃত্তিতে একাধিক কারণের মধ্যে দারিদ্র্য অবশ্যই বড় কারণ। কিন্তু সব ভিক্ষুককে আবার একই শ্রেণিতে ফেলা যাবে না। কারও হয়তো কাজ করার মতো শারীরিক সক্ষমতা নেই। কেউ বয়স্ক। কেউ দীর্ঘদিনের রোগে আক্রান্ত। কেউ পরিবার থেকে বিচ্ছিন্ন। কেউ নদীভাঙন বা প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি হারিয়েছে। কেউ গ্রামে কাজ না পেয়ে শহরে এসেছে। আবার কেউ হয়তো অশিক্ষা, দক্ষতার অভাব কিংবা সামাজিক বঞ্চনার কারণে শ্রমবাজারে প্রবেশ করতে পারছে না।

সরকারের সমাজসেবা অধিদপ্তরের তথ্যে চরম দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগ, গৃহ ও ভূমিহীনতা, মুদ্রাস্ফীতি, রোগ-ব্যাধি ও অশিক্ষার মতো বিষয়কে ভিক্ষাবৃত্তির সঙ্গে সম্পর্কিত কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। একজন মানুষের আয় কমে গেলে কিংবা কাজ হারালে তিনি সরাসরি ভিক্ষাবৃত্তিতে নাও যেতে পারে। প্রথমে সঞ্চয় শেষ হয়, তারপর ধার-দেনা, এরপর সম্পদ বিক্রি, শেষ পর্যন্ত যখন আর কোনো বিকল্প থাকে না, তখন ভিক্ষাবৃত্তি জীবিকার উপায় হয়ে উঠতে পারে। সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতিও বিষয়টি নতুন করে ভাবার দাবি রাখে। বিশ্বব্যাংকের ২০২৬ সালের বাংলাদেশ উন্নয়ন আপডেট বলছে, ২০২৫ সালে বাংলাদেশের জাতীয় দারিদ্র্যের হার আনুমানিক ২১.৪ শতাংশে উঠেছে, যা ২০২২ সালের ১৮.৭ শতাংশের তুলনায় বেশি। একই প্রতিবেদনে উচ্চ মূল্যস্ফীতি এবং নিম্নআয়ের শ্রমিকদের মজুরি বৃদ্ধির তুলনায় জীবনযাত্রার ব্যয় দ্রুত বাড়ার কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ অর্থনীতি বড় হলেও যদি সবার জন্য পর্যাপ্ত, স্থিতিশীল ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান তৈরি না হয়, তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সমাজের সব শ্রেণির মানুষের কাছে সমানভাবে পৌঁছায় না। যার কারণে সমাজের তুলনামূলক গরিবরা আরও গরিবের দিকে ধাবিত হয়। বিশ্বব্যাংকের ২০২৫ সালের Poverty and Equity Assessment এ বলা হয়েছে, ২০১৬ সালের পর বাংলাদেশে দারিদ্র্য কমার গতি ধীর হয়েছে এবং বিপুলসংখ্যক মানুষ দারিদ্র্যে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। সুতরাং, রাস্তায় একজন ভিক্ষুককে শুধু একজন ব্যক্তি হিসেবে দেখলে সমস্যাটির বড় অংশ অদৃশ্য থেকে যায়। তার পেছনে থাকতে পারে একটি বেকার পরিবার, একটি ভেঙে যাওয়া সংসার, একটি নদীভাঙনের ইতিহাস, একটি রোগ, একটি প্রতিবন্ধকতা অথবা একটি ব্যর্থ কর্মসংস্থানের গল্প।

এখন প্রশ্ন হতে পারে, ভিক্ষুকরা সবাই কি প্রকৃত অর্থেই অসহায়? প্রকৃত অসহায় মানুষ যেমন ভিক্ষা করে, তেমনি ভিক্ষাবৃত্তিকে কেন্দ্র করে একটি অনানুষ্ঠানিক অর্থনৈতিক ব্যবস্থাও তৈরি হতে পারে। শিশুদের ব্যবহার করে ভিক্ষা করানো, সংঘবদ্ধভাবে নির্দিষ্ট এলাকায় অবস্থান করা, মানুষের আবেগকে কাজে লাগানো কিংবা প্রতিবন্ধকতাকে আয়ের উপকরণ হিসেবে ব্যবহার করার অভিযোগও বিভিন্ন সময়ে সামনে এসেছে। তাই ভিক্ষাবৃত্তির সমাধান করতে হলে প্রথম কাজ হওয়া উচিত ভিক্ষুকদের শ্রেণিবিন্যাস করা। একজন ৭০ বছরের অসহায় বৃদ্ধ, একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, একজন কর্মক্ষম কিন্তু বেকার যুবক, একজন নদীভাঙনে বাস্তুচ্যুত নারী এবং একজন শিশুকে একই নীতির আওতায় আনলে কার্যকর সমাধান পাওয়া যাবে না। এর মধ্যে শিশুভিক্ষা আরও বড় একটি উদ্বেগ। রাস্তায় সবচেয়ে অস্বস্তিকর দৃশ্যগুলোর একটি হলো শিশুদের ভিক্ষাবৃত্তিতে ব্যবহার। একটি শিশু যখন স্কুলে থাকার বয়সে রাস্তায় ঘুরে ঘুরে টাকা সংগ্রহ করে, তখন শুধু তার বর্তমান নয়, ভবিষ্যৎও ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষা থেকে বিচ্ছিন্ন হওয়া, অপুষ্টি, স্বাস্থ্যঝুঁকি, দুর্ঘটনা, নির্যাতন এবং অপরাধী চক্রের শোষণের আশঙ্কা তৈরি হতে পারে। তাই শিশুদের ভিক্ষাবৃত্তি শুধু দারিদ্র্যের সমস্যা নয় বরং এটি শিশু সুরক্ষা ও মানবসম্পদ উন্নয়নের সমস্যা। এক্ষেত্রে শিশুকে রাস্তা থেকে সরিয়ে শুধু কোনো আশ্রয়কেন্দ্রে রাখা যথেষ্ট নয়। তাকে স্কুলে ফিরিয়ে নেওয়া, পরিবারকে সহায়তা দেওয়া এবং শিশুটিকে পুনরায় ভিক্ষাবৃত্তিতে ঠেলে দেওয়ার অর্থনৈতিক কারণ দূর করা জরুরি।

ভিক্ষাবৃত্তি যদি এভাবে ক্রমান্বয়ে বেড়েই চলে তাহলে বিষয়টি বেশ উদ্বেগের। কেননা, এই ভিক্ষাবৃত্তির ব্যাপকতা সমাজে কয়েক ধরনের সমস্যা তৈরি করতে পারে। প্রথমত, এটি মানবসম্পদের অপচয় ঘটায়। কর্মক্ষম মানুষ যদি উৎপাদনশীল কাজে যুক্ত হওয়ার পরিবর্তে দীর্ঘমেয়াদে ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে অর্থনীতির সম্ভাব্য শ্রমশক্তির একটি অংশ নিষ্ক্রিয় হয়ে যায়। এছাড়াও শিশুশ্রম ও শিশুশিক্ষা থেকে ঝরে পড়ার ঝুঁকি বাড়ে। রাস্তার ভিক্ষাবৃত্তি সড়ক নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে। চলন্ত গাড়ির সামনে গিয়ে টাকা চাওয়া বা যানজটে গাড়ির মাঝখানে শিশুদের ঘোরাফেরা দুর্ঘটনার আশঙ্কা বাড়ায়। এটি নগর ব্যবস্থাপনার ওপর চাপ সৃষ্টি করে। ফুটপাত, রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও পার্কের মতো জনপরিসর যদি দীর্ঘদিন অনিয়ন্ত্রিতভাবে ভিক্ষাবৃত্তির কেন্দ্র হয়ে ওঠে, তাহলে পথচারী চলাচল ও জনসাধারণের স্বাভাবিক ব্যবহার বাধাগ্রস্ত হতে পারে। ভিক্ষাবৃত্তিকে ঘিরে যদি সংঘবদ্ধ শোষণ তৈরি হয়, তাহলে মানবপাচার, শিশুশোষণ কিংবা অন্যান্য অপরাধের ঝুঁকিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার।

ভিক্ষাবৃত্তি বন্ধে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া আবশ্যক যদিও বিষয়টি অতটা সহজ নয়। কারণ, ভিক্ষাবৃত্তি বন্ধে যেমন একজন ভিক্ষুককে রাস্তা থেকে সরিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না। কেননা একজন মানুষকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া এবং তাকে দারিদ্র্য থেকে বের করে আনা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আজ একজন ভিক্ষুককে রাস্তা থেকে সরিয়ে অন্য জায়গায় পাঠানো হলো। কিন্তু তার যদি খাবার, বাসস্থান, চিকিৎসা ও আয়ের ব্যবস্থা না থাকে, তাহলে কয়েকদিন পর সে আবার রাস্তায় ফিরে আসবে। এই কারণে ভিক্ষুকমুক্ত শহর করার আগে প্রয়োজন ভিক্ষাবৃত্তির প্রয়োজনমুক্ত মানুষ তৈরি করা। বাংলাদেশে এ বিষয়ে সরকারি উদ্যোগ অবশ্য নতুন নয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের কর্মসূচি পরিচালনা করছে। সরকারি তথ্য অনুযায়ী ২০১০-১১ অর্থবছর থেকে এ ধরনের কর্মসূচিতে বিভিন্ন সময়ে অর্থ বরাদ্দ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্যও সম্ভাব্য ৪ হাজার উপকারভোগীর কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু দৃশ্যমান তেমন কোন পরিবর্তন হয়েছে কিনা জানা নেই।

সরকারের উচিত প্রথমে জাতীয় ভিক্ষুক ডাটাবেজ তৈরি করা। কতজন ভিক্ষুক, তাদের বয়স কত, কোথা থেকে এসেছে, শারীরিক সক্ষমতা কেমন, পরিবার আছে কি না, তারা কেন ভিক্ষা করছে— এসব তথ্য ছাড়া পরিকল্পনা করা কঠিন। জাতীয়ভাবে একটি ভিক্ষুক ও গৃহহীন ব্যক্তিদের ডিজিটাল নিবন্ধন ব্যবস্থা তৈরি করা যেতে পারে। তবে এটি যেন অবশ্যই সহায়তা দেওয়ার জন্য হয়। কাউকে হয়রানি বা সামাজিকভাবে অপমান কিংবা হেয় করার জন্য না হয় সেদিকে নজর দিতে হবে। ভিক্ষুকদের বিভিন্ন ক্যাটাগরি, যেমন: প্রবীণ ও কর্মক্ষমতাহীন, শারীরিক বা মানসিক প্রতিবন্ধী, রোগাক্রান্ত ও চিকিৎসাপ্রয়োজনীয়, কর্মক্ষম কিন্তু বেকার, শিশু ও কিশোর ইত্যাদি শ্রেণিতে বিন্যাস করা যেতে পারে। প্রতিটি শ্রেণির জন্য আলাদা আলাদা কর্মসূচি প্রয়োজন। যেমন: কর্মক্ষম ভিক্ষুককে কাজ দিতে হবে। কেননা, কর্মক্ষম ব্যক্তিকে শুধু নগদ টাকা দিলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। তাদের জন্য স্বল্পমেয়াদি প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসার পুঁজি, রিকশা/ভ্যান, দোকান, খাবারের ছোট ব্যবসা, হস্তশিল্প, পরিচ্ছন্নতা কর্মী, কৃষিকাজ, স্থানীয় সেবা ইত্যাদির সুযোগ তৈরি করা যেতে পারে। সরকারি পুনর্বাসন কর্মসূচির সঙ্গে স্থানীয় সরকার, এনজিও ও বেসরকারি খাতকে যুক্ত করা যেতে পারে। শুধু ভাতা না দিয়ে একজন দরিদ্র ব্যক্তিকে প্রথম কয়েক মাস নগদ সহায়তা দেওয়া যেতে পারে। পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া এবং শেষে চাকরি বা আত্মকর্মসংস্থানের সঙ্গে যুক্ত করা যেতে পারে।

ভিক্ষুক পুনর্বাসনে ফলোআপ বাধ্যতামূলক করা উচিত। কেউ ১০ হাজার টাকা পেল, একটি দোকান শুরু করল এরপর ছয় মাস পরে দোকানটি আছে কি না, সে আবার ভিক্ষায় ফিরেছে কি না তা পর্যবেক্ষণ করা দরকার। সরকারি প্রকল্পের সাফল্য শুধু কতজনকে টাকা দেওয়া হয়েছে দিয়ে নয়, বরং কতজন স্থায়ীভাবে ভিক্ষাবৃত্তি ছেড়েছে দিয়ে মাপা উচিত। শিশু ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া অতীব জরুরি। শিশুকে ভিক্ষায় ব্যবহার করা হলে শুধু শিশুটিকে উদ্ধার করলে হবে না। তার পরিবারকে চিহ্নিত করতে হবে, পরিবার কেন শিশুটিকে ভিক্ষায় পাঠাচ্ছে তা জানতে হবে এবং প্রয়োজন হলে পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে। একই সঙ্গে শিশুকে স্কুলে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। হাসপাতাল ও মানসিক স্বাস্থ্যসেবার সঙ্গে পুনর্বাসন যুক্ত করতে হবে।

অনেক অসহায় মানুষ দীর্ঘমেয়াদি রোগ, প্রতিবন্ধকতা কিংবা মানসিক সমস্যার কারণে স্বাভাবিক কর্মজীবনে ফিরতে পারেন না। তাদের জন্য চিকিৎসা, প্রতিবন্ধী ভাতা, পুনর্বাসন, কাউন্সেলিং এবং উপযুক্ত কাজের ব্যবস্থা করতে হবে। গ্রাম থেকে ঢাকায় ভিক্ষুকের প্রবাহ কমাতে হবে। ঢাকায় ভিক্ষাবৃত্তি কমাতে হলে শুধু ঢাকার রাস্তা পরিষ্কার করলে হবে না। গ্রাম ও মফস্বলে কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা বাড়াতে হবে। কারণ, মানুষের জীবিকার ভিত্তি যদি নিজ এলাকায় তৈরি হয়, তাহলে রাজধানীতে এসে ফুটপাতে দাঁড়ানোর প্রয়োজন কমবে। সর্বোপরি দানের সংস্কৃতিকে আমাদের নতুনভাবে ভাবতে হবে। এখানে সাধারণ মানুষেরও দায়িত্ব রয়েছে। রাস্তার ভিক্ষুককে টাকা দেওয়া মানবিক মনে হতে পারে। কিন্তু যদি একই পদ্ধতিতে প্রতিদিন টাকা দিয়ে আমরা ভিক্ষাবৃত্তিকে টিকিয়ে রাখি, তাহলে দীর্ঘমেয়াদে সমস্যাটি কমে না। এর পরিবর্তে সরকার বা বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে খাদ্য, চিকিৎসা, পুনর্বাসন ও শিক্ষা সহায়তায় অর্থ দেওয়া অধিক কার্যকর হতে পারে। তবে এর অর্থ এই নয় যে রাস্তায় অসহায় মানুষকে দেখেও আমরা মানবিকতা হারিয়ে ফেলব। মানবিকতা থাকবে, কিন্তু সেই মানবিকতাকে সংগঠিত ও টেকসই করতে হবে।

ঢাকার রাস্তায় একজন ভিক্ষুক আমাদের কাছে হয়তো যানজটের মতোই বিরক্তিকর একটি দৃশ্য। কিন্তু তার কাছে সেটিই হয়তো বেঁচে থাকার শেষ অবলম্বন। একজন বৃদ্ধের হাতে বাড়ানো হাত হয়তো তার সারাজীবনের দারিদ্র্যের ইতিহাস বহন করছে। একটি শিশুর হাতে ধরা বাটি হয়তো একটি পরিবারের অর্থনৈতিক অসহায়তার প্রতীক। আবার কোনো কোনো ক্ষেত্রে সেই বাটির পেছনে থাকতে পারে একটি সংঘবদ্ধ চক্রের ব্যবসা। সরকার যদি সত্যিই ভিক্ষাবৃত্তি কমাতে চায়, তাহলে দরকার সঠিক তথ্য, শ্রেণিভিত্তিক পুনর্বাসন, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, শিশু সুরক্ষা, চিকিৎসা এবং কঠোর কিন্তু মানবিক প্রয়োগব্যবস্থা। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি সমাজ তৈরি করা, যেখানে অসহায় মানুষকে রাস্তায় দাঁড়িয়ে হাত পাততে হবে না বরং রাষ্ট্রীয় সহায়তা, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থানের মাধ্যমে সে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার সুযোগ পাবে।

লেখক: গবেষক ও কলামিস্ট। ajoymondal325@yahoo.com