অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কোন সিদ্ধান্তে কোন উপাদান থাকবে, কোনটি থাকবে না, তা নির্ধারণ করে দেয় আমলাতন্ত্রের প্রভাবশালী অংশ। এ ক্ষেত্রে শুধু তাদের গোষ্ঠীস্বার্থ নয়, বরং রাজনৈতিক স্বার্থেরও প্রতিফলন ঘটে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কারবিমুখতা শীর্ষক এক সংবাদ সম্মেলনে টিআইবি এক পর্যবেক্ষণ উপস্থাপন করে। এতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব অধ্যাদেশ প্রণীত হয়েছে, তার মধ্যে দু-একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সব ক্ষেত্রে, বিশেষ করে আমলাতন্ত্রের প্রভাবশালী মহলের অন্তর্ঘাতমূলক অপশক্তির কাছে সরকার নতি স্বীকার করেছে। \r\nসরকার সার্বিকভাবে আইন প্রণয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রত্যাশিত স্বচ্ছতা ও স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশের চর্চার উদাহরণ সৃষ্টি করতে পারেনি। ফলে লক্ষ্যভ্রষ্ট হয়েছে সংস্কার কার্যক্রম। টিআইবির পর্যবেক্ষণ অনুযায়ী, সত্যিই যদি শক্তিধর আমলাদের অদৃশ্য ছায়া দায়িত্বপ্রাপ্ত কিংবা নির্বাচিত রাজনৈতিক কাঠামোর বদলে অদৃশ্য আমলাতান্ত্রিক শক্তির হাতে ন্যস্ত থাকে, তবে তা রাষ্ট্রের গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত করবে, যা দেশের মানুষের জন্য উদ্বেগজনক। স্বাধীন বাংলাদেশে আমলাতন্ত্রের বাড়বাড়ন্তে ভূমিকা রেখেছে এক শ্রেণির ক্ষমতালোভী অসাধু রাজনৈতিক দুষ্টচক্র। উভয়ের যোগসাজশে জনগণের ক্ষমতায়ন হয়েছে সুদুর পরাহত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সংবিধান অনুযায়ী জনপ্রতিনিধিদের হাতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকার কথা ছিল।