গত ১৮ ডিসেম্বর মধ্যরাত থেকে শুরু হওয়া তাণ্ডব আপাতদৃষ্টিতে শুধু প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট বা উদীচীর ওপর উগ্রপন্থিদের আকস্মিক হামলা মনে হলেও এটা আসলে দীর্ঘকালের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রক্রিয়ার প্রতিফলন। বস্তুত এই পরিস্থিতির বীজ বপন করা হয়েছিল স্বাধীনতা অর্জনের বছর দুয়েকের মাথায়। পরবর্তী প্রায় পাঁচ দশক ধরে ক্ষমতাসীন রাজনৈতিক, সামাজিক ও আমলাতান্ত্রিক পরোক্ষ-প্রত্যক্ষ প্রণোদনা ও সহায়তায় তা বিষবৃক্ষে পরিণত হয়েছে। মুক্তবুদ্ধিবৃত্তিক, প্রগতিশীল রাজনৈতিক-অরাজনৈতিক ব্যক্তি ও সংগঠনগুলোর বিভ্রান্তি, বিভেদ, বিশৃঙ্খলা, বিভক্তি এতে সহায়ক হিসেবে কাজ করেছে; সংস্কৃতি ও সংবাদমাধ্যমবিরোধী আগ্রাসনকেই উৎসাহিতই করেছে!
স্বাধীনতার পরপরই নতজানু রাষ্ট্র
মুক্তিযুদ্ধের চেতনায় কুঠারাঘাত করে স্বাধীনতাপ্রাপ্তির পরপরই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিভিন্ন দাবির কাছে নতি স্বীকার করে নাগরিক অধিকার খর্ব করা হতে থাকে। ধর্ম-শ্রেণি-বিশ্বাস নির্বিশেষে বাংলাদেশ রাষ্ট্র সব নাগরিকের– সেটা অগ্রাহ্য করে কাউকে কাউকে প্রায় এক কাপড়ে নির্বাসনেও পাঠানো হয়। সংবিধানের কোনো স্তম্ভই তখন বাকস্বাধীনতা ও বিশ্বাসের স্বাধীনতার নিশ্চয়তা দিতে পারেনি। বরং বলা যায়, সদ্য স্বাধীন রাষ্ট্রটি সংবিধানে ঘোষিত ধর্মনিরপেক্ষতার সাংবিধানিক বাধ্যবাধকতার তোয়াক্কা না করে ধর্মকে রাষ্ট্রীয় ও সামাজিক জীবন থেকে পৃথক রাখার অঙ্গীকার ভঙ্গ করতে শুরু করে। একই সময় সাংস্কৃতিক সংগঠন ও সংবাদমাধ্যমের ওপরেও শুরু হয় রাষ্ট্রীয় ও বিরাষ্ট্রীয় হস্তক্ষেপ এবং পরোক্ষ-প্রত্যক্ষ আক্রমণ। প্রগতির লেবাসে স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্বহীনতা আরও স্পষ্ট হয় যখন প্রগতিশীল কিন্তু ভিন্নমতের সাংস্কৃতিক কর্মীদের ওপর রাষ্ট্রের মদদে রাজনৈতিক হামলা সংঘটিত হয় স্বাধীনতার চার বছরের মাথায়। পরবর্তী সময়ে আশি ও নব্বইয়ের দশকে ক্ষমতা কুক্ষিগত করে রাখার লোভে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন রাজনৈতিক-অরাজনৈতিক, সামরিক-আধাসামরিক শক্তি ক্রমাগত প্রতিক্রিয়াশীল শক্তিকে লালন-পালনের পাশাপাশি প্রগতিশীলতা ও সাংস্কৃতিক তৎপরতার ওপর আগ্রাসন প্রতিহত করতে পদক্ষেপ গ্রহণে ঔদাসীন্য দেখাতে থাকে। এর ফলে সাংস্কৃতিক অনুষ্ঠানেও আত্মঘাতী বোমা হামলার মতো ঘটনা ঘটে।
উপেক্ষিত সাংস্কৃতিক আন্দোলন
সংস্কৃতি সংহত করার আন্দোলনকে গান-বাজনা, নাটক করার মধ্যে সীমাবদ্ধতা দেওয়ার এক বিভ্রান্তি ১৯৪৮ সাল থেকে শুরু হয়। পঞ্চাশ ও ষাটের দশকের স্বাধিকার আন্দোলন এবং পরে স্বাধীনতা সংগ্রামের সময়ও এই ধারা চালু থাকে। রাজনৈতিক সংগ্রামে সাংস্কৃতিক আন্দোলনের গুরুত্ব কিছু বিশেষ সময় ছাড়া বারবারই উপেক্ষিত হয়ে আসছে। জনগণতান্ত্রিক মতবাদে বিশ্বাসী প্রগতিশীল রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকরা পরিষ্কার করে বলেছেন, সর্বজনীন সংস্কৃতিচর্চা তথা সাংস্কৃতিক আন্দোলন রাজনৈতিক সংগ্রামের ক্ষেত্র তৈরি করে; উদ্দীপনা জোগায়। সর্বজনীন সাংস্কৃতিক চর্চা পরিণত অবস্থায় পৌঁছালে রাজনৈতিক আন্দোলনকেও পরিণতিতে পৌঁছায় ও সংহত করে। কিন্তু বাস্তবে আমরা দেখি, সঠিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অভাবে সাংস্কৃতিক সংগ্রাম ক্রমাগত অবহেলিত হয়েছে। ফলে প্রত্যক্ষ রাজনৈতিক আন্দোলন পরিণতিতে পৌঁছালেও তা সংহত হয়নি। নানা সংঘাতময় ঘটনা, অভিজ্ঞতা ও উপলব্ধির যুগপৎ প্রভাব জনগণের চেতনা ও জীবনকে আলোড়িত করছে ও চিন্তাধারা বদলে দিচ্ছে; কিন্তু প্রবহমান সাংস্কৃতিক আন্দোলনের অনুপস্থিতিতে সেই পরিবর্তিত চেতনাজগৎকে সংহত করা যায়নি। বরং এমন সুযোগ বারংবার হাতছাড়া করছে প্রগতিশীল রাজনৈতিক শক্তিগুলো। আর সেই শূন্যতা পূরণ করতে ও জনগণের পরিবর্তিত উপলব্ধির ভঙ্গুর অবস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহারে মরিয়া হয়ে চেষ্টা করছে প্রতিক্রিয়াশীল শক্তিগুলো; দেশীয় সংস্কৃতির ওপর ফ্যাসিবাদী আগ্রাসনের মাধ্যমে।
বিভক্তি-বিভ্রান্তির বেড়াজাল
বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই সংগঠিতভাবে সাংস্কৃতিক মুক্তির সংগ্রামকে পরিপূর্ণতা দেওয়ার পরিবর্তে বিভেদ, বিভক্তি ও বিভ্রান্তির ঘূর্ণিপাকে নিমজ্জিত হতে শুরু করে সাংস্কৃতিক আন্দোলনের কর্মীরা। ফলে সংস্কৃতিবিরোধী আগ্রাসন প্রতিরোধের সুনির্দিষ্ট লক্ষ্যে পরস্পর জোট বাঁধার পরিবর্তে সাংস্কৃতিক আন্দোলনের শক্তিগুলো নিজেদের তৈরি ঘেরাটোপে ঢুকে যায়। জনগণের জীবনাচরণ থেকে প্রতিনিয়ত উপাদান সংগ্রহ ও যথাযথভাবে ব্যবহার করার চাইতে আত্মতুষ্টিতে বাহবা কুড়াতে ব্যস্ত হয়ে পড়ে বিভক্ত সাংস্কৃতিক সংগঠনগুলো। ফলে তারা বেশির ভাগ সময় সঠিকভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়– আর্থসামাজিক ও রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের চিন্তাধারা বদলে যাচ্ছে; তাদের রুচি, অভ্যাস, চেতনা বদলে যাচ্ছে। জনগণের চেতনাগত এই পরিবর্তনকে সংহত করার জন্য কবিতা, নাটক, সিনেমা, শিল্পকলা ইত্যাদির মাধ্যমে যে ধরনের প্রভাব বিস্তার করা প্রয়োজন তা করতে ব্যর্থ হয় খণ্ডিত শক্তির সাংস্কৃতিক মুক্তির সংগ্রাম। সেই সঙ্গে কিছু কিছু অংশ ব্যক্তিস্বার্থে জনগণের সংস্কৃতির অবস্থান্তরে ভূমিকা রাখার ঐতিহাসিক দায়িত্ব পালন জলাঞ্জলি দিয়ে সরাসরি রাজনৈতিক শক্তির তাঁবেদার হয়ে পড়ে। তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হয় গুটিকয় রাজনৈতিক নেতৃত্বের বীরত্ব, সাহস ও সংগ্রামকে প্রচার করা। জনগণের সাহস ও সংগ্রামের ইতিহাসকে উপেক্ষা করার এই ভ্রান্ত চেষ্টার ফসল কূটকৌশলী স্বার্থান্বেষী রাজনৈতিক শক্তি জনগণের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে দেয় ও প্রভাব বিস্তার করতে চায়। ফলে আত্মমর্যাদা, স্বদেশপ্রেম বা নতুন জীবনবোধ বদলে কূপমণ্ডূকতা জনগণের চেতনাকে আচ্ছন্ন করে ফেলে এবং প্রতিক্রিয়াশীলদের প্রলোভনের সহজ শিকারে পরিণত করে।
করণীয়
পাঁচ দশক ধরে সাংস্কৃতিক সংগঠন ও বুদ্ধিজীবীরা একে অন্যকে অমুকের দালাল, তমুকের তাঁবেদার ইত্যাদি বলে যে বিভাজনে লিপ্ত হয়েছেন; নিজেদের অন্যদের লেখা বা শিল্পকর্মকে জানা থেকে দূরে রেখে কূপমণ্ডূকতারই পরিচয় দিচ্ছেন। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সব বিভাজন দূরে ঠেলে সাংস্কৃতিক মুক্তির সংগ্রামে সক্রিয় ও নিষ্ক্রিয় সব সংগঠনের জোটবদ্ধতা! সেই সঙ্গে সংস্কৃতির শত্রুদের সম্পর্কে ওয়াকিবহাল ও সতর্ক থাকা। প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর প্রক্রিয়াগুলো গভীরভাবে বুঝতে হলে তাদের সংস্কৃতিবিরোধী রূপ ভালোভাবে জানা ও অধ্যয়ন করা প্রয়োজন। সংস্কৃতির ওপর আগ্রাসনকারী অপশক্তির কৌশল সম্পর্কে গভীরভাবে না জানলে তাদের পরাভূত করা কোনোমতেই সম্ভব নয়। এই যুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ, সংগঠিত ও সম্পৃক্ত করতে হলে সংঘবদ্ধভাবে তাদের মাঝে পৌঁছাতে হবে। তাদের মধ্যে প্রতিক্রিয়াশীলদের আগ্রাসন ও নির্যাতনের বিরুদ্ধে সাহসের সঙ্গে রুখে দাঁড়ানোর চেতনা জাগাতে হবে। তাদেরকে জীবন ও সমাজ জানতে ও বুঝতে উৎসাহিত করতে হবে।
যদি সম্মিলিতভাবে সাধারণ জনগণের মাঝে স্বদেশপ্রেম, আগ্রাসন প্রতিরোধী ভ্রাতৃত্ববোধ, উন্নত জীবন ও উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন জাগিয়ে তোলা যায় তাহলেই সম্ভব হবে সংস্কৃতির ওপর আগ্রাসনকারীর চেতনাগত উপনিবেশায়নের খপ্পর থেকে জনগণকে মুক্ত করা। আগ্রাসন প্রতিরোধী যুদ্ধে সাংস্কৃতিক মুক্তির আন্দোলনকারীদের পাশে পাওয়া। স্বাধীন ও প্রগতিশীল সংবাদমাধ্যম এবং রাজনৈতিক শক্তিগুলোর সহাবস্থান এই যুদ্ধে জয়ী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানই পালন করবে না শুধু, বরং জনগণকে সাংস্কৃতিক আন্দোলনের গুরুত্ব সম্পর্কে আরও বেশি প্রভাবিত ও সচেতন করবে!
শশাঙ্ক সাদী: লেখক ও সাংস্কৃতিক কর্মী; নিবন্ধের মতামত ব্যক্তিগত; প্রতিষ্ঠানের নয় shashankas@gmail.com
