অন্ধকারে তিন নারী মোবাইলের টর্চ জ্বালিয়ে গোপনে কবর খুঁড়ছেন। প্রতিহিংসার রাজনীতি কতখানি নৃশংস হতে পারে– সে নজির হয়ে রইল ছবিটি। ছবিটি প্রশ্ন তুলেছে, মানিক পশারী কি আদালতে সাক্ষ্য দিয়ে ভুল করেছিলেন?

অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের সেপ্টেম্বরে রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা নামে পরিচিত এক ব্যক্তির মরদেহ কবর থেকে তুলে আগুনে পোড়ানোর ঘটনা ঘটেছিল। সে ঘটনাকে কেন্দ্র করে আবার নুরাল পাগলার অনুসারী ও ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়েছিল। পিরোজপুরের শংকরপাশায় শনিবারের ঘটনায় প্রতিহিংসার প্রদর্শন হলো দাফনের আগেই। চিতালিয়া গ্রামের মানিক পশারীর পরিবারের সদস্যদের অভিযোগ, প্রথমবার কবর খোঁড়ার পর স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সেটি ভরাট করে দেন। পরে রাতে মৃতের মেয়ে ও দুই বোন গ্রাম পুলিশের সহায়তায় মোবাইল ফোনের আলোয় আবার কবর খুঁড়ে দাফনের ব্যবস্থা করেন।

মানিক পশারী একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন। পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক বলেছেন, মানিক পশারী মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন এবং শনিবার স্থানীয় লোকজন তাঁর দাফনে বাধা দিলেও জামায়াতের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি। জেলা জামায়াতের এই নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে জানতে ইচ্ছে করছে, পিরোজপুরের শংকরপাশার জামায়াত সমর্থকরা কি বহিরাগত? কারা হামলা করতে পারত মানিক পশারীর দাফন স্বাভাবিক প্রক্রিয়ায় সম্পন্ন হলে? তাই তাঁর বক্তব্যের সত্যতা পরবর্তী সময়ে সাজানো রাজনৈতিক বয়ান বলেই মনে করা যায়। যে সমাজে মৃত্যুও রাজনৈতিক প্রতিহিংসা থামাতে পারে না, সেই সমাজ নিয়ে কি আর মানুষের অনেক প্রত্যাশা অবশিষ্ট থাকতে পারে?

সংবাদে উঠে আসা অভিযোগ অনুযায়ী, ঘণ্টার পর ঘণ্টা মানিক পশারীর মরদেহ বরফ ছাড়াই অ্যাম্বুলেন্সে পড়ে ছিল। পরিবারের পুরুষ সদস্যদের ওপর হামলা ও মারধরের অভিযোগও রয়েছে। স্থানীয় মানুষের মধ্যে ভয়ভীতি ছড়িয়ে জানাজা ও দাফনে অংশ নেওয়া থেকে বিরত রাখার অভিযোগ উঠেছে। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতা চাইলেও তারা যথাযথ সহায়তা পাননি বলে অভিযোগ রয়েছে। মানিক পশারীর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এই বচসা দেখে সমকালের পিরোজপুরের প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, স্থানীয়রাই জানিয়েছেন, মুক্তিযুদ্ধের সময় মানিক পশারী মূলত মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতেন। নৌকায় তাদের সুন্দরবনে প্রশিক্ষণ দিতে নিয়ে যেতেন আবার নিয়ে আসতেন। এবং কখনও কখনও রসদ পৌঁছে দেওয়ার কাজও করতেন। শংকরপাশা ইউনিয়নের কাছ দিয়ে গেছে বলেশ্বর নদ। সেখানে বহু মানুষ জীবিকার প্রয়োজনে নদ ও সাগরে মাছ ধরেন। এই নদ দিয়ে পৌঁছাতে হয় সুন্দরবনে। তবে তাঁর মুক্তিযোদ্ধা পরিচয় সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া উচিত সংশ্লিষ্ট নথি, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে। কিন্তু তিনি যদি পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হয়েও থাকেন; রাষ্ট্র তার নাগরিকের মৃত্যু-পরবর্তী অধিকারটুকু রক্ষা করতে পারেনি– এবার তা প্রমাণিত।

মানুষের মৃত্যুর পর তাঁর পরিবারের কাছে জানাজা ও দাফন শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়। এসব নিয়ম মৃত ব্যক্তির মর্যাদা রক্ষার বিষয়ও। বাবার মৃত্যুর পর শোকগ্রস্ত কন্যার যখন জায়নামাজে বসে দোয়া করার কথা, তখন তাঁকে নামতে হয়েছে গোপনে কবর তৈরির কাজে। ভাইয়ের শেষ বিদায়ে পাশে থাকার কথা যে বোনদের, তাদের হাতে তুলে নিতে হয়েছে কোদাল। শংকরপাশা ইউনিয়নের যারা প্রথমবার কবর খুঁড়তে এসেছিলেন, তারা আর ভয়ে আসেননি। কেননা, তারা দেখেছেন সেই কবর মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়েছে।

কোনো ব্যক্তি রাজনৈতিকভাবে বিতর্কিত হতে পারেন। কোনো মামলায় তাঁর ভূমিকা নিয়ে মতভেদ থাকতে পারে। তাঁর অতীত কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন উঠতে পারে। কিন্তু রাষ্ট্রের আইনি কাঠামোকে পাশ কাটিয়ে রাজনৈতিক শক্তি দিয়ে কোনো ব্যক্তির শেষ বিদায়ের পথ রুদ্ধ করার চেষ্টা গ্রহণযোগ্য হতে পারে না। একটি রাজনৈতিক বিরোধ কীভাবে স্থানীয় পর্যায়ে নাগরিকের অধিকার ও পরিবারের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে, এই ঘটনা তারই উদ্বেগজনক উদাহরণ।

যে রাজনীতি মৃত মানুষের শেষ বিদায়ও কেড়ে নিতে চায়; আর যে রাষ্ট্র নাগরিকের এই ন্যূনতম মর্যাদা নিশ্চিত করতে পারে না; সেসবের জবাবদিহি কে নিশ্চিত করবে? ২০২৫ সালের সেপ্টেম্বরে ‘তৌহিদী জনতা’ এবং ‘ইমান ও আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে এক দল মানুষ গোয়ালন্দে কবরে থাকা ১২ দিনের মরদেহ তুলে পুড়িয়েছিল। ২০২৬ সালের ২৪ অক্টোবর পিরোজপুরে মানিক পশারীর মরদেহ কবরের জায়গা না পেয়ে পড়ে রইল সারাদিন ধরে। রাতের আঁধারে বাড়ির নারীরা গোপনে কবরস্থ করলেন। এ দেশে মৃত্যুর পরও মানুষের অধিকার নিরাপদ নয়– তা আবারও প্রমাণ হলো। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধীর বিরুদ্ধে মানিক পশারী আদালতে সাক্ষ্য দিয়ে ভুল করেছিলেন কিনা– প্রশ্ন দিয়ে লেখা শুরু করেছিলাম। এখন আরও একটি প্রশ্ন জাগছে মনে। কোনো বড় শক্তির বিরুদ্ধে আদালতে কথা না বলাই যদি শ্রেয় হয়, তাহলে চব্বিশের আন্দোলনের পর আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে যারা আদালতে সাক্ষী দিয়েছেন, তারাও কি ভবিষ্যতে নিরাপদ? রাজা যায়, রাজা আসে এবং মানুষের মৃত্যু অবধারিত– সে কথা সবার জন্যই প্রযোজ্য। কোনো সভ্য সমাজে কোনো পরিস্থিতিতেই মানুষের শেষ বিদায়ের সম্মান কেড়ে নেওয়ার মতো বর্বরোচিত ঘটনা ঘটতে পারে না। কেমন সমাজে জীবন যাপন করছি আমরা, তা নিরিখের মানদণ্ড এসব ঘটনা।

সাদিয়া মাহ্জাবীন ইমাম: সহকারী সম্পাদক, সমকাল